কাজী সাইক সিজার ‘গো সিজার, গো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ আগস্ট, ২০১২। ভেন্যু লন্ডনের নর্থ গ্রিন উইচ অ্যারেনা। সবে শেষ হয়েছে আর্টিস্টিক জিমন্যাস্টিকস। হঠাৎ বেজে উঠল বাংলাদেশের জাতীয় সংগীত। লাল-সবুজের জাতীয় পতাকা হাতে বিজয়মঞ্চে তখন সাইক সিজার। লন্ডনেই এল বাংলাদেশের ইতিহাসে প্রথম অলিম্পিক সোনা! কী, বিশ্বাস হচ্ছে না? চোখ রগড়ে পারলে নিজের গায়ে চিমটি কাটছেন! আসলে, ওপরের পুরোটাই একটা দৃশ্যকল্প। একজন ক্রীড়া সাংবাদিকের মনের আবেগ মেশানো কল্পনা। টাইম মেশিনে চড়ে সময়ের চেয়ে এগিয়ে যাওয়া, এই আর কি! স্বপ্নে উড়তে তো আর বাধা নেই। তাই ইচ্ছামতো কল্পনার ফানুস ওড়ানো।বাস্তবতা হলো, এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার গণ্ডি পার হলেও এশিয়ান গেমসে কোনো খেলাতেই সেভাবে সর্বোচ্চ সাফল্য নেই বাংলাদেশের। গুয়াংজুতে গত এশিয়ান গেমসে ক্রিকেটের কল্যাণে বাংলাদেশ দেখেছিল ‘সোনার হরিণ’ হয়ে থাকা সোনার পদক।এবার অলিম্পিকে সোনার পদক জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর যাঁর হাত ধরে এ স্বপ্ন দেখা, সেই তরুণ জিমন্যাস্ট কাজী সাইক সিজার। বাবা কাজী সিজার আহমেদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী। ফ্লোরিডায়ই জন্ম সাইক সিজারের। ছোটবেলায় দস্যিপনা করে বেড়াতেন। আবার জিমন্যাস্টিকসের শো দেখলে টেলিভিশনের সামনে চুপ করে বসে পড়তেন। এসব দেখে বাবা ভাবলেন, ওকে জিমন্যাস্টিকসে ভর্তি করিয়ে দিলে কেমন হয়। এরপর ধীরে ধীরে জিমন্যাস্ট হয়ে ওঠা সাইক সিজারের। শুরুটা লিঙ্কন পার্ক একাডেমি স্কুলে।কিন্তু সিজার তো যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের সিজার হয়ে ওঠা কীভাবে? বাবা স্বপ্ন দেখেন, ছেলে যুক্তরাষ্ট্রের পতাকা নয়, বাংলাদেশের পতাকা হাতে তুলবে। তাই তো গত ডিসেম্বরে ঢাকায় হয়ে যাওয়া সুলতানা কামাল চতুর্থ আন্তর্জাতিক আর্টিস্টিক জিমন্যাস্টিকসে অংশ নেওয়ালেন ২২ বছরের তরুণ পুত্রকে। সেখানে ১৪ দশমিক ৬০ পয়েন্ট নিয়ে প্যারালাল বারে সোনা জিতলেন সাইক সিজার। তাঁর হাত ধরেই কোনো আন্তর্জাতিক আসরে জিমন্যাস্টিকসে সোনা জিতল বাংলাদেশ। সাইকের সুবাদে হাসল দেশের মানুষ। ঢাকায় এসে সবার প্রত্যাশার চাপে যেন চিড়েচ্যাপ্টা হতে বসেছিলেন। সেই স্মৃতি মনে করে বলছিলেন, ‘শেষ পর্যন্ত একটা সোনা জিততে পেরেছিলাম। ঢাকায় আসার পর থেকেই স্নায়ুচাপের মধ্যে থেকেছি। প্রত্যেকেই আমার কাছে এসে বলছে, সোনা জিততে হবে।’ সেই সোনা শেষতক হাতছাড়া হতে দেননি সিজার। মিসিগান স্টেট ইউনিভার্সিটির ছাত্র এখন প্রস্তুতি নিচ্ছেন আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া লন্ডন অলিম্পিকের জন্য। ফ্লোরিডা থেকে টেলিফোনের অন্য প্রান্তে বাবা কাজী সিজার আহমেদও সেটাই বললেন, ‘বাংলাদেশের হয়ে সাইক অলিম্পিকে খেলবে। ওকে খেলানোর জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) যা যা করার, সব রকম চেষ্টা করে যাচ্ছে। আমরাও সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ করেছি। আমার স্বপ্ন, ও যেন অলিম্পিকে খেলে বাংলাদেশের জন্য বড় কিছু অর্জন করতে পারে।’ঢাকায় গত ডিসেম্বরে খেলার পর জানুয়ারিতে সিকাগোতে উইন্ডি সিটি আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় খেলেছেন। সেখানে মিসিগান বিশ্ববিদ্যালয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। গত বছর এপ্রিলে বিগ টেন ইভেন্টস ফাইনালে কোয়ালিফাই করেছেন। এবার শিকাগোর পর খেলেছেন ইলিনয়, মিসিগান-পেন স্টেট মিটে। সেখানে প্যারালাল বার ও হাই বারে সোনা জিতেছেন। প্যারালাল বারে পয়েন্ট ছিল ১৫ দশমিক ৫০। ফ্লোর ইভেন্টে জেতেন রুপা, ১৪ দশমিক ৭০ পয়েন্ট স্কোর করেন। ভল্টিং টেবিলে ১৫ দশমিক ১০ পয়েন্ট পেয়ে পেন স্টেটে সোনা জেতেন। সেখানে প্যারালাল বার ও হাই বারেও সোনার পদক গলায় ওঠে সিজারের।এসব প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সেরা সেরা জিমন্যাস্টকে হারিয়ে এভাবে সোনা-রুপা জেতায় অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন তাঁকে নিয়ে। প্রবাসী বাঙালিরা তাঁকে নিয়ে দারুণ আশাবাদী। যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন, নাকি বাংলাদেশের হয়ে? সাইক সিজারের জোরালো উত্তর, ‘অবশ্যই বাংলাদেশের হয়ে অলিম্পিকে খেলব। বাংলাদেশই আমার সব। আমার অনেক স্মৃতি রয়েছে এ দেশে। আসলে আমি তো বাংলাদেশেরই ছেলে।’ অলিম্পিকে ভালো কিছু করার প্রত্যাশায় এখন কোচ কুর্ট গোল্ডার ও জিওফ করিগনের তত্ত্বাবধানে চলছে কঠিন অনুশীলন।সাইকের বাবা কাজী সিজার আহমেদ যুক্তরাষ্ট্রের বিখ্যাত তেল কোম্পানি হেস করপোরেশনের কর্মকর্তা। চাকরি করার পাশাপাশি ছেলের অলিখিত কোচও যেন তিনিই। ছেলেকে নিয়েই সারাক্ষণ ভাবেন। কীভাবে ও খেলবে, কোন ইভেন্টে ওর পারফরম্যান্স বেশি ভালো হবে—এসব ভেবেই একজন কোচ রেখে দিয়েছেন ১০ হাজার ডলার দিয়ে। গত ডিসেম্বরে মিরপুরের আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় দেখা গেছে ছেলেকে নিয়ে তাঁর ছেলেমানুষি আবেগ। একেকটি ইভেন্ট শেষ করতেন সাইক, অমনি খুশিতে লাফিয়ে উঠতেন বাবা। কোর্টের এমাথা-ওমাথা শিশুদের মতো ছুটে বেড়াতে দেখা গেছে তাঁকে। গ্যালারিতে তখন ছিল সাইকের চাচা-চাচি, খালাতো-মামাতো ভাই-বোনেরা। সবার হাতে ছিল জাতীয় পতাকা আর প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘গো সিজার, গো’।সাইক সিজার আসলে এগিয়ে চলেছেন আপন গতিতে। তাঁর পড়াশোনা প্রায় শেষের পথে। যুক্তরাষ্ট্র থেকে একসময় ফিরে এসে বাংলাদেশে কিছু একটা করতে চান সাইক। প্রত্যাশা ও স্বপ্নের কথা বলতে গিয়ে বললেন, ‘বাংলাদেশে এসে একটা জিমন্যাস্টিকস ক্লিনিক খুলতে চাই। এবং এখান থেকেই গড়ে তুলতে চাই বিশ্বমানের জিমন্যাস্ট। কারণ, বাংলাদেশের ছেলেমেয়েদের শারীরিক গঠন জিমন্যাস্ট তৈরির জন্য উপযোগী। আমি আশা করি, বাংলাদেশ সরকার এবং বেসরকারি সংস্থাগুলো এ ব্যাপারে আমাকে সাহায্য করবে। তাহলে হয়তো বাংলাদেশও একদিন বিশ্বের সেরা জিমন্যাস্ট দলের একটা হতে পারবে।’সাইক সিজারের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের জিমন্যাস্টিকস। সাইক সিজার কি পারবেন? উত্তরটা না হয় সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক।