কাজও বাড়িতে!
সময়ের তালে তালে সবকিছুতেই চলে এসেছে পরিবর্তনের ধারা। কাজের ধরন বদলের হাওয়া এসে লেগেছে কর্মক্ষেত্রে। এমন অনেকেই আছেন, যাঁরা স্বাধীনচেতা। সৃজনশীল নানা কাজের সঙ্গে সম্পৃক্ত। যেখানে বসবাস করছেন, সেখানেই একটি আলাদা ঘর বানিয়ে ফেলেছেন নিজের কর্মক্ষেত্র। আবার এমনও অনেকে আছেন, যাঁদের সামর্থ্য নেই একটি আলাদা জায়গায় নিজের প্রতিষ্ঠান তৈরি করার, তাঁরা নিজের বাড়ির একটি কক্ষ পরিপাটি করে সাজিয়ে সেটিকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোয় দাঁড় করিয়েছেন। নানা সুবিধার কথা বিবেচনা করে এখন অনেকেই এভাবে বসবাসের স্থানটাকে কাজের জায়গা হিসেবেও ব্যবহার করছেন।আমাদের দেশে বাড়িতে অফিস ধারণাটি ব্যাপকভাবে প্রচলিত না হলেও বিশ্বজুড়ে বিষয়টি অনেক আগে থেকেই চলে আসছে। ইংরেজিতে কাজের এ জায়গাকে বলে SOHO (সোহো), পুরো মানে স্মল অফিস হোম অফিস। সোহো নির্ভর করে কাজের ধরনের ওপর। কাজটা যদি এমন হয় যে স্বল্প পরিসরে করা যাবে, তবে সোহো তো আদর্শই।এর জন্য ইচ্ছাটাই যথেষ্ট।সোহো কী?ইন্টারনেট ঘেঁটে জানা যায়, সোহো হচ্ছে এমন একটি বাড়ি, যেখানে একই সঙ্গে রয়েছে একটি ছোট্ট প্রতিষ্ঠান। ঊনবিংশ শতকের আগে যখন শিল্প বিপ্লব ঘটে, তখন এ ধারণার জন্ম হয়। বিভিন্নভাবে মানুষ নিজের বাড়িতে ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে। সাধারণত বাড়িতে গড়া একটি প্রতিষ্ঠান, যেখানে এক থেকে দশজন একসঙ্গে কাজ করতে পারে, এমন একটি অবস্থাই হলো সোহো। ধীরে ধীরে সোহোর ধারণাটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে।নিজের বাড়িতেই নিজের প্রতিষ্ঠান!যে বাড়িতে থাকা, সে বাড়িতেই একটি আলাদা কক্ষ পরিপাটি করে সাজিয়ে গড়ে তোলা যায় নিজের মনমতো একটি প্রতিষ্ঠান। এর সুবিধাও আছে অনেক। বাড়িতেই গড়েছেন প্রতিষ্ঠান, এমনই এক দম্পতি হলেন বি এম মুনির ও সারওয়াৎ জাবীন। তাঁরা দুজনই স্থপতি। বি এম মুনির বলেন, নিজের বাড়িতে প্রতিষ্ঠান করার বেশ কিছু সুবিধা রয়েছে। এতে যেমন অন্যত্র যাওয়ার ঝক্কিঝামেলা নেই, তেমনি কাজ করার স্বাধীনতাও পাওয়া যায়। একটি জরুরি কাজের কথা মনে হলে অতি সহজেই তা সেরে ফেলা যায়। এতে সময়ও বাঁচে, আবার বাড়তি চিন্তা থেকেও রেহাই মেলে। তিনি আরও জানান, বাড়িতেই অফিস থাকার সুবাদে রাত বা দিন যেকোনো সময়েই সুবিধামতো কাজের সুযোগ পাওয়া যায়। নিজের বাড়িতেই একটি অফিস খুলে বসেছেন ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা সাইদুর রহমান। তিনি জানান, বিভিন্ন স্থান থেকে কম্পিউটারের কম্পোজ বা বিভিন্ন পত্রিকা তৈরি করে দেওয়ার ফরমায়েশ পান তিনি। নিজের বাড়িতে আলাদা একটি ঘরে এই কাজগুলো তিনি পরিচালনা করেন। এর জন্য আরও দুজন তাঁর সঙ্গে কাজ করেন। বাসায় অফিস হওয়ায় কাজের চাপ যখন বেশি থাকে, তখন অনেক রাত হলেও বাসায় ফেরার দুশ্চিন্তা থাকে না। তাই নিশ্চিন্তে কাজ করা যায়। বইয়ের প্রচ্ছদ, কম্পিউটারে ডেটা এন্ট্রিসহ কম্পিউটারের বিভিন্ন কাজ করেন ঢাকার কদমতলীর বাসিন্দা আলমগীর হোসেন। নিজের বাড়িতেই একটি ছোট আকারের প্রতিষ্ঠান বানিয়ে এসব কাজ করছেন তিনি। ‘বাড়িতেই এই প্রতিষ্ঠান বলে মাস শেষে বাড়তি কোনো টাকা গুনতে হয় না আর কাজও করা যায় নিজের স্বাধীনতায়। এ জন্যই মূলত বাড়িতে প্রতিষ্ঠান খুলেছি।’ বলেন আলমগীর হোসেন।শুরু করতে চাইলেআলাদা করে প্রতিষ্ঠান চালু করতে আপনাকে একসঙ্গে অনেক পুঁজি খাটাতে হবে। কিন্তু সে তুলনায় নিজের বাড়িতে একটি প্রতিষ্ঠান চালু করতে তার চেয়ে বেশ কম পুঁজি বিনিয়োগ করলেই চলবে। শুরুতে কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। সবচেয়ে জরুরি বিষয় হলো, সম্পূর্ণ আলাদা একটি ঘর। যেখানে সহজে আলো-বাতাস আসে। আর ঘরটি যেন হয় সামনের দিকে। যেখান থেকে আপনার পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো দেখা যাবে না। আর রাস্তার ধারে বাড়ি হলে প্রতিষ্ঠান গড়ে তোলার একটি বাড়তি সুবিধা পাওয়া যাবে। ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সেখানে একটি টেবিল, বসার জন্য কিছু চেয়ার, ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রকযন্ত্র, লাইট, কম্পিউটার, প্রিন্টার ও একটি সেল্ফ দরকার পড়বে। যোগাযোগ রাখার জন্য একটি টেলিফোন থাকলে ভালো হয়। এ ছাড়া এই যুগে তো ইন্টারনেট সংযোগ লাগবেই।দেয়ালে আঁকা ছবি বা আলোকচিত্র টাঙিয়ে দিতে পারেন। ঘরের শোভা বাড়বে। তবে একটি বিষয় সব সময় মনে রাখতে হবে, প্রতিষ্ঠানের ভেতরটা যেন সব সময় গোছালো, পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়। এতে আপনার অফিসে আসা গ্রাহক বা অতিথিদের মধ্যে একটা ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। এভাবে নিজের বাড়িতেই গড়ে তোলা যায় একটি প্রতিষ্ঠান ও নিজের কর্মক্ষেত্র।প্রচারেই আসবে প্রসারআপনার কাজকে যদি সবার মধ্যে পরিচিত করে নিতে চান, তবে প্রতিষ্ঠানের একটি নাম ঠিক করে ছোট একটা সাইনবোর্ড তৈরি করে বাড়ির সামনে টাঙিয়ে দিতে পারেন। নিজের বাড়িতে প্রতিষ্ঠান গড়ে তোলার পর সেই এলাকায় বিভিন্ন স্থানে পোস্টার-লিফলেট দিতে পারেন। এ ছাড়া পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া যেতে পারে। এতে এলাকার মানুষ আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবে। এভাবে একবার জানতে পারলেই আস্তে আস্তে জমে উঠবে প্রতিষ্ঠানটি। নিজের বাড়িতে গড়া প্রতিষ্ঠানটিতে আপনার স্বাধীনতা যেমন শতভাগ থাকবে, তেমনি সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে অতি অল্প সময়েই এটি হতে পারে আপনার আয়ের দারুণ এক মাধ্যম।