আজ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) সমাবর্তন। প্রতিষ্ঠানটি তাই জমজমাট হয়ে আছে। স্নাতক শেষ করল যারা, তারা আজ পাবে সনদ। চলুন, আমরা ঘুরে আসি সেখান থেকে। জেনে নিই, সনদ পাওয়ার আগে কীভাবে পাড়ি দিতে হয়েছে এই পুরো পথ। প্রচণ্ড রোদের মধ্যে মাঠে কাজ করছেন একদল শিক্ষার্থী। বিশাল মাঠের একপাশে এক ধরনের সবজির গবেষণা চাষ হচ্ছে। কিছুক্ষণের বিরতিতে টুকরো টুকরো মাঠ থেকে সবাই এসে জড়ো হন একটু ছায়ায়। তারপর শুরু হয় আড্ডা। আড্ডায় হয় নানা আয়োজন, কেউ গান করে আবার কেউ কৌতুক। এভাবেই জমে ওঠে আড্ডা। প্রায়ই এমন আড্ডায় মেতে ওঠেন ঢাকার অদূরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষার্থীরা। ১৯৮৪ সালে শুরু হওয়া এই বিশ্ববিদ্যালয় শুরুতে শুধু কৃষিবিজ্ঞানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি দেওয়ার কাজটি শুরু করে। পরবর্তী সময়ে স্নাতক পর্যায়ের বিভিন্ন কোর্স চালু করা হয়। প্রায় ১৬ হেক্টরের এই ক্যাম্পাসে ঢুকে চারপাশে তাকাতেই নানা ধরনের আয়োজন চোখে পড়ে। মূল ভবনের পাশেই রয়েছে বিভিন্ন শস্য ও সবজি চাষের মাঠ। মাঠে গবেষণায় রত বিশ্ববিদ্যালয়ের কৃষিতথ্য বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘ধান নিয়ে গবেষণার কাজটি করছি, যার মাধ্যমে উন্নত জাতের ধান পাওয়া যাবে।’ গবেষণার পাশাপাশি কাজটি করার কথা জানান তিনি। পড়াশোনার বাইরের সময়টুকু কী করেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মূল গবেষণার কাজটি হয় মাঠে। তাই মাঠেই কাজের ফাঁকে আড্ডা আর গল্পের আসর বসে।’ শুধু উৎপাদনই নয়, শস্যের নানা ধরনের রোগবালাই, সমাধান—এসব বিষয়েও গবেষণা করছেন শিক্ষার্থীরা। উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তানভীর রুবায়েত আলুতত্ত্ব নিয়ে গবেষণা করছেন আর নিয়ম মেনে গবেষণামাঠের পাশেই আড্ডায় মেতে ওঠেন মাঠের অন্য গবেষকদের সঙ্গে। মাঝেমধ্যে ব্যতিক্রম করার কথাও জানা গেল। রোগতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আফরোজা সুলতানা জানান মজার একটি বিষয়। তিনি নিজে টমেটো নিয়ে গবেষণা করছেন। তিনি জানান, ‘গবেষণায় একজন একটি শস্য বিষয় নিয়ে গবেষণা করছে। অনেক সময় দেখা যায়, সবাই নিজের গবেষণা থেকে শস্য নিয়ে আসে আর আমরা বসে যাই পিকনিক আড্ডায়। খাবারের জন্য প্রয়োজনীয় শস্য আমাদের কাছেই থাকে। তাই পিকনিকও জমে ওঠে।’ আড্ডা, গবেষণা আর পড়াশোনার মধ্যেই কেটে যায় সময়—যোগ করলেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মোফাচ্ছেল হোসেন। এমনই আড্ডা, গবেষণা আর আনন্দে কাটে এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের সময়।বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র সংগঠন ছাত্র প্রতিনিধি পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ‘শুধু যে গবেষণামাঠেই আড্ডা হয় তা নয়, ক্লাস শেষে আমরা সুযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আড্ডায় মেতে উঠি। পাশাপাশি বিভিন্ন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজনও হয়।’ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ, কৃষি অনুষদ, ফিশারিজ অনুষদ ও প্রাণিবিজ্ঞান অনুষদের আওতায় রয়েছে প্রায় ২০টি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল মান্নান আকন্দ বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্রেডিট পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার জন্য রয়েছে বহিরঙ্গন গবেষণাগার। পড়াশোনার পাশাপাশি অন্যান্য ভালো কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগও রয়েছে। সুবিশাল এই ক্যাম্পাসে রয়েছে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আবাসিক হলের সুবিধা। শিক্ষার্থীরা নিজেদের গবেষণার পাশাপাশি শিক্ষকদের সঙ্গেও আন্তর্জাতিক মানের বিভিন্ন গবেষণায় কাজ করে থাকেন। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মো. মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই কৃষি, অর্থনীতি, উন্নত গবেষণার মাধ্যমে নানা ধরনের কাজ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সার্বিক কৃষি উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য রয়েছে উন্নত লাইব্রেরি ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. গিয়াসউদ্দিন মিয়া বলেন, শুধু শিক্ষার ভালো পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে নির্দিষ্ট সময় মেনে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কোর্স পরিচালনা করা হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থেই বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কোনো ছাত্র সংগঠন নেই। বিশ্ববিদ্যালয় হওয়ার পর এবারই দ্বিতীয়বারের মতো সমাবর্তনে গঠন করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অ্যালমনাই অ্যাসোসিয়েশন। এ নিয়ে তৈরি কমিটির আহ্বায়ক অধ্যাপক এম ময়নুল হক জানান, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় বিশেষ গুরুত্ব দিতেই শিক্ষক, শিক্ষার্থী কারোরই কোনো রাজনৈতিক সংগঠন নেই। বিশ্ববিদ্যালয়ের সাবেক সব শিক্ষার্থীকে এক করতেই এবার আনুষ্ঠানিকভাবে অ্যালমনাই অ্যাসোসিয়েশন গঠিত হবে বলে জানান তিনি।নিজেদের পড়াশোনা আর গবেষণার বাইরেও আড্ডা জমে উঠতে বেশি সময় লাগে না এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত্ কৃষিবিদদের। এক বিকেলের আড্ডায় নানা মজার বিষয় ছাড়াও শিক্ষার্থীরা ভাবেন দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে আর দৃঢ়প্রত্যয়ে শপথ নেন দেশের জন্য কিছু করার। প্রযুক্তির এই সময়ে ইন্টারনেটের ব্যাপ্তি আরও বাড়ানো উচিত বলেও জানান এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা থাকলে আমাদের কাজ করতে সুবিধা হয়।’ আড্ডায় আরও উঠে আসে নানা বিষয়। আড্ডা শেষে নিজ নিজ হলে ফেরার পথে কৃষি খাতে উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন ভাসে সবার চোখে-মুখে। সে লক্ষ্য বাস্তবায়ন এবং আরও ভালো কিছু করার আশা নিয়ে দৃঢ়প্রত্যয়ে এগিয়ে চলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।