কাজটা মানবসম্পদ নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল অনেক প্রতিষ্ঠানেই আছে মানবসম্পদ বিভাগ। তাই অনেকেই মানবসম্পদ বিভাগে কাজ করছেন। 
কেউ কেউ পেশা হিসেবে একে বেছে নিচ্ছেন। এ বিভাগটি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারীর সেতুবন্ধ
হিসেবে কাজ করে। মোট কথা, একটি প্রতিষ্ঠানের লোক নিয়োগ থেকে শুরু করে কর্মরত ব্যক্তির কর্মস্থল
নির্ধারণ, দায়িত্ব বণ্টন, বদলি, অবসর, পেনশনসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করেন এই বিভাগের
কর্মীরা। পাশাপাশি প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ।
কোহিনূর কেমিক্যালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. আসলাম হোসেন বলেন, এই
পেশায় আসতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দৃঢ় ব্যক্তিত্ব, উদার মনমানসিকতা ও নৈতিকতাবোধ
থাকতে হবে।
যাঁরা মানবসম্পদ ব্যবস্থাপনা কর্মী হতে চান, তাঁদের অবশ্যই তত্ত্বীয় জ্ঞান থাকতে হবে। তাঁরা ব্যবসায় প্রশাসন
থেকে স্নাতক (বিবিএ) ডিগ্রি অর্জনের পর এমবিএতে প্রধান (মেজর) বিষয় হিসেবে মানবসম্পদ ব্যবস্থাপনাকে
নির্বাচন করতে পারেন। ফিউচার লিডারসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহমুদ আহমেদ এমনটা মনে করেন।
বাংলাদেশে বর্তমানে প্রায় সব প্রতিষ্ঠানেই মানবসম্পদ উন্নয়ন বিভাগ রয়েছে। যাঁরা এ পেশায় আসতে আগ্রহী,
তাঁদের জন্য আসলাম হোসেন এবং কাজী মাহমুদ আহমেদের কিছু পরামর্শ:
 বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএতে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান হিসেবে নেওয়ার সুযোগ রয়েছে। আগ্রহীরা এখান থেকেই শুরু করতে পারেন।
 এ ছাড়া সার্টিফিকেট কোর্স কিংবা ডিপ্লোমা কোর্সে যোগদান করতে পারেন। বাংলাদেশে বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এ কোর্সগুলো পরিচালনা করে থাকেন। তবে কোর্সগুলো করার আগে প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে নিন।
 একজন মানবসম্পদ উন্নয়নকর্মীর জানার পরিধি অবশ্যই বিস্তৃত হতে হবে। তাঁকে প্রতিষ্ঠানের ব্যবসা-বাণিজ্য সম্পর্কেও জ্ঞান রাখতে হবে।
 তাঁকে অবশ্যই মনোবিজ্ঞান বিষয়ে জ্ঞান থাকতে হবে। তাহলে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর মনমানসিকতা বোঝা সম্ভব হবে।
 মানবসম্পদ ব্যবস্থাপককে ধীরস্থির হতে হবে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কৌশল জানতে হবে। চিন্তাশক্তিও হতে হবে বিশ্লেষণধর্মী।
 এ পেশায় নৈতিকতা থাকা জরুরি। প্রশাসন ও মানবসম্পদ বিভাগ যদি নৈতিকতার চর্চা না করে, তবে অন্যদেরও বলার অধিকার রাখে না।
 প্রতিষ্ঠানের নতুন কোনো পরিস্থিতি মোকাবিলার মতো মানসিক প্রস্তুতি ও নেতৃত্ব দেওয়ার গুণাবলিও থাকতে হবে।
 প্রতিষ্ঠানের প্রয়োজনে কখনো কঠিন আবার কখনো বিবেচক ও কোমল ব্যক্তিত্বের চর্চাও জরুরি এ পেশায়।
 কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সুন্দর একটি পেশাগত সম্পর্ক রাখতে হবে।
 মানবসম্পদ ব্যবস্থাপনা কর্মীর অবশ্যই বলার বলিষ্ঠতা থাকতে হবে। কথা বলার সময় অপ্রয়োজনীয় অংশ এড়িয়ে যৌক্তিক উদাহরণ টানতে হবে। যাঁরা মানবসম্পদ ব্যবস্থাপনাকে পেশা হিসেবে নিতে চান, তাঁদের জন্য রইল কিছু প্রতিষ্ঠানের ঠিকানা ও সার্টিফিকেট কোর্সের খবরাখবর। 

১. বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম)। ওয়েব: www.bihrm.ord।
২. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ (বিআইএমএস)। এখানে এ বিষয়ে এক বছরের ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। ঠিকানা: গ/৯/৩, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান, ঢাকা।
৩. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) ওয়েব: [email protected]।
৪. বাংলাদেশ সোসাইটি অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)। www.bshrmbd.org। এখানে সদস্য হয়ে মানবসম্পদ ব্যবস্থা-সম্পর্কিত বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ
করতে পারবেন এবং সব সময় এ ক্ষেত্রের নতুন তথ্য জানতে পারেন। যাঁরা এ বিষয়ের ছাত্র, তাঁরা এই ঠিকানায় যোগাযোগ করলে উপকৃত হতে পারেন।