কাজে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ
‘গত শনিবার এই সড়কের গর্তের কারণে মালবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এতে প্রায় পাঁচ ঘণ্টার যানজট লাগে। আগে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লাগত। উড়ালসড়কের নির্মাণকাজ শুরুর পর থেকে অন্তত সাড়ে পাঁচ ঘণ্টা লাগে। এতে আমাদের যেমন যাত্রীদেরও তেমন সীমাহীন কষ্ট হচ্ছে।’ বহাদ্দারহাট উড়ালসড়কের নির্মাণকাজে ধীরগতির কারণে বিভিন্ন স্তরের মানুষের ভোগান্তির চিত্রটি এভাবেই ফুটে উঠেছে এস আলম বাস সার্ভিসের চালক ফরিদুল আলমের কথায়।তাঁর কথায় একমত প্রকাশ করে এক কিলোমিটার এলাকার মেসার্স এম রহমান টিম্বারের স্বত্বাধিকারী আবু তাহের বলেন, ‘দোকানের সামনেই উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। হাঁটার জন্য কোনো পথও অবশিষ্ট নেই। ক্রেতারাও দোকানমুখো হয় না তেমন। কোনো সিএনজিচালিত অটোরিকশা এ পথে আসতে চায় না। এলেও দ্বিগুণ-তিন গুণ ভাড়া দাবি করে। এতে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।’ নগরবাসীসহ দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের হাজারো মানুষের চরম ভোগান্তির চিত্র পাওয়া যায় গত দুই দিনে সরেজমিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে।দেখা যায়, উড়ালসড়কের নির্মাণকাজ চলছে ধীরগতিতে, সনাতনী পদ্ধতিতে। বহদ্দারহাট মসজিদ মোড় থেকে এক কিলোমিটার এলাকা পর্যন্ত উড়ালসড়ক নির্মাণ করতে গিয়ে সড়কে খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্টি হয়েছে অসংখ্য বড়-ছোট গর্ত। বৃষ্টি শুরু হলে পুরো সড়ক ভরে থাকে কাদাপানিতে। এদিকে বহদ্দারহাট টার্মিনাল থেকে নতুন চান্দগাঁও থানা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় ওই সড়কেও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে সড়কজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এ যানজট এড়াতে দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা বেশির ভাগ যানবাহন টার্মিনালে যায় বহদ্দারহাট মোড় হয়ে। বহদ্দারহাট মোড় ও আশপাশে দীর্ঘ সারি দিয়ে দাঁড়িয়ে থাকে কক্সবাজারগামী মাইক্রোবাস। ফলে দক্ষিণ চট্টগ্রামে চলাচলকারী যানবাহনের সঙ্গে নগরের সিটি বাসসহ অন্যান্য যানবাহনের একটা বড় জটলা তৈরি হয় ওই এলাকায়। এলাকার লোকজন জানান, সড়কের ওপর গর্তের কারণে বৃষ্টি হলেই কাদাপানিতে পুরো সড়ক সয়লাব হয়ে যায়। আর শুকিয়ে গেলে সড়কজুড়ে উড়তে থাকে ধুলোবালু। গর্তে পড়ে হেলেদুলে যানবাহনগুলো চলে শামুকের গতিতে। এ কারণে এ সড়ককে ঘিরে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ যানজট অনেক সময় মুরাদপুর পর্যন্ত বিস্তৃত হয়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রতি বৃহস্পতিবার যানজট অসহনীয় হয়ে ওঠে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সালাহউদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণকাজে গত এক বছরে অগ্রগতি তেমন চোখে পড়ার মতো নয়। কর্তৃপক্ষের লোক দেখানো কাজকর্ম সেই সনাতন পদ্ধতিতেই চলছে। সড়কে হাঁটার জায়গা নেই। উন্নয়নের নামে সাধারণ জনগণের দুর্ভোগকে দীর্ঘায়িত করা হচ্ছে।’ বাস পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ব্যবস্থাপক হেফাজতুল ইসলাম বলেন, ‘বহদ্দারহাট মসজিদের সামনে থেকে কালামিয়া বাজার পর্যন্ত সারা রাস্তাতেই যানজট লেগে থাকে দিনভর। বৃষ্টির দিনগুলোতে অবস্থা আরও কাহিল হয়। আরাকান সড়কে যানজটের কারণে এমন হয়েছে যে পুরোনো কালুরঘাট সেতু দিয়ে বাস নিয়ে যেতে হয়েছে।’উড়ালসড়ক নির্মাণের অগ্রগতি নিয়ে প্রকল্প পরিচালক এ এন এম হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ বছরের মার্চ থেকে শুরু করা উড়ালসড়কের কাজ ইতিমধ্যেই ৩০ শতাংশের মতো শেষ করেছি। কাজ ম্যানুয়েল পদ্ধতিতেই চলছে। উন্নয়নের জন্য একটু-আধটু তো দুর্ভোগ পোহাতেই হবে।’