কাজের গতি বাড়লেও লক্ষ্যমাত্রায় পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজে গত কয়েক মাসে গতি বেড়েছে। শুরুর দিকে কাজের ধীর গতির কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এরপরও নির্ধারিত সময়ে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।এই প্রকল্পের আওতায় সদরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত প্রভাবশালী মহলের বেদখলে থাকা বিপুল পরিমাণ ভূমি উদ্ধার হচ্ছে। নদীর নাব্যতা পুনরুদ্ধার হলে লাইটার জাহাজ চলাচলের সুযোগ বাড়বে। সদরঘাট থেকে তৃতীয় কর্ণফুলী সেতু পর্যন্ত নদীতীরেও শৃঙ্খলা ফিরে আসবে।বন্দর সূত্রে জানা গেছে, গত বছরের ১২ মে এই প্রকল্পের প্রকৃত কার্যক্রম শুরু হয়। আগামী বছরের ২ জানুয়ারি এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু শুরুর দিকে চাঁদা না দেওয়ায় প্রকল্পের কাজে বাধা, নকশা চূড়ান্ত না হওয়াসহ নানা কারণে এই প্রকল্পে ধীর গতি হয়। কার্যক্রম শুরুর পর গত জানুয়ারি পর্যন্ত নয় মাসে এই প্রকল্পের কাজের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৪৩ শতাংশ। এই লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে প্রায় ১৬ শতাংশ। বন্দর সূত্রে জানা গেছে, মূলত ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পের অগ্রগতি বাড়তে থাকে। গত এপ্রিল পর্যন্ত কাজের লক্ষ্যমাত্রা ছিল প্রায় সাড়ে ৫৪ শতাংশ। এ সময়ে অর্জিত হয়েছে প্রায় ৩৮ শতাংশ। অর্থাৎ অগ্রগতি বাড়লেও এখনো ১৬ শতাংশ কাজ পিছিয়ে আছে। গত মে মাসে কাজের অগ্রগতির পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে মে মাসেও কাজের অগ্রগতি বেড়েছে বলে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন।বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রথম দিকে নানা কারণে প্রকল্পের কাজের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে এখন প্রকল্পের কাজের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত ৬০০ দিনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের এই প্রকল্পের সর্বনিম্ন যোগ্য দরদাতা হিসেবে গত ২৮ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন-এমএমডিসির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়। বন্দরের ২২৯ কোটি টাকার নিজস্ব অর্থায়নে এই প্রকল্পের কাজ হচ্ছে। প্রকল্পের আওতায় বন্দরের দুই কিলোমিটার উজানে সদরঘাট জেটির ১০০ মিটার ভাটি হতে তৃতীয় কর্ণফুলী সেতুর ৫০০ মিটার উজান পর্যন্ত নাব্যতা ফিরিয়ে আনতে ৩৬ লাখ ঘনমিটার বালু/মাটি ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৪০০ মিটার জেটি নির্মাণের কাজ রয়েছে। এ ছাড়া ২ দশমিক ৬১ কিলোমিটার দীর্ঘ নদীর পাড় সংরক্ষণের কাজও রয়েছে প্রকল্পের আওতায়।প্রকল্প সূত্রে জানা গেছে, এসব কাজের মধ্যে এপ্রিল মাস পর্যন্ত সাড়ে ১২ লাখ ঘনমিটার বালু উত্তোলনের কাজ শেষ হয়েছে। সাধারণ কাজ শেষ হয়েছে শতভাগ। এ ছাড়া নদীর পাড় সংরক্ষণ এবং জেটি নির্মাণের কাজও চলছে পুরোদমে। প্রসঙ্গত, ১৯৮৯ সালে নির্মিত শাহ আমানত সেতুর কারণে এক নম্বর জেটির উজানে পলি জমে কর্ণফুলী নদী তীর এলাকা ভরাট হয়ে যায়। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় ২০০৪-০৫ অর্থবছরে ৭৪ কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প হাতে নেওয়া হয়। এরপর জটিলতার কারণে প্রকল্প ব্যয় বাড়িয়ে প্রায় ৩৭৬ কোটি টাকা নির্ধারণ করা হয়। ২০০৯ সালের ১৯ অক্টোবর নৌপরিবহন মন্ত্রণালয় এ প্রকল্প অনুমোদন করেছিল। বন্দর হাইড্রোগ্রাফি বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ ১৯৮৮-৮৯ সালে বন্দরের আউটারবার এলাকায় ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হয়। চায়না হারবার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি ১৭ কোটি টাকা চুক্তিমূল্যে এই কাজ করে।