কাজের মাঝে গানের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজে কাজে বেলা যায়, কাজের মাঝে দিনটি আসে আনন্দের বড় উপলক্ষ হয়ে। তাই সবার চোখে-মুখে আজ অন্য রকম দীপ্তি। কেউ এসেছেন সপরিবারে, কেউবা সবান্ধব। সারা বছরের কর্মব্যস্ততার পর সুরের ভেলায় ভেসে হারিয়ে গেলেন কাজপাগল মানুষগুলো। গত ৩০ নভেম্বর নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো বার্জার পেইন্ট শ্রমিক ইউনিয়নের সংগীতসন্ধ্যা। সেখানে গান করেন তারকাশিল্পী হৈমন্তী রক্ষিত মান, নিশীতা বড়ুয়া ও প্রেমসুন্দর বৈষ্ণব। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। শ্রমিক ইউনিয়নের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) হুমায়রা ফাতেমা, পরিচালক নাজিম উদ্দীন হেলালী ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলজার হোসেন। রূপালী চৌধুরী বলেন, ‘বার্জার পেইন্টসের উন্নতির মূলে রয়েছে সব কর্মীর নিরলস পরিশ্রম। আগামী দিনে নতুন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের আরও পরিশ্রম করতে হবে।’শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন বার্জার পরিবারের কর্মীরা। তারপর মঞ্চে আসেন চট্টগ্রামের আঞ্চলিক গানের আলোচিত নতুন জুটি প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতা। শেফালী গোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের গাওয়া অসাধারণ কিছু গান গাইলেন, কথার লড়াইয়ে মেতে ছড়ালেন আনন্দের মৌতাত। এ জুটি বর্তমান সময়ের জনপ্রিয় গান ‘আমি তোমার বুকের ভেতর একবার ঘুরে আসতে চাই’ গেয়ে অনুষ্ঠানে ভিন্ন আমেজ আনে। এরপর মঞ্চে আসেন ক্লোজআপ-ওয়ান খ্যাত তারকা নিশীতা বড়ুয়া। দলছুটের বিখ্যাত ‘বায়োস্কোপ’ আর নিজের মৌলিক গান ‘বন্ধু তোমায় মনে পড়ে’ গেয়ে আসর জমিয়ে দেন তিনি। এরপর ‘সোনাবন্ধু তুই আমারে’ গেয়ে সত্যিকার অর্থে দিওয়ানা করেন দর্শকদের।সবশেষে মঞ্চে আসেন হৈমন্তী রক্ষিত মান। তিনি ‘ওরে সাম্পানওয়ালা’, ‘হাত বাড়ালে বন্ধু পাবে’, ‘ঘুম ভাঙাইয়া’ গেয়ে সুরের মায়ায় বিভোর করে যান সবাইকে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দিলরুবা খানম।