কাজের পরিবেশ হোক নিরাপদ

র্মজীবীদের দিনের বেশির ভাগ সময় কাটে কর্মক্ষেত্রে। বিশেষজ্ঞদের মতে, প্রতিষ্ঠান ছোট-বড় যা-ই হোক না কেন, কর্মীদের ইতিবাচক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ দিতে হবে। কর্মীদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ না হলে যথাযথ কাজের পরিবেশ তৈরি হয় না কর্মক্ষেত্রে।পুরুষ ও নারী কর্মীদের জন্য আলাদা টয়লেট, সাবান, তোয়ালে, টয়লেট পেপার, বিশ্রাম নেওয়ার কক্ষ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হবে। সব প্রাপ্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে কর্মীদের অধিকারসচেতনতাও প্রয়োজন।ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের মানবসম্পদ-প্রধান দিলরুবা শারমিন খান বলেন, ‘ভালো কাজের পরিবেশের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও দক্ষ ব্যবস্থাপনা থাকতে হবে। এসব নিশ্চিত করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ইতিবাচক মানসিকতা যেমন দরকার, তেমনি লাগবে কর্মীদের সহযোগিতা।’প্রতিষ্ঠানের কাজ সঠিকভাবে সহজে করার জন্য নিয়মগুলোও সহজ হতে হবে। কর্মক্ষেত্রে বেতন বেশি, ঝাঁ-চকচকে পরিবেশ ও নানা ধরনের সুযোগ-সুবিধা ফিকে হয়ে যাবে যদি কর্মীদের জীবনের নিরাপত্তা দেওয়া না হয়। লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের নির্বাহী (প্রশাসন) নেলী সিনদি পাড়ৈ কর্মীদের জীবনের নিরাপত্তার বিষয়টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেন, ‘স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সবার ওপরে রাখতে হবে। অগ্নিকাণ্ডের সময়ে কী কী করা উচিত, এ বিষয়ে প্রতিবছরই প্রশিক্ষণ দিতে হবে। এ ছাড়া কর্মচারীদের সঙ্গে যেকোনো দুর্ঘটনার সময় কী করণীয়, সেসব বিষয়েও আমাদের আলোচনা করতে হবে।’
দুর্ঘটনার সময় জরুরি নির্গমণ পথ বা সিঁড়ি যাতে বন্ধ না থাকে, নজর রাখতে হবে সেদিকেও। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে এমন অফিসে সাধারণ জানালা বন্ধ করে রাখতে হয়। তাই জরুরি অবস্থার সময় জানালা খোলার ব্যবস্থা থাকতে হবে।
এ ছাড়া দৈনন্দিন স্বাস্থ্যের জন্য যা যা প্রয়োজনীয়, সেটার ব্যবস্থা করতে হবে। ঘরের মধ্যে যথাযথ বায়ু চলাচল, সঠিক তাপমাত্রা, পর্যাপ্ত আলো ও জায়গা না থাকলে কাজের সময় অসুবিধা তৈরি যায়। প্রতিটি প্রতিষ্ঠানেরই সামর্থ্য অনুযায়ী কর্মীদের জন্য ইতিবাচক কাজের পরিবেশ তৈরি করতে হবে।
এর জন্য সঠিক পরিকল্পনা, অঙ্গীকার, প্রতিশ্রুতির মূল্যায়ন এবং যেকোনো ঝামেলা মোকাবিলা করার মানসিক প্রস্তুতি রাখতে হবে।