কাজ শুরুর আগেই টাকা তুলে নিয়েছেন চেয়ারম্যানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় দ্বিতীয় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি-২) কাজ শুরুর আগেই ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রকল্প বাস্তবায়নের জন্য কমিটি গঠন না করে এবং প্রকল্প দাখিল ও অনুমোদন ছাড়াই তাঁরা টাকা তুলে নিয়েছেন। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বিশ্বব্যাংকের অর্থসহায়তায় এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের জন্য স্থানীয় সরকার সহায়তা প্রকল্প গত ২০০৬ সাল থেকে চালু আছে। প্রকল্পের অর্থায়ন করছে বিশ্বব্যাংক। বছরে দুবার এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে প্রকল্প নিয়ে প্রতি বছরই দুর্নীতি হয় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।
জানা গেছে, ২০১৩-২০১৪ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা গত ১০ জুন ব্যাংকে জমা হয়। নিয়ম অনুসারে ওই টাকা দিয়ে সরাসরি কিংবা দরপত্র বা বিজ্ঞপ্তি আহ্বান করে প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। তবে তার আগে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার বিধান রয়েছে। এসব নীতিমালা না মেনেই নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন।
বিধান অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রতিটি ওয়ার্ডের পাঁচ শতাংশ ভোটারের উপস্থিতিতে সভা করে সাত সদস্যবিশিষ্ট প্রকল্প কমিটি গঠন করবেন। এরপর প্রকল্প প্রস্তাব পাঠাতে হবে উপজেলা পরিষদে। উপজেলা পরিষদের অনুমোদন পেলে এবং প্রকল্পের তদারক কমিটি কাজে সন্তুষ্ট হলেই টাকা পরিশোধ করা যাবে।
সোনালী ব্যাংক আনোয়ারা শাখার গত তিন বছরের হিসাব বিবরণী প্রথম আলোর হাতে এসেছে। হিসাব বিবরণীতে দেখা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে গত ১০ জুন এলজিএসপি-২ প্রকল্পের টাকা জমা হয়। এর মধ্যে আনোয়ারার বৈরাগ ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে জমা হয় আট লাখ ২৭ হাজার টাকা। তবে বর্তমানে জমা আছে পাঁচ লাখ ২৭ হাজার টাকা। রায়পুর ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে নয় লাখ ৩৫ হাজার ২১৪ টাকা জমা হলেও বর্তমানে আছে ৮ হাজার ৩১০ টাকা। জুঁইদণ্ডী ইউপির হিসাবে পাঁচ লাখ ৫৪ হাজার ৫৫৪ টাকা জমা হলেও এখন আছে মাত্র ২০০ টাকা, পরৈকোড়ার হিসাবে ছয় লাখ নয় হাজার ২৫৮ টাকার স্থলে জমা আছে চার হাজার ২০০ টাকা ৭৫ পয়সা, বরুমচড়ার হিসাবে ছয় লাখ ৩২ হাজার ৮৪৯ টাকার বিপরীতে জমা আছে ৭৬ হাজার ৭২৫ টাকা, বারখাইন ইউনিয়নের হিসাবে সাত লাখ ৯৬ হাজার ৩৮২ টাকার স্থলে আছে ৮৮ হাজার ৯৮১ টাকা, আনোয়ারা সদর ইউনিয়নের হিসাবে চার লাখ ছয় হাজার ৩৮৭ টাকার বিপরীতে আছে ৩৯ টাকা, বটতলী ইউনিয়নের হিসাবে ছয় লাখ ৮১ হাজার ৪৭৮ টাকা জমা হলেও এখন আছে মাত্র ১৩৬ টাকা এ ছাড়া হাইলধর ইউনিয়নের সাত লাখ ২২ হাজার ৩২৪ টাকার মধ্যে জমা আছে চার লাখ ২৩ হাজার ৫৬৫ টাকা।
তবে চাতরীর ইউনিয়নের হিসাবে পাঁচ লাখ ৯১ হাজার ৯৪২ টাকার মধ্যে পাঁচ লাখ ১৪ হাজার ৩৩ টাকা জমা রয়েছে। আর টাকা তোলা হলেও আগের হিসাবের সঙ্গে সমন্বয় হওয়ায় প্রাপ্ত টাকার চেয়ে বেশি জমা আছে বারশত ইউপির হিসাবে। বারশত ইউপি সাত লাখ ৮৮ হাজার ১০৩ টাকা পেলেও জমা আছে সাত লাখ ৯৫ লাখ ৩৬৭ টাকা।
আনোয়ারা উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ১৬ জুলাই এলজিএসপি-২ প্রকল্প নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে। ওই দিন পর্যন্ত তাঁরা প্রকল্প প্রস্তাব জমা দিতে পারেননি। এমনকি প্রকল্প বাস্তবায়নের জন্য কমিটিও গঠন করেননি।
এ ব্যাপারে রায়পুরের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল জব্বার তালুকদার বলেন, ‘এলজিএসপি নিয়ে ইউনিয়নের চেয়ারম্যানরা দীর্ঘদিন ধরেই দুর্নীতি করছেন। এ ব্যাপারে তাঁরা আমাদের সঙ্গে কোনো পরামর্শ করেন না।’
আনোয়ারা সদরের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ টাকা তুলে নেওয়া প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আসলে ভুলে এমনটি হয়েছে। আগেও আমরা এভাবে টাকা তুলে কাজ করেছিলাম। তবে আমার পরিষদে যথাযথভাবে প্রকল্পের পেছনে টাকা ব্যয় করা হয়।’
জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, প্রকল্প কমিটি গঠন না করে, উম্মুক্ত সভা না ডেকে এমনকি প্রকল্প দাখিল ও অনুমোদন না করেই টাকা তুলে নেওয়া হয়েছে। এটা ঠিক হয়নি। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা চোখে পড়েনি। নিয়ম মেনে কাজ করার জন্য সবাইকে বলা হলেও কেউ সেটা আমলে নেননি।