কাজটাকে উপভোগ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস্ ও এবিসি রেডিওর নিয়মিত আয়োজন ‘হতে চাই, পেতে চাই’ অনুষ্ঠানে এসেছিলেন ফাইবার এট হোমের চিফ স্ট্র্যাটেজিক অফিসার রাসেল টি আহমেদ। তাঁর সাক্ষাত্কারের নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য।প্রশ্ন: শুরুতে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই।উত্তর: আমি ফাইবার অ্যাট হোমে অল্প দিন এসেছি। এর আগে কিউবিতে চিফ মার্কেটিং অফিসার ছিলাম। আমাদের প্রতিষ্ঠানটা মাটির নিচ দিয়ে ফাইবার লে করছে। আমরা ইতিমধ্যেই ঢাকা শহরে সব জায়গায় ফাইবার লে-আউট করে ফেলেছি। এর মাধ্যমে ঢাকা শহরের পুরো অবকাঠামোকে একটা সংগঠিত লাইনে নিয়ে আসা যাবে। বিটিআরসি আমাদের একটা লাইসেন্স দিয়েছে পুরো দেশে, যার আওতায় আমরা এই সংযোগ দিয়েছি। এর মাধ্যমে মোবাইল ফোন অপারেটর, ওয়াইম্যাক্স অপারেটর, আইএসপি আমাদের সার্ভিস নিতে পারবে, এমনকি কেব্ল অপারেটররাও নিতে পারবেন। এর ফলে ঢাকা শহরের সব ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে যাবে।প্রশ্ন: আপনার এই পেশায় আসার গল্পটা শুনি।উত্তর: আমি আইবিএতে এমবিএ করেছি। মার্কেটিং ছিল মেজর। আমি পছন্দ করি মানুষের সঙ্গে মেশা। মানুষকে বিশ্বাস করানো বা কনভিন্স করার চ্যালেঞ্জটাও নিতে চাই। এই দুটো জিনিস থেকে বুঝলাম—আমি আসলে বিপণনেরই লোক, সেলসের লোক। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয়ের কাজ করি। আমার সব সময়ই মনে হয়েছে, আমার কাজটাকে উপভোগ করতে হবে।প্রশ্ন: পেশা হিসেবে বিপণন আপনার কেমন মনে হয়।উত্তর: একটা নিয়মিত পণ্য বা সেবার ক্ষেত্রে বিপণন বা মার্কেটিং এবং বিক্রয় বা সেলসই মূল ভূমিকা পালন করে। এখানে সুযোগ অনেক বেশি। ব্যবসার উন্নতির জন্য প্রতিটি কোম্পানিকেই কিন্তু এ ক্ষেত্রে বিনিয়োগ এবং জোর দিতে হবে। লোকজনকে বোঝাতে বা কনভিন্স করতে পারলে, তাঁদের সঙ্গে মিশতে পারলে এবং অন্যের সমস্যা বোঝার মতো ধৈর্য থাকলে তিনি এ পেশায় আসতে পারেন।প্রশ্ন: মার্কেটিংয়ে আসতে হলে পড়ালেখাটা কেমন হওয়া দরকার?উত্তর: আমাদের দেশে শিক্ষাব্যবস্থায় আসলে কমবেশি সবকিছুই শেখায়। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় একটু পরিকল্পনা করলেই ভালো হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। এটাই মূল ভূমিকা পালন করে। এর পাশাপাশি পেশাদারি প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। অন্যকে বোঝানোর ক্ষেত্রে বিতর্ক রাখতে পারে ভূমিকা। এ জন্য মানুষের সঙ্গে মিশতে এবং মানুষের সমস্যা বুঝতে চেষ্টা করতে হবে। একটু একটু করে মানুষের অভিজ্ঞতাটা ঋদ্ধ হয়।প্রশ্ন: চাকরির ক্ষেত্রে প্রায় সময়ই অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু যাঁরা একেবারে নতুন, তাঁদের কী হবে?উত্তর: এটা আসলে অবস্থানের ওপর নির্ভর করে। তার মানে কি আমি একসময় অনভিজ্ঞ ছিলাম না? অনেক চাকরি আছে, যারা অনভিজ্ঞ স্নাতককে নিচ্ছে। আপনারা প্রত্যেকে ইন্টার্নশিপ করার সুযোগ পান। ভালো করলে প্রতিষ্ঠান এখান থেকেও অনেককে নিতে পারে।প্রশ্ন: অনেকেই মনে করে, বাইরে থেকে পড়ালেখা করে এলে, বিদেশের একটা ডিগ্রি হলে ক্যারিয়ারটা অনেক ভালো হবে। এ ক্ষেত্রে আপনার মন্তব্য কী?উত্তর: বাইরের ডিগ্রি থাকলে ভালো। কিন্তু আমি মনে করি না যে এটা অনেক গুরুত্বপূর্ণ। আসলে ব্যক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ক্ষেত্রে অনেক সময় বাইরের ডিগ্রিকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু বিপণনের ক্ষেত্রে নয়। বাইরের বিশ্ববিদ্যালয় মূল বিষয়টা শেখায় কিন্তু স্থানীয় বিশ্ববিদ্যালয় এর বাইরেও অনেক সুবিধা দেয়। এখানে এমবিএ কিংবা বিবিএ প্রোগ্রামে ছাত্ররা যে প্রতিবেদনগুলো জমা দেয় তা কিন্তু স্থানীয় বাজার বা মার্কেট বিবেচনা করে। ফলে নতুন নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠান চিন্তা করে, এখানকার প্রার্থীর স্থানীয় বাজার সম্পর্কে ভালো ধারণা আছে।প্রশ্ন: বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন প্রথম শ্রেণী-দ্বিতীয় শ্রেণীর পরিবর্তে সিজিপিএ দেওয়া হচ্ছে। সিজিপিএ ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলে?উত্তর: এটা ঠিক, আমরা লোক নেওয়ার ক্ষেত্রে এটা দেখি। তবে এটা কেবল প্রাথমিক নির্বাচনের জন্য। এখান থেকে সিজিপিএ দেখে আমরা ইন্টারভিউয়ের জন্য ডাকি। তবে সে ক্ষেত্রে যদি সিজিপিএ কম হয়, তবে সিভির মধ্য দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারলে আমরা তাকেও ডাকি। সিভিতে নিজের শক্ত অবস্থানটাকে তুলে ধরতে হবে। এরপর আমরা সিজিপিএ দেখি। তখন দেখা হয়, আপনার সাধারণ জ্ঞান কত ভালো, বোঝাপড়াটা কত ভালো। তখন আপনি বলার সুযোগ পাবেন আপনার সিজিপিএ কেন কম। এরপর আপনি সন্তুষ্ট করতে পারলে চাকরি হয়ে যাবে।অনুলিখন: সাইফ উদ্দিন