তাঁর সুবাদে এসেছে জিমন্যাস্টিকসের আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রথম সোনা। চতুর্থ দক্ষিণ এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিকেস প্যারালাল বারে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই একুশ বছর বয়সী তরুণ। এবারের সময়ের তারকা— কাজী সাইক সিজারযে তিনটি জিনিস সব সময় সঙ্গে থাকে...যেখানেই যাই না কেন সব সময় সঙ্গে রাখি আইফোন, ওয়ালেট ও চাবি।প্রেরণার উৎস...আমাকে সবচেয়ে বড় সমর্থন দেয় আমার পরিবার ও বন্ধুরা। ওদের অনুপ্রেরণাতেই এত দূর আসতে পেরেছি। সোনার পদক যাঁকে উৎসর্গ করেছি...বাবাকে উৎসর্গ করেছি। কারণ, বাবা না থাকলে কখনোই জিমন্যাস্টিকসে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সোনা জেতার সুযোগ হতো না। আলাদিনের দৈত্যের কাছে তিনটা চাওয়া...প্রথমে চাইতাম আকাশে উড়তে। এরপর চাইতাম যেন বাকি জীবনে সুস্থ থাকতে পারি এবং আমার পরিবার ও বন্ধুদের সুখ-শান্তি চাইতাম। যে কারণে বাংলাদেশে বারবার ফিরে আসতে চাই...নাড়ির টানে, শিকড়ের টানে। কারণ, আত্মীয়স্বজনের বেশির ভাগই বাংলাদেশে থাকে এবং আমি ওদের সঙ্গে সময় কাটাতে চাই বেশি করে। ওদের সঙ্গটা খুবই উপভোগ করি। তা ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারলে সেটা হবে আমার জন্য গর্বের ব্যাপার। ছেলেবেলার যে স্মৃতি প্রায়ই মনে পড়ে...যেদিন আমি ছোটবেলায় প্রথম সোনার পদক জিতেছিলাম, সেই দিনটির কথা মাঝেমধ্যে মনে পড়ে।সফল হতে হলে যে গুণ থাকা আবশ্যক...অধ্যবসায়, শৃঙ্খলা ও লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়াই করার মানসিকতা—এ তিনটি গুণ থাকা অত্যাবশ্যক।পরবর্তী লক্ষ্য...আরও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে আরও পদক জিততে চাই। সেই সঙ্গে দেশের হয়ে অলিম্পিক গেমসে অংশ নেওয়ার ইচ্ছা আছে। জিমন্যাস্টিকসে প্রিয় তারকা...তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জাপানের কোহি উচিমুরা। এখনো সময় পেলে ওর ভিডিওগুলো দেখি। যেভাবে জিমন্যাস্টিকসের শুরু... ছোটবেলা থেকেই জিমে যেতাম। এটার শুরুও তখন। কারণ, আমি আবার ছোটবেলায় খুব চঞ্চল ছিলাম। সব সময় লাফালাফি করতাম। লম্বা গাছ দেখলেই উঠতাম। আস্তে আস্তে জিমন্যাস্টিকস ভালো লেগে গেল। এখন তো এটা নেশার মতো হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে ভাবনা...শিশুদের জিমন্যাস্টিকসে আসার জন্য আমি যেন অনুপ্রেরণা হতে পারি। এ দেশে অনেক ভালো মানের জিমন্যাস্ট হবে, বেশি বেশি এর চর্চা হবে, এটাই আমার চাওয়া। প্রিয় উক্তি...শেষ ভালো যার সব ভালো তার। সোনা জেতার পরের অনুভূতি... ভালোভাবে শেষ করতে পেরেছি, এতেই আমার আনন্দ। সবচেয়ে বেশি খুশি হয়েছি এই ভেবে যে আমার কঠোর পরিশ্রমের মূল্য পেয়েছি।সাক্ষাৎকার গ্রহণ: বদিউজ্জামান