কাজের সুবিধা যখন ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে আপনার কক্ষেই হয়তো রয়েছে একটি লেজার প্রিন্টার। যখন-তখন প্রয়োজনে চট করে উঠে কোনো কিছুর প্রিন্ট নেওয়া যায়। এই সুবিধার জন্য হয়তো নিজেকে ভাগ্যবানই ভাবছেন। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এতে বরং আপনি এক ধরনের কর্মজনিত ঝুঁকির (অকুপেশনাল হ্যাজার্ড) মধ্যে আছেন। লেজার প্রিন্টার যখন কাজ করে, তখন যন্ত্রটি থেকে শূন্য দশমিক ১ মাইক্রোমিটার আয়তনের ক্ষুদ্র কণা চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর সেই কণা কক্ষের বাতাসে মিশে যায় এবং আপনি সেগুলো প্রশ্বাসের সঙ্গে ফুসফুসের ভেতরে নেন। এ ধরনের কণার সঙ্গে তুলনা করা যায় যানবাহন থেকে নিঃসৃত ক্ষুদ্র কণা বা কাঠ পোড়ালে যে কণা ওড়ে তার। আর এ ধরনের পরিবেশে বেশি দিন থাকলে আপনি হাঁপানিতে আক্রান্ত হতে পারেন। তাই বিজ্ঞানীদের পরামর্শ, প্রিন্টার অফিসকক্ষে রাখা অপরিহার্য হলে সেটি এমন জায়গায় থাকবে, যেখানে লোকজন বেশি দাঁড়ায় না। আর সেখানে যথেষ্ট আলো-বাতাস চলাচলের সুযোগ থাকতে হবে। কাগজ প্রিন্ট করতে দিয়ে আপনার ওখানে দাঁড়িয়ে থাকারও দরকার নেই। আপনি যদি আগে থেকেই হাঁপানি বা অ্যালার্জিতে আক্রান্ত হন, টেবিলটা লেজার প্রিন্টার থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে নিন। এবিসি হেলথ।