কাজের শুরুতে বেশি পরিশ্রম করতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো জবস ও এবিসি রেডিওর আয়োজনে ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান তাহিনয়্যাত আহমেদ করিম এসেছিলেন এবিসি স্টুডিওতে, চাকরি ও ক্যারিয়ার নিয়ে সরাসরি কিছু প্রশ্নের উত্তর দিলেন। কাজে লাগবে বলে সাক্ষাত্কারের চুম্বক অংশ ছেপে দেওয়া হলোপ্রশ্ন: আপনি ব্র্যাক ব্যাংকের শীর্ষ অবস্থানে আছেন। ব্যাংকিংটা কি কেবল একটা চাকরি, নাকি এখানে ক্যারিয়ার তৈরির সুযোগ আছে?তাহিনয়্যাত আহমেদ করিম: অবশ্যই এখানে ক্যারিয়ার তৈরির সুযোগ আছে। এটা এমন নয় যে এখানে কেবল আমি অঙ্ক করছি। মানে কেবল ডেবিট ও ক্রেডিট হিসাবই ব্যাংকিং নয়। এখানে অনেক কিছু জড়িত। একটা প্রতিষ্ঠানকে লাভজনক করে তোলা, মানুষের উন্নতি করা, দেশের স্বার্থে করা সবকিছুই কিন্তু ব্যাংকিংয়ে আছে।প্রশ্ন: আমরা তো জানি যে ব্যাংকিং মানেই হচ্ছে হিসাব-নিকাশের ব্যাপার...তাহিনয়্যাত: এ ধারণাটা ভুল। ব্যাংকিংয়ে ক্যারিয়ার জন্মানোর জন্য যেকোনো ক্ষেত্রে—সেটা মানবসম্পদ বিভাগ, বিপণন হতে পারে, ফাইন্যান্স, তথ্য-প্রযুক্তিতেও কাজ করা যেতে পারে। আমাদের এখানে একটা মজার বিভাগ আছে, যেটাকে আমরা বলি চ্যানেল ইনফ্রাস্ট্রাকচার বিভাগ, সেখানে আসলে প্রকৌশলীরাও কাজ করছেন। আমাদের নতুন শাখা তৈরি করতে তাঁরা কাজ করেন। কোথায় ব্যবসা ভালো হবে, কীভাবে হবে, কেমন করে হবে, তা অনেকটা তাঁরা নিশ্চিত করেন। অতএব ব্যাংকিং মানেই কেবল ডেবিট ও ক্রেডিট নয়, হিসাব-নিকাশ নয়।প্রশ্ন: ঠিক কোন বিষয়ে কিংবা বিভাগের ছাত্র হতে হবে ব্যাংকে কাজ করতে হলে?তাহিনয়্যাত: আমাদের একটা বিভাগ আছে অপারেশন, যেটাকে বলি সাপোর্ট টিম। যেকোনো বিষয়ে পড়াশোনা করে এসেও যোগ দিতে পারেন, যদি আপনার সাধারণ জ্ঞান, যোগাযোগের দক্ষতা থাকে। কীভাবে আমরা একটা প্রজেক্ট শুরু করব, শেষ করব—এর সবই ব্যাংকিং। কোন বিষয়টা ব্যাংকিংয়ে নেই, তা আমি বলতে পারব না। যে বিষয়েই পড়াশোনা করেন না কেন। এমনকি চিকিৎসকদেরও আমাদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা আছে। অতএব এমন কোনো সেক্টরকে বাদ দেওয়া যাবে না, যে ব্যাংকিংয়ে আসতে পারবে না। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়েই পড়াশোনা করতে হবে, তা সম্পূর্ণ ভুল ধারণা।প্রশ্ন: একজন সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা অভিজ্ঞতাহীন ব্যক্তিকে আপনারা চাকরিতে নেবেন, তখন তাঁদের মধ্যে কী কী যোগ্যতা আপনারা দেখেন? ওখানে সিজিপিএ কতটা গুরুত্বপূর্ণ?তাহিনয়্যাত: একেবারে শুরুর পর্যায়ে সিজিপিএ নিয়ে আমরা অতটা ভাবি না। পড়াশোনাটা গুরুত্বপূর্ণ। সেটা মনোযোগ দিয়ে করেছ কি না, তা তো ফলেই আমরা দেখতে পাব। তবে এটাও নয়, আমরা ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পাওয়া কাউকে খুঁজছি। যেটা আমরা সব সময় দেখার চেষ্টা করি, প্রার্থীর আত্মবিশ্বাসের মাত্রাটা কতখানি। যোগাযোগ দক্ষতাটা কত ভালো। এটা নয় যে খুব ভালো ইংরেজি বলতে হবে। কীভাবে সে বসল, কীভাবে ঢুকল, প্রতিষ্ঠানের প্রতি কতটা আগ্রহ, পরিষ্কার-পরিচ্ছন্নভাবে নিজেকে উপস্থাপন করতে পারল কি না—এসব দেখা হবে। একটা সাধারণ অনুষ্ঠানে জিন্স পরে আসা যায়, টাইটা একটু লুজও হতে পারে, কিন্তু চাকরির ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন।প্রশ্ন: বারবার যে বিষয়টা এসেছে, সেই যোগাযোগের দক্ষতাটা কতখানি গুরুত্বপূর্ণ এবং কোন ক্ষেত্রে?তাহিনয়্যাত: এখানে গ্রাহকদের সঙ্গে কাজ করার বিষয় জড়িত। একেবারে নির্দিষ্টভাবে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদের সঠিক তথ্য সুন্দরভাবে দিতে হবে। এর মাঝখানে যাতে কোনো ভুল তথ্য না যায়। কেননা গ্রাহকেরাই কিন্তু আমাদের সব। ওদের সঙ্গেই সারাক্ষণ আমাদের কাজ করতে হচ্ছে। গ্রাহকদের আস্থাটা ধরে রাখার এই জায়গায়ই যোগাযোগ করার দক্ষতাটা জড়িত।প্রশ্ন: ব্যাংকে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যে নিজেকে প্রস্তুত করতে হয়, সেই প্রস্তুতি পর্বটা কেমন হবে? নিজেকে প্রস্তুত করতে কী করতে হবে?তাহিনয়্যাত: যেকোনো বিষয়ে স্নাতক পড়ো না কেন, জিম্যাট, স্যাটের প্রশ্নপত্রগুলো যদি সমাধান করো, পত্রিকাটা নিয়মিত পড়ো, তবে অবশ্যই সাম্প্রতিক খবরাখবর জানা থাকবে। এ ছাড়া প্রশ্নে কিছু অঙ্ক থাকবে, আইকিউ টেস্ট থাকবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যন্ত তো সবাই গণিত করেই আসি। মৌলিক বিষয়গুলো থাকবে। যে ব্যাংকিং নিয়ে কাজ করতে আসে, সে নিশ্চয়ই গণিতে খারাপ করতে পারবে না।প্রশ্ন: আমাদের প্রজন্মে একটা ধারণা আছে—ব্যাংকিং পেশায় দীর্ঘ সময় কাজে থাকতে হয়। এ ক্ষেত্রে চাকরিজীবী, বিশেষ করে মেয়েরা ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে কীভাবে সমন্নয় করবে?তাহিনয়্যাত: প্রথম জীবনে অনেক কাজ করতেই হবে। তবে আমরা আমাদের ব্যাংকে ছেলেমেয়ে উভয়ের মধ্যে কাজের ভারসাম্য রাখার চেষ্টা করি। তবে নতুন হিসেবে প্রথম জীবনে উচিত নিজে থেকেই একটু অতিরিক্ত সময় দিয়ে কাজ শিখে নেওয়া। কাজের শুরুতে বেশি পরিশ্রম করতেই হবে। এটা কোনো মেয়ে বা ছেলের বিষয় নয়, উভয়ের জন্যই উচিত। আর এ ক্ষেত্রে গুছিয়ে কাজ করতে হবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। আর অতিরিক্ত সময়টা আনন্দের সঙ্গে কাজ করতে হবে।প্রশ্ন: অনেক স্নাতক পর্যায়ের শিক্ষার্থী নিজেদের পড়ালেখা শেষ করার পর বহুজাতিক কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখেন, কিন্তু কেন দেশি কোম্পানিতে নয়?তাহিনয়্যাত: এটা হয়তো শিক্ষকেরা ভালোভাবে বোঝাচ্ছেন না। একটা দেশি কোম্পানিতে কাজ করার যে আনন্দ, সেটা অন্য প্রতিষ্ঠানে কাজ করার চেয়ে বেশি। এখানে চাকরির সুযোগ আছে, ক্যারিয়ার তৈরির সুযোগ আছে।প্রশ্ন: বাংলাদেশে এখন প্রায় ৫০টিরও বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। গড়ে প্রতিবছর বিবিএ থেকে ২০০ জন করে বের হলে ১০ হাজার শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে। আর চাকরির ক্ষেত্রে হয়ত আছে মাত্র ২০০টা চাকরি। অতএব আমাদের এখন বলা হবে শিক্ষিত বেকার। এ ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর কী ভূমিকা রাখছে। তাহিনয়্যাত: চাকরির সুযোগ নেই, সেটা আমি বলব না। এখন অনেক চাকরির সুযোগ আছে। কেন কেবল ব্যাংকিং, টেলিকম কোম্পানির কথা ভাববে। ফার্মাসিউটিক্যালস, গবেষণাপ্রতিষ্ঠান, এনজিও আছে। শিক্ষাক্ষেত্র আছে। কেন শিক্ষক হবে না। একজন ভালো সাংবাদিকও হতে পারো। সব জায়গাতেই অনেক কিছু হচ্ছে। কিন্তু আমরা ফোকাসটা হারিয়ে ফেলছি যে আমরা আসলে কী হতে চাই। দেশে কিছুটা চাকরির অভাব আছে, কিন্তু এতটা অভাব হবে বলে মনে হয় না।প্রশ্ন: চাকরির ক্ষেত্রে আমরা অভিজ্ঞতার কথা বলি। অভিজ্ঞতা থাকলে ক্যারিয়ারে দ্রুত উন্নতি করা যায়। কিন্তু ব্যাংকিং সেক্টরে পার্টটাইমের সুযোগ আছে কি না, থাকলে কি করা যায়?তাহিনয়্যাত: চুক্তিভিত্তিক কাজ করতে পারো। কলসেন্টার রয়েছে। কোনো পত্রিকায় প্রদায়ক হিসেবে কাজ করার সুযোগ আছে। তুমি আড়ংয়ে, কেএফসি, পিত্জা হাটের দিকে দেখতে পারো। সেখানে বিক্রয়কর্মী হিসেবে যোগাযোগের দক্ষতা বাড়ানোর সুযোগ আছে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা কোনো কাজকে অতটা গুরুত্ব দিতে চাই না। এসব ক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে কাজ করার সুযোগ আছে।অনুলিখন: সাইফ উদ্দিন