কাজে বাড়তি গতি আনবেন কীভাবে

টবে লাগানো সবুজ গাছ অফিসের পরিবেশকে সুন্দর করার পাশাপাশি কর্মীদের উৎপাদনশীলতাও ১৫ শতাংশ বাড়িয়ে দিতে পারে। নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলছেন, ছোট ছোট গাছের সমারোহে কর্মীদের মানসিক চাপ কমে, চিন্তাচেতনার ইতিবাচক পরিবর্তন হয় এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে।
আরও কিছু পরামর্শ:
অফিসে বিছানা: ভাবছেন, অফিসে বিছানা থাকলে তো সবাই কাজ ফেলে ঘুমাবে। কিন্তু দুপুরের খাবারের পর কয়েক মিনিট হালকা ঘুমিয়ে নিতে পারলে বিকেলের ঘণ্টাগুলোতে কর্মীদের কাজের সামর্থ্য উল্লেখযোগ্য হারে বাড়ে। জাপানের বিভিন্ন অফিসে দুপুরে হালকা ঘুমিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে।
ব্যায়ামাগার: দু-তিন ঘণ্টা কাজ করার পর একটু হালকা ব্যায়াম কাজের গতি বাড়িয়ে দেয়। এতে মস্তিষ্কের সক্রিয়তা বৃদ্ধি পায়। তাই অফিসে ব্যায়ামাগার রাখা যেতে পারে। সেখানে কর্মীরা হালকা গা-গরম করে নেবেন।
আড্ডাঘর: কাজের চাপ ও মানসিক ধকলের কারণে অফিসকর্মীদের প্রায় ৪০ শতাংশ অসুস্থতায় আক্রান্ত হন। তাই অফিসে যদি কোনো আড্ডাঘর থাকে, তবে সেখানে কিছুক্ষণ সময় কাটালে কর্মীরা কাজের সামর্থ্য বৃদ্ধির সুযোগ পাবেন।
হাসির বন্দোবস্ত: আড্ডাঘর বা অন্য কোথাও কৌতুককর পরিবেশ তৈরির জন্য বিনোদনমূলক হাসির চলচ্চিত্র বা টেলিভিশন অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা রাখা যেতে পারে। এতে তাঁরা হাসির উপলক্ষ পাবেন। হাসি মানুষের কাজের সামর্থ্য বাড়ায়।
অফিসের বাইরে যান: একঘেয়েমি এড়াতে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য বাইরে ঘুরে আসতে পারেন। তবে অবশ্যই কাজের ক্ষতি এড়িয়ে এবং কর্তৃপক্ষের সম্মতি নিয়ে বাইরে যাবেন।
সূত্র: টেলিগ্রাফ।