কাজল দেব নাথের মানুষের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঙের মানুষ! প্রতিনিয়তই বদলায় তার রূপ। মুখোশধারী বহুরূপী মানুষের এই রূপটিই অত্যন্ত নিপুণভাবে উঠে এসেছে প্রতিকৃতি ভাস্কর কাজল দেব নাথের ‘ইনার পোর্ট্রেট’ শিরোনামের ধারাবাহিক শিল্পকর্মে। বিভিন্ন মাধ্যম ও ধরনের প্রতিকৃতি নিয়ে চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী গ্যালারিতে ৯ জুলাই থেকে শুরু হয়েছে কাজল দেব নাথের একক ভাস্কর্য প্রদর্শনী ‘পোর্ট্রেট’। এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনসুর উল করিম। এ ছাড়া উপস্থিত ছিলেন শিল্পী মো. জসীম উদ্দিন ও অলক রায়।মনসুর উল আলম বলেন, ‘প্রতিকৃতি-শিল্প রচনায় স্বভাবত সুনিপুণ দক্ষতার প্রয়োজন পড়ে। তাঁর অনুশীলনধর্মী প্রতিকৃতিগুলোতে এক ধরনের নমনীয় বৈশিষ্ট্য লক্ষ করার মতো।’ অলক রায় বলেন, ‘আমাদের দেশে নানা কারণে প্রতিকৃতি বিশেষ করে ভাস্কর্য একেবারেই পৃষ্ঠপোষকতা পায়নি। ফলে কাজল দেব নাথের এ পথে সাহস করে এগিয়ে চলা দুঃসাহসিক বলতে হবে।’এ প্রদর্শনীতে শিল্পীর ১২টি প্রতিকৃতি ও ইনার পোর্ট্রেট নামে একটি ধারাবাহিক শিল্পকর্ম স্থান পেয়েছে।কাজল দেব নাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র ছিলেন। বর্তমানে চারুকলা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এটি তাঁর প্রথম একক প্রদর্শনী। তিনি মূলত প্রতিকৃতি ভাস্কর। প্রতিকৃতি অনুশীলন ও নির্মাণ তাঁর শিল্পের বৈশিষ্ট্য। আশপাশের চেনা-জানা মানুষ ছাড়াও মনসুর উল করিম, আলপ্তগীন তুষার এবং সুফিয়া বেগমের মতো বিখ্যাত মানুষের প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। এসব প্রতিকৃতি তৈরিতে ব্যবহার করেছেন বিভিন্ন মাধ্যম। সব মাধ্যমে তাঁর দক্ষতার পরিচয় মেলে। তিনি কাজ করেছেন সিমেন্ট, প্লাস্টার, পোড়ামাটি, কাদামাটি ও ফাইবার নিয়ে। কথা হয় প্রদর্শনী দেখতে আসা দ্বিতীয় বর্ষের ছাত্র মিশুক এহসানের সঙ্গে। তিনি বলেন ‘রাজীব দত্তের প্রতিকৃতিটি বেশ ভালো লেগেছে, ওটার মধ্যে একই সঙ্গে মসৃণতা ও রুক্ষতার দ্বৈত অবস্থান পাওয়া যায়।’ চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শায়লা শারমিন জানান, ‘ইনার পোর্ট্রেট কাজটি সম্ভাবনাময়। কাজলের মধ্যে আমরা দক্ষতা যেমন দেখেছি, তেমনি দেখেছি কাজের প্রতি একাগ্রতা। খুব শিগগির তাঁর কাছ থেকে অসাধারণ কিছু শিল্পকর্ম পাব বলে আশা করছি।’১৪ জুলাই পর্যন্ত এই প্রদর্শনী চলবে।