
বাইরে বৃষ্টি, আবার রোদ। চারিদিক ভেজা ভেজা। আবার অফিসে ঢুকলেই এসির ঠান্ডা বাতাস। সব মিলিয়ে কয়েক ঘণ্টার মধ্যে কয়েক রকম হাওয়া বদল। যার প্রভাব পড়ে শরীরের পাশাপাশি ত্বকেও। ছেলেরা ত্বক নিয়ে বেখেয়ালি বলেই এই সময়ে পড়ে যান ঝামেলায়। মুখের ত্বকে বৃষ্টির পানি লেগে তা আবার রোদে শুকিয়ে গেলে ত্বকে আঠালো ভাব হয়ে যায়। মুখ হয়ে পড়ে তৈলাক্ত। আবার এ অবস্থায়
অফিসে এসির মধ্যে বসে কাজ করলে ত্বক শুষ্ক হয়ে যায়। এক-আধটু যত্ন নিয়ে এসব ঝামেলা এড়িয়ে চলতে পারেন।
ছেলেদের সৌন্দর্য সেবাকেন্দ্র মেনজ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘এই ভেজা তো এই আবার শুকনা। আবহাওয়ার এই মিশেল অবস্থার প্রভাবে ত্বকের ক্ষতি হয় বেশি। তাই বেশি পরিমাণে পানি পান করে ত্বকটা স্বাভাবিক রাখা দরকার। এ ছাড়া এ সময়ে কমবেশি যত্ন নিলে মুখটা সজীব দেখাবে।’
এই আবহাওয়ায় মুখে মাসে একবারের বেশি ফেসিয়াল করানোর দরকার নেই। যেহেতু বর্ষাকাল তাই ভেজিটেবল পিল ফেসিয়াল বা পার্ল ফেসিয়ালই উপযুক্ত এখন। হেয়ারোবিক্সের রূপ পরামর্শক শাদীন মাহবুব জানান, যাঁরা অফিস করেন তাঁদের অবশ্যই অফিসে প্রবেশ করে পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এতে বাইরের ক্লান্তি চলে যাবে চেহারা থেকে। অফিসে আসার পর ফেইসওয়াশ দিয়ে চট করে মুখটা ধুয়ে নিতে পারেন। অনেক অফিসেই চায়ের জন্য গরম পানি থাকে। সম্ভব হলে তার খানিকটা মগে নিয়ে হালকা গরম পানি দিয়ে ফেসওয়াশ লাগিয়ে মুখ ধুয়ে ফেলুন। রোদ উঠলে সানস্ক্রিন লোশন লাগিয়ে বের হতে পারেন। সানস্ক্রিনের সঙ্গে একটু পানি মিশিয়ে নিন। তবে খেয়াল রাখবেন এই সময়ে ত্বকে দুই থেকে তিন ঘণ্টার বেশি সানস্ক্রিন লাগিয়ে না রাখাই ভালো। এরপর তা ধুয়ে ফেলুন। প্রয়োজন হলে আবার মাখুন। বেশি সময় সানস্ক্রিন রেখে দিলে ত্বক কালচে দেখাবে।
সারা দিন কাজের চাপে সময় না হলে রাতে বাসায় ফিরে একটু যত্ন নিতে পারেন ত্বকের। বাজারে সৌন্দর্যচর্চার জন্য শসার পাউডার (কিউকাম্বার পাউডার) কিনতে পাওয়া যায়। তার সঙ্গে একটুখানি তরল দুধ মিশিয়ে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বক স্বাভাবিক দেখাবে।
এ ছাড়া মাল্টা দিয়েও সারতে পারেন ত্বকের যত্ন। মাল্টা গোল করে কেটে নিয়ে মুখে ঘষুন। তারপর ১০ মিনিট ফ্যানের বাতাসে থেকে মুখ ধুয়ে ফেলুন। তবে শেভ করার পরপরই মুখে মাল্টা লাগাবেন না। তাতে জ্বলুনি হতে পারে। ত্বকে রোদে পোড়া কালো আবরণ পড়লে একটা কাপড়ে শসার রস মাখিয়ে ত্বকে ঘষে ধুয়ে ফেলুন। অথবা একটা ব্রাশে খানিকটা টকদই নিয়ে ত্বকের ওপর ডলে ডলে তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। ত্বক ভালো থাকবে। এ ছাড়া বাইরে চলাচলের সময় সঙ্গে রুমাল রাখুন। বৃষ্টিতে ভেজার পর মাথার সঙ্গে মুখটাও মুছে নিন। না হলে এরপর মুখের পানি শুকিয়ে ত্বকে টান টান ভাব আসবে। যেটা বেশ অস্বস্তিতে ফেলবে।