কাজের বেলায় সমান মজুরিতে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের ফাঁকে নালার পাশে বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন। শাড়ির আঁচলে বেঁধে রাখা পান খুলে চুন মাখছিলেন মনোয়ারা বেগম। বয়স ৩০-৩৫ হবে। কথা বলতে চাইলে পান খাওয়া লাল ঠোঁটে হেসে সম্মতি জানালেন। মনোয়ারা বেগমের মতোই সাহিদা খাতুন, সালেহা বেগম, হাসিনা বেগম, তাছিরন বিবি, রিনা বেগম, সামিনা, রোজিনাসহ অনেক নারী নগরের বিভিন্ন এলাকায় ভবন নির্মাণ কিংবা সড়ক সম্প্রসারণে শ্রমিকের কাজ করেন। এঁদের মনোয়ারা বেগমই নিয়ে এসেছেন এ কাজে। গতকাল নগরের বহদ্দারহাট থেকে কলেজ সড়ক পর্যন্ত সড়কের সম্প্রসারণকাজে কর্মরত এসব নারী শ্রমিকের সঙ্গে কথা হয়। মাটি কাটা ও তোলা, ইট বহন ও ভাঙার কাজে সহায়তা করাসহ পুরুষের পাশাপাশি কাজ করে যান এসব নারীশ্রমিক। পুরুষের সমান কাজ করলেও এসব নারীশ্রমিক মজুরি পান না পুরুষের মতো। কীভাবে এ কাজে আসা জানতে চাইলে মনোয়ারা বলেন, বন্যা আর নদীভাঙনে বাড়িঘর সব বিলীন হয়ে গেছে। তাই পাঁচ বছর আগে রংপুর থেকে চট্টগ্রামে এসেছেন কাজের খোঁজে। শুরুতে স্বামীসহ ছোট দুই ছেলেকে নিয়ে বস্তিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতেন। পরে পড়শির মাধ্যমে ইট ভাঙার কাজ জুটিয়ে নেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে স্বামীকেও এ কাজে নিয়ে আসেন। লেগে যান মাটি তোলা, ইট ভাঙা ও বহন করাসহ রাস্তা সম্প্রসারণের বিভিন্ন কাজে। স্বামী সন্তানকে নিয়ে নগরের ফজলি আকবর শাহ মাজারের পাশেই গড়েছেন তাঁর সংসার। স্বামী-স্ত্রীর দুজনের আয়ে মোটামুটি সুখেই আছেন। বড় ছেলে অষ্টম শ্রেণীতে পড়ে। ছোটটিকে এখনো বিদ্যালয়ে পাঠায়নি। দৈনিক মজুরির কথা জানতে চাইলে নারীশ্রমিকেরা বলেন, মহিলারা ২০০ টাকা, পুরুষেরা পায় ২৫০ টাকা। মজুরিতে বৈষম্য করা হচ্ছে কেন জানতে চাইলে পঞ্চাশোর্ধ্ব সালেহা বেগম বলেন, পুরুষের গায়ের জোর নারীদের চেয়ে বেশি। তা ছাড়া নারীদের চেয়ে অপেক্ষাকৃত কঠিন কাজ তাঁদের দিয়ে করানো হয়। এখন তো একজনের আয়ে সংসার চলে না। আমরা মেনেই নিয়েছি। নান্নু মিয়া জানান, ‘মাঝেমধ্যে দেখা যায় নারীরাও কাজে পুরুষের সমান পারদর্শী। কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক সমাজের কারণে সেটা গা সয়ে গেছে। কার কথা কে বলবে? এ ব্যাপারে কারও কোনো আক্ষেপ করতেও দেখিনি।’ঠিকাদার মো. জাকের হোসেন জানান, আসলে ‘পারিশ্রমিক আমরা কম দিই না। পুরুষেরা যে কাজ করতে পারে নারীরা তা কম পারে তাই এ ব্যবস্থা। তা ছাড়া শহরের অন্যান্য শ্রমিকের জন্য নির্ধারিত পারিশ্রমিকই দিয়ে থাকি।’ তাঁদের সঙ্গে কথা বলে আরও জানা গেল, সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের কাজ করতে হয়। ক্লান্ত হলে সড়কের পাশেই বসে একটু জিরিয়ে নেন সবাই। দুপুরের খাবার বাসা থেকেই রান্না করে নিয়ে আসেন। সারা দিন হাড়ভাঙা খাটুনি করেন, ক্লান্তি লাগে না—জানতে চাইলে রিনা বেগম বলেন, ক্লান্তি তো লাগেই। পেটের দায়ে তো সবই করতে হয়। সব মেনেও নিতে হয়।