কাজের ফাঁকে ওদের পড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সিএনজি ফিলিং স্টেশনে দিনভর চলে গ্যাস বিক্রি। তবে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত বিরতি। বিরতির এই চারটি ঘণ্টা শিশুদের সেখানে পড়াতে বসেন জিহাদ। পেশায় তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ক্রু।

কাজের ফাঁকে প্রতি সন্ধ্যায় পথশিশুদের পড়ান জিহাদ আরিফ। ছবি: আবদুস সালাম
কাজের ফাঁকে প্রতি সন্ধ্যায় পথশিশুদের পড়ান জিহাদ আরিফ। ছবি: আবদুস সালাম

পাম্পের ট্যাংকার। সারা দিন গাড়িতে পেট্রল দেয় সেটা। বিকেলের পর এতে হেলান দিয়ে রাখা হয় একটি ব্ল্যাকবোর্ড। এক সন্ধ্যায় সেই ব্ল্যাকবোর্ডের ওপরে লেখা দেখা গেল ‘বাংলা’। বাংলা ক্লাস চলছে। শিশুরা সমস্বরে পড়ছে মদনমোহন তর্কালঙ্কারের ‘প্রভাত বর্ণনা ’ কবিতাটি। পথশিশু বললে সহজে চেনা যাবে শিশুগুলোকে।
রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তার মোড় থেকে একটু এগোলেই অল ইন ওয়ান লিমিটেড পেট্রলপাম্প। সারা দিন চলে জ্বালানি তেল ও গ্যাসের বিকিকিনি। বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত বিরতি। এ সময়টুকু অলস কাটে গ্যারেজ অপারেটর হাবিবুর রহমানের। মুঠোফোনে হেডফোন লাগিয়ে গান শোনেন তিনি। কাউন্টারে দেখা যায় না ম্যানেজার আলী রাজকেও। তাঁদের আলস্যের এই চারটি ঘণ্টায় এখানে দুটো ব্যাচের ক্লাস হয়। একটা ব্যাচের নাম ‘রজনীগন্ধা’, অন্যটি ‘মালতি’। কাজ শেষ করে ওই শিশুদের নিয়ে সেখানে পড়াতে বসেন টেলিভিশন চ্যানেলের তরুণ ক্যামেরা ক্রু জিহাদ আরিফ।
এমন উদ্যোগ দেখে ফের সপ্তাহখানেক পর সেখানে যাই। কথা হয় জিহাদের সঙ্গে। তখনো তিনি পড়াচ্ছিলেন শিশুদের। শহরে অনেক স্কুল। এই শিশুরা পড়ে জিহাদের ‘মুক্তির জন্য শিক্ষা’ স্কুলে। এরা কর্মজীবী। কেউ ফুল বিক্রি করে, কেউ খেলনা, কেউ আবার ট্রাক পরিষ্কার করে। এদের অনেকেরই মা-বাবা এসেছেন নদীর ভাঙনে জমিজমা হারিয়ে। আপাতত তাঁরা ঢাকাবাসী, থাকেন ফুটপাতে পলিথিন ছাওয়া ঘরে। চর জাগলে হয়তো ফিরবেন, হয়তো ফিরবেন না। জিহাদ আরিফের মুখেই জানা গেল এসব তথ্য।
জিহাদের যে ছাত্রটির নাম মজিদুল, ঢাকায় তার ভালো লাগে না। এই ভালো না লাগার কারণ, ‘এইখানে আমারে কেউ নাম ধইরা ডাকে না।’ হকার সাগর দু শ টাকা নিয়ে গিয়েছিল রেস্তোরাঁয়। কাচের ঘরে বসে মুরগি-পোড়া খাওয়ার শখ তাঁর। তাকে ঢুকতে দেয়নি কেউ। জিহাদ জানান, প্রত্যেকের জন্য আলাদা ফাইল করেছেন তিনি। সেখানে লেখা আছে এই শিশুদের নাম, ঠিকানা, বয়স, রক্তের গ্রুপ ও বাবার পেশা। ‘দেশে হাজার হাজার শিশু জিপিএ–৫ পাচ্ছে, অথচ কিছু শিশু ন্যূনতম শিক্ষার অধিকার পাবে না। এটা কেমন কথা!—বলেন জিহাদ। এই শিশুরা অক্ষর চিনত না। এসব নিয়ে অবশ্য তাদের মা-বাবারও দুশ্চিন্তা নেই। তাঁদের শুধুই হা-হুতাশ, বাড়িঘর, জমিজমা নদীতে লীন হয়েছে। আজ তাঁরা ঢাকার ভাসমান। তবে বেশি দিন থাকতে চান না। ফেরার ইচ্ছা আছে।

পেট্রলপাম্পের সান্ধ্য স্কুলের বয়স প্রায় এক বছর। তেজগাঁও থেকে সারা দেশে ওষুধ সরবরাহ করা হয়। এই শিশুরা ভিটামিন এ ক্যাপসুল, কৃমির ওষুধ, পোলিও বা প্যারাসিটামলও পায়নি কখনো। নিজের বেতনের টাকা থেকে এদের জন্য খাতা-পেনসিল আর ঈদের জামা কেনেন জিহাদ। স্কুলটার কথা যাঁদের জানা, তাঁরাও মাঝেমধ্যে এটা-ওটা কিনে দিয়ে যান। ৪৩টি শিশু পড়তে আসত এখানে। কেউ হোটেলে কাজ করে, কেউ গ্যারেজে। এখন কমে গেছে। ফুটপাত থেকে তাদের বাবা-মাকে তুলে দেওয়ার বহু চেষ্টা করা হয়েছে। পেট্রলপাম্প কর্তৃপক্ষকেও বলা হয়েছিল তাদের যেন বসতে দেওয়া না হয়।

নিজেকে সৌভাগ্যবান মনে করেন জিহাদ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া, হাফ ভাড়ায় বাসে চড়ে কলেজ করার সুযোগ পেয়ে দেশের প্রতি কৃতজ্ঞ তিনি। নিজের অবস্থান থেকে এবার দেশের জন্য কিছু করতে চেয়েছেন। সে জন্যই এই স্কুল। এই শিশুরা এসএসসি পাস করবে, জিপিএ–৫ পাবে, প্রথম শ্রেণির কর্মকর্তা হবে—এমন স্বপ্ন নেই জিহাদের। শুধু চান, এরা একটু লিখতে-পড়তে শিখুক। অন্তত বাবার কাছ থেকে নিজেদের জমির দলিলগুলো বুঝে নিক তারা।

আর কী করতে চান তাদের জন্য—জানতে চাইলে জিহাদ বলেন, ‘ওদের একটা কর্মসংস্থান হলে ভালো হতো। ধরা যাক, টুকিটাকি হাতের কাজ ওরাই করুক। সেগুলো বিক্রি করে ওদের চলে যেত। ছোট্ট পরিসরে চেষ্টাও করেছিলাম।’ সম্প্রতি তাঁরা উদ্যোগ নিয়েছেন, যার বাড়ি যে অঞ্চলে, সেখানকার লোকজ পণ্য এনে নামমাত্র মুনাফায় বিক্রি করবে।

জিহাদ জানান, সুহৃদদের কাছ থেকে পরামর্শ, সহযোগিতা চান তাঁরা। একা ক্লাস নিতে পারছেন না বলে তরুণদের নিয়ে একটি ফোরাম করেছেন। নাম দিয়েছেন ‘তরুণ প্রজন্ম বাংলাদেশ’। ঢাকায় স্বেচ্ছাশ্রমে চালানোর জন্য এ রকম আরও স্কুল করতে চান তাঁরা। অন্যতম পরিকল্পনা একটি ব্লাড ব্যাংক গঠন। সেখান থেকে রক্ত দেওয়া হবে রিকশাচালক ও সুবিধাবঞ্চিত মানুষকে।

ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর শেষ করে জিহাদ কাজ করছেন চ্যানেল টোয়েন্টিফোরে। পদাতিক নাট্যদলের সঙ্গে ছিলেন কিছুদিন। এখন ‘পূর্বের থিয়েটার’ নামে একটি দল করেছেন। জিহাদের স্কুলের শিশুরাও সেই দলে নাটক করার সুযোগ পায়। এই শিশুদেরও একটা থিয়েটার আছে, নাম ‘কানাগলি’। দুটি পথনাটকও করেছে তারা।

জিহাদের স্কুলে পড়ে জুঁই। তাকে জিজ্ঞেস করি, ‘প্রিয় খাবার কোনটা?’ সে বলে, ‘আমড়ামাখা।’ জিহাদ ছাত্রীর মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলেন, ‘এর থেকে বেশি ভাবতে পারে না।’ একটু দূরে বসে জিহাদের আরেক ছাত্র। পড়া শেষে একটি কুকুর জড়িয়ে ধরে বসে ছিল সে। তার দিকে তাকিয়ে জানতে চাই, ‘কী অবস্থা? রাতে খাওয়ার টাকা আছে?’ সে বলে, ‘১০ টাকা আছে। পাঁচ টাকার চাটনি আর পাঁচ টাকার ভাত। মাইখা খায়া লমু।’