কাঞ্চননগরের ডাঁসা পেয়ারা
বড় বড় ডাঁসা পেয়ারা। দেখলে চোখ ফেরানো যায় না। গন্ধ আর স্বাদের দিক থেকে এর তুলনা নেই। সারা দেশে তাই একনামে পরিচিত চন্দনাইশের কাঞ্চননগর পেয়ারা। এই পেয়ারা বাগান থেকে এখন হাটে আসতে শুরু করায় পাইকারি ক্রেতা ও চাষিদের ভিড় জমেছে উপজেলার দোহাজারী বাজারে।এ বছর পেয়ারার ফলন ভালো হয়েছে। তবে রোজার মাস এসে পড়ায় পেয়ারার দাম তেমন ওঠেনি। বাগানও আগাম বিক্রি হয়নি। এতে হতাশ চাষিরা। একাধিক চাষি জানান, এর আগে তাঁরা দেড় থেকে দুই লাখ টাকায় অগ্রিম বাগান বিক্রি করেছেন ব্যবসায়ীদের কাছে। এ বছর হাতেগোনা কয়েকটি বাগান অগ্রিম বিক্রি হয়েছে মাত্র।চাষিরা ক্ষতির শিকার হলেও লাভবান হচ্ছেন ফড়িয়া, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। এক ডজন পেয়ারা বিক্রি করে চাষিরা পান ১২-২৪ টাকা, অথচ খুচরা বাজারে এই পেয়ারা বিক্রি হচ্ছে ২০-৬০ টাকায়।বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, বরগুনি বিটের অধীনে সাড়ে সাত হাজার একর ভূমি রয়েছে। এর মধ্যে কাঞ্চননগর, হাশিমপুর, জঙ্গল জামিজুরি ও লালুটিয়ায় এক হাজার হেক্টর জমিতে এবং নিজস্ব আরও ২০০ হেক্টর জমিতে প্রায় ছোট-বড় ১০ হাজার পেয়ারা বাগান রয়েছে। আগামী তিন মাস পর্যন্ত বাগান থেকে চাষিরা পেয়ারা তুলবেন।বিভিন্ন জেলায় এই পেয়ারার যথেষ্ট চাহিদা রয়েছে। এই কারণে দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এসে পেয়ারা কিনে ট্রাক, অটোরিকশায় করে গন্তব্য স্থানে নিয়ে যান। ১৭ জুলাই মঙ্গলবার বাগিচাহাট, কাঞ্চননগর ও দোহাজারী বাজারে গিয়ে দেখা যায়, একঝুড়ি পেয়ারা ৯০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ঝুড়িতে ৫০০ থেকে ৭০০ পেয়ারা থাকে। কিন্তু বিভিন্ন এলাকার খুচরা বাজারে বর্তমানে একটি পেয়ারা সর্বনিম্ন পাঁচ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রচুর লাভবান হচ্ছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। কিন্তু পেয়ারাচাষি অত লাভবান হচ্ছেন না।পেয়ারাচাষি মোহাম্মদ শাহাব উদ্দীন জানান, রোজার কারণে এবার বিক্রি কম। তা ছাড়া বাগানে যাতায়াতের রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে যায়। এ ছাড়া শ্রমিকের মজুরিও পাল্লা দিয়ে বাড়ছে। অথচ কৃষক পেয়ারার দাম পাচ্ছেন না।চাষি মোহাম্মদ আলী জানান, এক ঝুড়ি পেয়ারা তুলে বাগান থেকে বাজারে নিয়ে আসা পর্যন্ত একজন শ্রমিকের খরচ পড়ে ২৮০ থেকে ৩০০ টাকা।এ ছাড়া গাছ পরিষ্কার, কীটনাশকের খরচসহ একটি বাগানের পেছনে খরচ পড়ে প্রায় ৪০-৫০ হাজার টাকা। কয়েক বছর ধরে বাগান বিক্রি হচ্ছে ৬০-৭০ হাজার টাকায়। অথচ ২০০৮ সালে একটি বাগান বিক্রি হয়েছিল এক থেকে দেড় লাখ টাকায়।এ ব্যাপারে চন্দনাইশের উপজেলা কৃষি কর্মকর্তা আবু কাউসার মোহাম্মদ সরওয়ার জানান, কৃষি বিভাগ থেকে রোগবালাই সম্পর্কে চাষিদের প্রতিবছর পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যতেও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী বলেন, ‘প্রতিবছর প্রচুর পেয়ারা বিক্রির অভাবে নষ্ট হয়। এতে লাখ লাখ টাকার ক্ষতির শিকার হচ্ছেন পেয়ারাচাষিরা। ফল প্রক্রিয়াজাত কারখানা থাকলে চাষিরা লাভবান হতেন। এতে তাঁরা সস্তায় পেয়ারা বিক্রি করতে বাধ্য হতেন না।’