কাজ শেষ না করে ঠিকাদার লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের মেরামতকাজ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। ইতিমধ্যে ঠিকাদার কাজ শেষ না করে লাপাত্তা হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে নতুন ভবনে মেরামতের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ৫০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রের পুরোনো ভবন মেরামতের জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রথম দফায় নয় লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেয়। কাজের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস আজম।
পরে এপ্রিল মাসে নতুন ভবন মেরামতের জন্য আরও সাত লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রমিজ ফাউন্ডেশন অ্যান্ড কনস্ট্রাকশন। কার্যাদেশ অনুযায়ী ভবনের মেঝে ঢালাই, দরজা-জানালা সংস্কার ও ভবনের ভেতরে-বাইরে রং করার কথা। কাজ শেষ করার কথা আগস্ট মাসের মধ্যে। কিন্তু নামমাত্র কাজ করে গত ৮ জুন থেকে ঠিকাদার লাপাত্তা হয়ে গেছেন।
১৬ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, নতুন ভবনের ১৩টি দরজার চৌকাঠ পরিবর্তন করা হয়েছে। ভবনের ভেতরে-বাইরে কোনো রং বা মেঝে ঢালাইয়ের কাজ হয়নি। ঠিকাদারের কোনো লোকজনকেও দেখা যায়নি স্বাস্থ্যকেন্দ্রে। তবে পর্যবেক্ষণে ভবনের ভেতরে-বাইরে মেঝেতে ঢালাই করার মতো খারাপ অবস্থাও দেখা যায়নি।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, নতুন ভবন মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গত এপ্রিলে সাত লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।
কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দরজা-জানালার চৌকাঠের কিছু কাজ করেছেন, যা ১৫-২০ হাজার টাকার বেশি হবে না। গত জুন মাস থেকে ঠিকাদারের দেখা আর মেলেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এখানে কিছু দরজা-জানালা ছাড়া এত টাকা খরচ করে মেঝে ঢালাই বা রং করানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকদের মতে, সংশ্লিষ্ট বিভাগের লোকজন প্রতিবছর তেমন প্রয়োজন ছাড়াই মেরামতের নামে অর্থ বরাদ্দ করান। পরে ঠিকাদারের সঙ্গে যোগসাজশে নামমাত্র কিছু কাজ করিয়ে বাকি টাকা ভাগ-বাঁটোয়ারা করেন। এ নিয়ে কথা বলার জন্য ঠিকাদারের পক্ষে দায়িত্ব পালনকারী স্বপন বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘ঠিকাদার আমাকে যে টাকা দিয়েছেন এবং যেটুকু কাজ করতে বলেছেন আমি ততটুকু করেছি। এর বেশি কিছু আমি বলতে পারব না।’ ঠিকাদারের নাম-ঠিকানাও তিনি বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (কক্সবাজার-বান্দরবান) সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোরশেদুল আলম বলেন, কাজ শুরু করে যথাসময়ে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে ইতিমধ্যে তিন বার নোটিশ দিয়েও কাজ হয়নি। তাই ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বাকি কাজ করার জন্য পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
বিনা প্রয়োজনে মেরামত কাজের নামে অর্থ বরাদ্দ করিয়ে ভাগ-বাঁটোয়ারা করা হয়—এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ মোরশেদুল আলম বলেন, ভাগ-বাঁটোয়ারার অভিযোগ সঠিক নয়। আসলে মেঝে ছাড়াও অনেক সময় নালা, গাইডওয়াল, সিঁড়ি ইত্যাদি ভেঙে যায়। বরাদ্দ পাওয়া অর্থ থেকে জরুরি ভিত্তিতে ওই সব মেরামতের কাজও সারতে হয়।