সাইকেল চালিয়ে যাচ্ছেন মধ্যবয়সী একজন। সাইকেলের পেছনে তাঁর মাথা ছাড়িয়েও উঁচুতে উঠে গেছে কম্বলের বোঝা। সামনেও কম নয়। সাইকেলের প্যাডেল ঘোরানোই তাঁর জন্য কঠিন। তবু গলা উঁচিয়ে চিৎকার করে বলছেন, ‘কম্বল রাখবেন, কম্বল। পোলাপানের শীতের কাপড় রাখবেন, শীতের কাপড়!’ শুধু চোখ দুটো দেখার মতো অবস্থায় রেখে সাইকেলের দুই পাশেই কম্বল ও কম্বলের তৈরি পোশাক বোঝাই করে ডেকে চলেছেন তিনি। ডাক শুনে এগিয়ে আসছেন গৃহবধূরা। সাইকেল থামতেই ঘোমটা সরিয়ে দরদাম করছেন। হাতে নিয়ে দেখছেন কম্বলের পুরুত্ব। উত্তরবঙ্গের গ্রামগুলোতে এমন দৃশ্য এখন নিত্যকার। উত্তরবঙ্গের প্রতিটি গ্রামে শীতের আগমনী গানের সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় কম্বলসহ সাইকেল আরোহী। এই শীতে শুধু উত্তরবঙ্গ নয়, সারা দেশেই এ রকম দৃশ্য চোখে পড়তে পারে। কিন্তু কোথা থেকে আসে এই কম্বল? তৈরিই বা হয় কীভাবে? উত্তর খুঁজতে যেতে হবে শিমুলদাইড়। কম্বল তৈরির দীর্ঘ ঐতিহ্যের কারণে এই এলাকা এখন খ্যাতি পেয়েছে কম্বলের গ্রাম নামে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদাইড় বাজার ঘিরে বদলে গেছে আশপাশের ১০ গ্রামের চিত্র। একসময় যে বাড়ির কর্তা ১০ জনের কাছে সাহায্য-সহযোগিতা নিয়ে চলতেন। এখন তিনি শুধু কম্বলের ব্যবসা করেই মানুষকে সহযোগিতা করার কাতারে চলে এসেছেন। ১০ গ্রামের প্রায় সাড়ে সাত হাজার কারিগরের আয়ের উৎস এই কম্বল। শুধু কম্বলকে ঘিরে বদলে গেছে এখানকার মানুষের জীবনচিত্র। সুখের ওমযমুনা নদীর খুব কাছেই শিমুলদাইড় বাজার। প্রতিবছর দেশের অন্য কোথাও বন্যার পানি না এলেও আশপাশের কয়েক গ্রাম ডুবে থাকে অথই জলে। মানুষের জমি আছে। কিন্তু চাষ করার উপায় নেই। বাধ্য হয়ে তাঁরা খুঁজতে থাকেন বিকল্প আয়ের উৎস। অন্য সবার মতো বিকল্প উপায় খোঁজেন শিমুলদাইড় বাজারের পাশের গ্রাম বড়শিভাঙ্গার সাইদুল হক। বিকল্প পেশা হিসেবে বেছে নিলেন তাঁত বুনানো। কিন্তু এতেও সংসার চলে না। সুতার মূল্যবৃদ্ধির জন্য মুনাফা হয় না বললেই চলে। বাধ্য হয়েই একদিন অল্প কিছু টাকা ধার করে চলে আসেন ঢাকায়। সিদ্ধান্ত নিয়েই এসেছেন, ঢাকা থেকে কিছু একটা কিনে গ্রামে গ্রামে বিক্রি করবেন। সাইদুল হকের পছন্দের তালিকায় পড়ে গার্মেন্টসের ঝুট। চিন্তা করেন এগুলো সেলাই করে কিছু একটা বানালে ভালো বিকোবে। ১০-১২ টাকা দামে প্রায় সাত মণ ঝুট কিনে ট্রাকে চেপে চলে আসেন বড়শিভাঙ্গা। তারপর চলে ঝুট বাছাইয়ের কাজ। এরপর সেলাই। সেলাইয়ের পর গজ হিসাবে তৈরি করেন কম্বল। সেই কম্বল সাইকেলের পেছনে বেঁধে চষে বেড়ান গ্রামের পর গ্রাম। প্রথমবারেই লাভ করেন পাঁচ হাজার টাকা। এটি প্রায় ২০ বছর আগের ঘটনা। তার পর থেকেই দিন বদলের গল্পের মতোই বদলে যেতে থাকে সাইদুল হকের জীবন। বদলাতে থাকে বড়শিভাঙ্গা থেকে শুরু করে আশপাশের কয়েক গ্রামের মানুষ। সাইদুল হকের সঙ্গে একই নৌকার সঙ্গী হন বেকার যুবক মনির আহমেদ। প্রবাসী বোনের কাছ থেকে টাকা ধার করে শুরু করেন কম্বলের ব্যবসা। এখন তিনি সচ্ছল। একই রকম গল্পের নায়ক জিন্না হাজি ও চান মিয়া। যাঁদের একসময় অভাব-অনটনে দিন কাটত। কম্বল তাঁদের ঘরে নিয়ে এসেছে সুখের ওম। গার্মেন্টসের ঝুট থেকে কম্বলঝুট থেকে কম্বল তৈরির ভাবনা কীভাবে এল? শুরুটা সাইদুল হককে দিয়ে। শোনা যাক তাঁর কাছ থেকেই, ‘অভাবের সংসারে যখন নুন আনতে পান্তা ফুরোয়, তখন এক মহাজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার করি। সেই টাকা দিয়ে ঝুট কিনি। তার পর থেকে এই ব্যবসায় আছি। এখন আমার সংসার অনেক সচ্ছল।’ ঝুট থেকে কম্বল তৈরির প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, শুরুতে লট ও কেজি হিসেবে ঝুট কেনা হয়। বাড়িতে এনে সেটা বাছাই করা হয়। তারপর রং অনুযায়ী মিলিয়ে একটার সঙ্গে আরেকটা সেলাই করে জোড়া দেওয়া হয়। সেই জোড়া দীর্ঘ হয়ে গেলে কম্বলের সাইজ (পাঁচ ফুট বাই চার ফুট) অনুযায়ী একেকটা কাটা হয়। বিভিন্ন জায়গা থেকে পাইকারেরা এসে সেগুলো কিনে নিয়ে যান। তারপর তাঁরা গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন শিমুলদাইড় বাজারের কম্বল। তবে ঝুট ছাড়াও বিভিন্ন রঙের কম্বলের কাপড় রোল হিসেবে কেনা হয়। পরে কম্বলের সাইজ অনুযায়ী কাটা হয়। তারপর চারপাশে সেলাই করে ভাঁজ করে বিভিন্ন রং অনুযায়ী ১২টি করে মিলিয়ে শিমুলদাইড় বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়। কম্বলের রকমফেরঅন্যান্য সদাইপাতি পাওয়া গেলেও শিমুলদাইড় বাজার এখন কম্বলের বাজার হিসেবে বিখ্যাত। ঝুট দিয়ে তৈরি করা কম্বলের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের কম্বল পাওয়া যায়। সাইজ ও উৎপাদনের উৎস অনুযায়ী এগুলোর আবার আলাদা আলাদা নামও আছে। যেমন: ঝুটের তৈরি বলে ঝুট কম্বল, চেক নকশা করা বলে কম্বলের নাম চেক কম্বল। আছে চায়না কম্বল, প্লেন বাংলা, বিশ্বাস (বিশ্বাস গ্রুপের তৈরি) ও জোড়া কম্বল। দামও রকম ভেদে আলাদা। ঝুট কম্বল ২৫০ থেকে ৩০০ টাকা। প্লেন বাংলা কম্বল ১২০ টাকা। সারা বছরই শিমুলদাইড় বাজারে কম্বলের কেনাবেচা হয়। তবে স্বাভাবিকভাবেই শীতের শুরুতে চাহিদা হয়ে যায় দ্বিগুণ। শীতের আগমনের শুরুতেই সেই কম্বল ছড়িয়ে যায় পুরো উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্তে। শুধু তা-ই নয়, সরকারিভাবে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের সময় এখান থেকে কম্বল কেনা হয়। ঝুট থেকে কম্বল! ব্যাপারাট তিন শব্দের হলেও এর সঙ্গে লেগে থাকে বহু শ্রমিকের হাতের স্পর্শ। শুরুতে ঝুট (গার্মেন্টসের ছাঁট কাপড়) কেনা হয় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে। তারপর ট্রাকে করে সেগুলো আসে শিমুলদাইড় বাজারে। সেখান থেকে ভ্যানে করে বিভিন্ন বাড়িতে যায়। অপেক্ষায় থাকা শ্রমিকেরা সেগুলো বাছাই করে সেলাইয়ের কাজ শুরু করেন। এই কাজ করেন মূলত নারী শ্রমিকেরা। এর জন্য তাঁরা কম্বলপ্রতি পান ২৫ টাকা। তাঁরা দিনে সর্বোচ্চ চারটি কম্বল তৈরি করতে পারেন। গৃহবধূ আছিয়া খাতুন জানান, এই অঞ্চলের প্রতিটি ঘরেই সেলাই মেশিন আছে। সবাই এই কাজের সঙ্গে যুক্ত। নারী শ্রমিকেরা ঘরে বসে কম্বল তৈরি করে সংসারে আয় বাড়াচ্ছেন। কম্বলের বাজার নিয়ে কথা হয় চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান ওরফে মুকুলের সঙ্গে। তিনি বলেন, শুধু শিমুলদাইড় বাজারে প্রতিদিন কমপক্ষে এক কোটি টাকার লেনদেন হয়। কিন্তু এখানে কোনো ব্যাংক নেই। ফলে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। সরকারি বা বেসরকারিভাবে যদি একটি ব্যাংকের ব্যবস্থা করা হয়, তাহলে এলাকার ব্যবসায়ীদের অনেক বড় উপকার হবে। ছবি: আমিনুল ইসলাম