কাজিরহাট-মির্জারহাট সড়কের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফটিকছড়ি উপজেলার কাজিরহাট-মির্জারহাট সড়ক। সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে লক্ষাধিক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছে।জানা গেছে, উপজেলার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০০৫ সালে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে পেলাগাজির দিঘিসংলগ্ন এলাকা থেকে নারায়ণহাট পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কটি সংস্কার করে। এলাকাবাসীর অভিযোগ, সড়কের কাজ নিম্নমানের ছিল। এ কারণে সংস্কারের পরপরই সড়কজুড়ে আবারও খানা-খন্দের সৃষ্টি হয়। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার অভিযোগ করেন, নির্মাণকাজ শেষ না হতেই সড়কের দুই পাশ ভাঙতে শুরু করে। ক্রমাগত বাড়তে থাকে ভাঙন। এরপর দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে ওই সড়কের বেশির ভাগ স্থানে বিটুমিন, ইট, বালু ও কংক্রিট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই পাশ ভেঙে যাওয়ায় সড়কটি সংকীর্ণ হয়ে গেছে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দাঁতমারা ইউনিয়ন পরিষদের সচিব মো. এমরান উদ্দিন বলেন, ‘সড়কটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যখন গাড়িতে উঠি, তখনই দোয়া-দরুদ পড়তে শুরু করি। কাজিরহাট থেকে মির্জারহাট যেতে অনেক সময় লাগে। পথে প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যায়।’ উপজেলা সড়ক ও জনপথ (সওজ) ফটিকছড়ি কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লাহ খান প্রথম আলোকে বলেন, ‘১৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির অবস্থা খুবই খারাপ। মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’ ফটিকছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ আল কাদেরী বলেন, ‘উপজেলার বিভিন্ন সড়কের নানাবিধ সমস্যা রয়েছে। এর মধ্যে কাজিরহাট-মির্জারহাট সড়কটির অবস্থা শোচনীয়। এটি দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত এ সড়কের সমস্যা লাঘব হবে।’