কাজের জায়গা পরিচ্ছন্ন রাখুন
কাজের জায়গাটা পরিচ্ছন্ন রাখলে বেড়ে যাবে কাজের উদ্যম ও উৎপাদনশীলতা। এ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়ে গেল খুলনা শিপইয়ার্ডে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর। এতে প্রশিক্ষণ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাঁরা হলেন মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহ আলম মিয়া, সেলিনা বেগম, মোহাম্মদ আবদুল মোসাব্বির ও মোহাম্মদ রাজু আহমেদ।সেইরি, সেইটন, সেইসো, সেইকেতসু, শিতসুকে—এই পাঁচটি জাপানি শব্দকে সংক্ষেপে বলা হয় ফাইভ এস। পাঁচটি শব্দ পাঁচ রকম নির্দেশনা বোঝায়। এগুলোর সঠিক বাস্তবায়নের উপায় শেখানো হয় এ কর্মশালায়। এগুলোর অর্থ হলো, সেইরি— কাজের জায়গার সব অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেওয়া। সেইটন—সব জিনিস এমনভাবে গুছিয়ে রাখা, যাতে কাজের সময় তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। সেইসো— কাজের জায়গা পরিষ্কার রাখা। সেইকেতসু পরিষ্কার-পরিচ্ছন্নতার কিছু বিশেষ নিয়ম মেনে চলা। শিতসুকে—নিজের উদ্যোগেই নিজের কাজের জায়গা পরিষ্কার রাখা। শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশনের আয়োজনে দেশের নানা জায়গায় নিয়মিত এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।