কক্সবাজারের টেকনাফ শহরে যত্রতত্র গাড়ি পার্কিং করায় বাড়ছে যানজট। ২০০৬ সালে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন বাস টার্মিনাল উদ্বোধন করা হলেও সেটি অব্যবহূত পড়ে আছে। শহরের রাস্তা-ঘাট দখল করে গড়ে উঠেছে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার। এতে ভোগান্তি বাড়ছে শহরের বাসিন্দা ও পর্যটকদের।জানা গেছে, ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাস-টার্মিনাল উদ্বোধন করা হলেও সেটি তখন চালু করা সম্ভব হয়নি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে টার্মিনালটি চালু হলেও বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আবারও পরিত্যক্ত হয়ে পড়ে। টার্মিনাল ছেড়ে দূরপাল্লার বাস ও নানা যানবাহন এখন শহরেই পার্ক করা হচ্ছে। রাস্তার ওপর যাত্রী ওঠা-নামা করায় প্রতিদিনই যানজট বাড়ছে।সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ১০ একর জমিতে এই টার্মিনালটি এক কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এ ছাড়া ১০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে সেমিপাকা টিনশেডের একটি ভবন নির্মাণ করা হয়। অভিযোগ আছে, এখন এই টার্মিনাল ও ভবন বখাটে মাদকাসক্ত তরুণদের আখড়ায় পরিণত হয়েছে। এখানে মাদক ও জুয়ার আসর বসে নিয়মিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার পুরানো বাসস্টেশন এলাকায় প্রায় ১০ থেকে ১২টি দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। শহরের লেঙ্গুরবিল রোড়, শাহপরীর দ্বীপ চৌরাস্তার মাথা, টেকনাফ জিরো পয়েন্ট ও অলিয়াবাদ মোড়ের সড়ক দখল করেও কাউন্টার স্থাপন করা হয়েছে। টমটম, অটোরিকশা, রিকসা, জিপসহ ছোট গাড়িগুলোও শহরের নানা জায়গায় বেআইনিভাবে পার্ক করে রাখা হচ্ছে। ব্যবসায়ী আবদুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এলোপাতাড়ি যানবাহন রাখা হচ্ছে। এতে সব সময় যানজট লেগেই থাকে।’টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টারগুলো সরিয়ে ফেলার অনুরোধ জানিয়ে পরিবহন সংস্থাগুলোকে চিঠি দেওয়া হচ্ছে। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, উপজেলা পরিষদের প্রধান ফটক, শহীদ মিনার এলাকা এখন বাস টার্মিনালে পরিণত হয়েছে। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে এ সমস্যা সমাধান করা হবে। জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, পৌর এলাকার যানজট নিরসনের জন্য দুজন ট্রাফিক পুলিশ ও একজন সার্জেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে পৌর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।