১৫-২০ ফুট প্রশস্ত সিরাজদৌল্লা সড়ক দিয়ে একসময় দুটি গাড়ি পাশাপাশি যেতে কষ্ট হতো। প্রায় দুই কিলোমিটার সড়কটি ২৪ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে দ্বিগুণের বেশি ৫৮ ফুট প্রশস্ত করা হয়েছে। পরিণত করা হয়েছে দুটি আলাদা দ্বিমুখী সড়কে। কিন্তু পথচারী কিংবা যানবাহনের চালকেরা এই প্রশস্ত সড়কের কোনো সুফল পাচ্ছেন না। কারণ, সড়কের ফুটপাতে বসানো হয়েছে দোকানপাট; সড়ক দখল করে যেখানে-সেখানে বসছে ভ্রাম্যমাণ বাজার; রাখা হচ্ছে নির্মাণসামগ্রী। সম্প্রসারিত সড়কের কোনো কোনো জায়গা পরিণত হয়েছে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান রাখার জায়গায়।শুধু সিরাজদৌল্লা সড়ক নয়, এ ধরনের আরও চারটি সম্প্রসারিত সড়কের অবস্থাও একই রকম। সড়কগুলো হচ্ছে: প্রবর্তক মোড় থেকে অক্সিজেন পর্যন্ত বায়েজিদ বোস্তামি সড়ক, সাগরিকা সড়ক, কোতোয়ালির মোড় থেকে ফিরিঙ্গীবাজার পর্যন্ত কাজী নজরুল ইসলাম সড়ক এবং নিউমার্কেট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত সদরঘাট সড়ক। যানবাহন ও জনচলাচলের সুবিধার্থে গত দুই বছরে এসব সড়ক সম্প্রসারণ করা হয়। ৫৮ কোটি টাকা ব্যয়ে এই চারটি সড়ক সম্প্রসারণের কাজ শেষ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। এসব সম্প্রসারিত সড়কের বেশির ভাগ অংশই এখন বিভিন্ন শ্রেণীর যানবাহনের অঘোষিত স্ট্যান্ড বা টার্মিনালে পরিণত হয়েছে। ফলে নাগরিক ভোগান্তি দূর হচ্ছে না। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়কগুলোর বাস্তবায়নকারী সংস্থা তথা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম এ ব্যাপারে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সম্প্রসারিত সড়কগুলোর সুফল নগরবাসী না পাওয়ার জন্য আমরা দায়ী। এর বেশি কিছু আমি বলতে চাই না।’সূত্রমতে, সড়কের বাস্তবায়নকারী সংস্থা চউক হলেও এগুলোর তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের। কিন্তু সম্প্রসারিত সড়ক স্থায়ীভাবে দখলমুক্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ প্রসঙ্গে সিটি করপোরেশন আদালতের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়ককে যানজটমুক্ত রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজদৌল্লা সড়কে সমবায় কমপ্লেক্সের সামনে পাঁচতলা বিপণিকেন্দ্র নির্মাণ করছে খোদ সিটি করপোরেশন। নির্মাণাধীন এ বিপণিকেন্দ্রের নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছে ফুটপাতকে ঘিরে। এই নিরাপত্তাবেষ্টনীর ভেতরে এক জায়গায় পানের দোকান দিয়েছেন মো. জালাল। জানতে চাইলে জালাল পাল্টা প্রশ্ন করে বলেন, ‘করপোরেশন ফুটপাতমুক্ত করবে কেমনে, নিজেই যে ফুটপাত গিলে ফেলেছে?’ প্রচণ্ড ক্ষোভ দেখা গেল গুল-এজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থীর মধ্যে। এদের মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মনোয়ার হোসেন, বেলাল মাহমুদ, ইমতিয়াজ শাওন ক্ষোভের সুরেই বলল, ‘বিদ্যালয়ে ঢোকার প্রথম গেটের দুই পাশের ফুটপাতে প্রায় সময় ইট স্তূপ করে রাখা হয়। আমরা ফুটপাত ধরে হাঁটাচলা করতে পারি না।’বায়েজিদ বোস্তামি সড়কের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ চিত্র দেখা গেছে ষোলশহর রেলক্রসিং এলাকায়। এখানে রেলক্রসিং থেকে শুরু করে শেখ ফরিদ মার্কেট পর্যন্ত রাস্তার বড় একটি অংশ ও ফুটপাত চলে গেছে হকারের দখলে। হকার মো. নীরব বলেন, ‘পুলিশ তো আমাগোরে তুইল্যা দেয়। মাগার খানিক বাদেই আবার ফুটপাতেই আইয়্যা পড়ি।’ পলিটেকনিক কলেজ মোড় ও বায়েজিদ স্টিল মিলের আশপাশের এলাকা পরিণত হয়েছে ট্রাক টার্মিনালে। ট্রাক ছাড়াও এই এলাকায় খননযন্ত্র, বুলডোজারসহ বেশকিছু স্থাপনার যন্ত্রাংশ রাখা হয়েছে ফুটপাত ছাড়িয়ে সড়কের অংশেও। হাটহাজারী ও বায়েজিদ সড়কের অক্সিজেন মোড় থেকে দক্ষিণে রৌফাবাদ কলোনি, পশ্চিমে ওয়াপদা কলোনি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশ পরিণত হয়েছে অঘোষিত বাস ও ট্রাকস্ট্যান্ডে। বাসচালক (চট্টগ্রাম-জ ২৪৭৫) জাহাঙ্গীর আলম বলেন, উত্তর চট্টগ্রামের জন্য আলাদা টার্মিনাল না থাকায় এই গতি। সদ্য সম্প্রসারিত কাজী নজরুল ইসলাম সড়কের চিত্র আরও ভয়াবহ। এ সড়কের ফুটপাত নেই বললেই চলে। ফুটপাত ও রাস্তা দখল করে কলার আড়ত থেকে শুরু করে চা-দোকান, পানের দোকানসহ সব ধরনের পণ্যের ব্যবসা চলছে। এ প্রসঙ্গে ডিসি ট্রাফিক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সড়ককে যানজটমুক্ত রাখার জন্য সব ধরনের চেষ্টা চলছে। সবার আগে দরকার মানুষের মানসিকতার পরিবর্তন।’ সিডিএ সূত্র জানায়, ১০১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নগরের আরও তিনটি সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এগুলো হলো ৪০ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট থেকে গণি বেকারি, পাঁচ কোটি টাকা ব্যয়ে আন্দরকিল্লা থেকে লালদীঘি, ৫৬ কোটি টাকা ব্যয়ে অলি খাঁ মসজিদ থেকে মুরাদপুর পর্যন্ত হাটহাজারী সড়ক সম্প্রসারণ।