কাজের ফাঁকে পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে গাড়ির যন্ত্রপাতি নিয়েই কারবার ছিল মোহাম্মদ হেলালের। গাড়ির কাচ পরিষ্কার করা, চাকায় হাওয়া দেওয়া ও ছোট যন্ত্রাংশ লাগানোর কাজ করত সে। এখনো সেই গ্যারেজেই কাজ করে হেলাল, তবে এখনকার দিনগুলো বদলে গেছে। কাজের ফাঁকে এখন সে বিদ্যালয়ে যায়, সে পড়তে ও লিখতে পারে। মা-বাবাকে চিঠি লিখে দেয়। বিদ্যালয় পাস দিয়ে কলেজে পড়ার স্বপ্ন দেখে সে। জীবনে দক্ষতা অর্জনের পাঠ নেয়। হেলাল তাঁর বাবা-মার সঙ্গে থাকে বউবাজার রাজা মিয়া কলোনিতে। বাবা রিকশা চালান। মা অন্যের বাড়িতে কাজ করেন। দক্ষিণ-পশ্চিম বাকলিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র হেলালকে নিয়ে স্বপ্ন দেখেন তাঁর বাবা-মা। হেলালের মতো আরও অনেকে এখন কাজের পাশাপাশি পড়াশোনা করছে। সামাজিক জীবনে দক্ষ হয়ে ওঠার পাঠ নিচ্ছে। এদের কেউ কেউ আগেও টুকটাক কাজ করত। অনেকে পথে পথে ঘুরে বেড়াত। তাদের বাবা-মায়েরা ভাগ্য পরিবর্তনের আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামে এসেছেন। শিশুরা যাতে নিজের সমস্যা ও দাবির কথা বলতে পারে সেজন্য প্রতিটি ওয়ার্ডে শিশুপরিষদ গঠন করা হয়েছে। শিশুরা ভোট দিয়ে নেতা নির্বাচন করে এবং সেই নেতা ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করে।এসব ঝরেপড়া শিশুর শিক্ষার সুযোগ করে দিয়েছে ব্রাইট বাংলাদেশ ফোরাম। সংগঠনটি সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে শিশুদের বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া ও বক্সিরহাট ওয়ার্ডের ১৫০ জন কর্মজীবী শিশু বর্তমানে কাজের ফাঁকে পড়াশোনা করছে। শিশুরা যাতে পড়াশোনায় ভালো করতে পারে এ জন্য চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং করানো হয়। পাশাপাশি এদের নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা হয়। আগে তারা কী কাজ করত? এমন প্রশ্নের জবাবে একেকজন একেক কথা বলে। কেউ ফিশারিঘাটে বরফভাঙা, মাছকাটা, শুঁটকি বাছাইয়ের কাজ করত। কেউ ছিল বাস ও টেম্পুর সহযোগী। অনেকে ভাঙারি, লবণ ও পোশাককারখানায় কাজ করত। অনেকে আবার পিঠা বানিয়ে বিক্রি করত, বাজারে মাছের মাথা ও মুরগির কলিজা বিক্রি করত। এদের অভিভাবকদের কেউ রিকশা ও ভ্যান চালান, কেউ কুলি বা দিনমজুর। শিশুদের মায়েরা পোশাককারখানায় কাজ করেন, বিভিন্ন বাসায় ঝিয়ের কাজও করেন অনেকে। মূলত দারিদ্র্য ও অসচেতনতার কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেন না অভিভাবকেরা। ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, ‘শিশুর দক্ষতা বাড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। ওরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে। এভাবে একদিন তারা এলাকার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’ শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও আছে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের স্কুল অব ফাইন আর্টসে এবং বাদুরতলায় গৌরী ললিতকলা একাডেমিতে তাদের নাচ ও গান শেখানো হয়। এ ছাড়া সপ্তাহে এক দিন ১২০ জন শিশুকে বিনা মূল্যে চট্টগ্রাম শিশুপার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা যে কোনো দুটি রাইডে চড়ার সুযোগ পায়। সাড়ে তিন বছর আগে ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ত রুমা আক্তার। এখন সে পড়ালেখার পাশাপাশি ফোরামের চাইল্ড মোটিভেটর হিসেবে কাজ করছে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বগারবিল এলাকার বাসিন্দা রুমা আক্তার এলাকার উন্নতির জন্য কাজ করেছে। এলাকায় খাল পরিষ্কার করেছে। তার সহযোগিতা ও সরকারি-বেসরকারি সংগঠনের উদ্যোগে ৮-১০টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। প্রায় ১০০ শিশুর জন্মনিবন্ধন করেছে সে। মো. রবিউলের (১১) অভিভাবক ভাগ্য পরিবর্তনের আশায় কুমিল্লার মুরাদনগর থেকে চট্টগ্রাম এসেছিলেন। বর্তমানে সে আবুল হোসেন কলোনিতে থাকে এবং ঘাটফরহাদবেগ সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। মর্জিনা আকতার (১১) ঘাটফরহাদবেগ সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।রবিউল বলে, ‘শিশুরা অধিকার পায় না। পড়াশোনা করে আমরা জানতে পারছি আমাদের অধিকার কী। সে সব অধিকার আদায়ে আমরা কাজ করছি। পাশাপাশি নিজেদের শিক্ষিত ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। কাজ করে যে টাকা আমরা আয় করি তা দিয়ে মা-বাবাদের সাহায্য করতে পারি।’‘আমি শুনেছি মেয়েরা এখন দেশ চালাচ্ছেন। আমরাও পড়াশোনা করে বড় চাকরি করতে চাই।’ এভাবেই ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলল মর্জিনা।