কাজটা সফটওয়্যার নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার তৈরির বা সফটওয়্যারে নতুন কিছু যোগ করার স্বপ্ন যদি কারও থাকে, পাশাপাশি কাজটা করার যোগ্যতা থাকে, তবে গুগল দিচ্ছে সে সুযোগ। ওপেন সোর্স সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করার জন্য গুগল প্রতিবছর আয়োজন করে ‘গুগল সামার অব কোড’ প্রোগ্রামের। এখানে প্রতিবছর অনলাইনে ওপেন সোর্স সফটওয়্যার তৈরির সুযোগ দেওয়া হয় আঠারো-ঊর্ধ্ব বিশ্ববিদ্যালয়-পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের। সফটওয়্যার তৈরির কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলে প্রত্যেককে পুরস্কার হিসেবে দেওয়া হয় গুগলের সনদ, পাঁচ হাজার মার্কিন ডলার (প্রায় সাড়ে তিন লাখ টাকা)। তার সঙ্গে থাকছে বিশ্বের খ্যাতনামা সব সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করার সুবর্ণ সুযোগ। ২০১০ সালের প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে গৌরবোজ্জ্বল এই সাফল্য অর্জন করেছেন শুভ্র সরকার, আবু জাহের এবং ওয়াসিফ মুরসালিন। তাঁরা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশলের শেষ বর্ষের শিক্ষার্থী। শুভ্র অ্যানিমেশন মুভির ভক্ত। তিনি জানান, ‘সব সময়ই স্বপ্ন ছিল থ্রিডি অ্যানিমেশন সফটওয়্যার নিয়ে কাজ করার। তাই গুগলে আবেদন করেছিলাম অ্যানিমেশনকে আরও বেশি প্রাঞ্জল ও বাস্তবসম্মত করার জন্য। আমি Blender ও Yafa.Ray সফটওয়্যার দুটির সংমিশ্রণ ঘটিয়ে কাজটি করেছি।’ শুভ্রর স্বপ্ন গেম প্রোগ্রামিং অ্যানিমেশন নিয়ে কাজ করার। মাতৃভাষা নিয়ে একটি পরিপূর্ণ অনুবাদক সফটওয়্যার নির্মাণের স্বপ্ন জাহেরের। তিনি বলেন, ‘গুগল ট্রান্সলেটারের বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করার কোনো ব্যবস্থা নেই। আমার স্বপ্ন এ রকম একটা সফটওয়্যার নিয়ে কাজ করার। গুগল সামার অব কোডে তাই কাজ করেছি অ্যাপারটিয়াম নামের একটি সফটওয়্যার নিয়ে। এখন এটি ছোট ছোট বাক্য অনুবাদ করতে পারে।’ মুরসালিনের শখ ভ্রমণ। পাহাড়েও আছে টান। সেই টানে উঠেছেন কেওক্রাডং, তাজিংডংয়ের চূড়ায়। এসবের পাশাপাশি ছবি আঁকতে ভালো লাগে মুরসালিনের। কম্পিউটারে ছবি আঁকাআঁকি করতে হলে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়। ইন্টারনেটে সরাসরি ছবি আঁকা যায় না। কিন্তু মুরসালিনের স্বপ্ন ছিল এমন কোনো সফটওয়্যার তৈরি করা, যার মাধ্যমে ইন্টারনেটেও ছবি আঁকা যাবে। মুরসালিন জানান, ‘গুগল সামার অব কোডে পেনসিল’ নামের ছবি আঁকার সফটওয়্যারটিকে গুগল ক্রোম ব্রাউজারে চালানোর উপযোগী করে গড়ে তোলার কাজ করেছি। এখন সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করা না থাকলেও ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ব্যবহার করা যাবে।’শুভ্র, জাহের আর মুরসালিন প্রত্যেকেই গুগল সামার অব কোডে সফলভাবে কাজ শেষ করার কৃতিত্ব কুড়িয়েছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন সাড়ে তিন লাখ টাকা। এই টাকা দিয়ে জাহের ও শুভ্র কিনেছেন ল্যাপটপ আর ক্যামেরা। জাহের জানান, ‘এই টাকা না পেলে হয়তো ল্যাপটপ কিনতে আরও অনেক দিন লেগে যেত। শুভ্র বলেন, ‘ছবি তোলা আমার অন্যতম শখ। তাই বেশ দামি একটা ক্যামেরা কিনে ফেললাম। আমার আরেকটি ইচ্ছা হলো গ্রাম-গ্রন্থাগার নিয়ে কাজ করা।’‘গুগল সামার অব কোডে’ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর। আবেদনের সময় মার্চে (বিস্তারিত দেখুন http://socghop.appspot.com ওয়েবসাইটে)। এরপর অনলাইনে সাক্ষাৎকার দিতে হয়।গতবারের বিজয়ী আমাদের শুভ্র, জাহের ও মুরসালিন জানালেন, ‘আমাদের কোনো শিক্ষার্থী গুগল সামার অব কোডে যোগ দিতে চাইলে আমরা তাকে সহযোগিতা করতে চাই। এ বিষয়ে সহযোগিতা দরকার হলে ই-মেইল করুন: [email protected]।’