কাঞ্চননগরের পেয়ারার সুবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের বিখ্যাত কাঞ্চননগরের পেয়ারা বাজারে আসতে শুরু করেছে। বাগানি, আড়তদার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত উপজেলার হাশিমপুর বাগিচা হাট বাজার। ১১ হাজার বাগানের কয়েক হাজার হেক্টর জমিতে এবার পেয়ারার চাষ হয়েছে। ফলন আশানুরূপ না হলেও পেয়ারা বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষককেরা। উপজেলার কাঞ্চননগর, হাশিমপুর ও জঙ্গল জামিজুরী পাহাড়ি এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে পেয়ারার বাগান আছে। আগামী দুই মাস চাষিরা বাগান থেকে পেয়ারা তুলবেন। চন্দনাইশের পেয়ারার খ্যাতি দেশের সীমানা ছাড়িয়েছে। দেশের সব জেলায় এই পেয়ারার চাহিদাও রয়েছে। এ কারণে দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা এই এলাকায় হাজির হন পেয়ারা কিনতে।গত মঙ্গলবার বাগিচাহাট বাজারে গিয়ে দেখা গেছে, এক ভার পেয়ারা ৭০০-৮০০ টাকায় বিক্রি করছেন চাষিরা। প্রতিভারে থাকে ৬০০-৭০০ পেয়ারা। এই পেয়ারা আবার পাইকারি বিক্রেতারা বিক্রি করছে ৯০০ থেকে এক হাজার টাকায়।পেয়ারা ভালো দামে বিক্রি হলেও ফড়িয়াদের পকেটেই যায় লাভের টাকা। কাঞ্চননগর এলাকার পেয়ারাচাষি আবদুল মালেক জানান, তিনি এক ভার পেয়ারা ৮০০ টাকায় বিক্রি করেছেন। ফড়িয়ারা এই দামে পেয়ারা কিনে শহরে কয়েক গুণ বেশি দামে বিক্রি করছে। দাদন ও ঋণের কারণে চাষিরা ফড়িয়াদের কাছে জিম্মি।বাগানচাষি বদন আলী জানান, এক ভার পেয়ারা বাগান থেকে বাজারে আনতে বহু খরচ। শ্রমিককে একবেলা ভাত খাওয়ানোসহ দিতে হয় ৩০০ টাকা। যার ফলে অনেকেই বাগান ফড়িয়াদের কাছে বিক্রি করে দেন। হাশিমপুরের বাগান মালিক মোহাম্মদ আলী জানান, ‘১৪-১৫ ভার পেয়ারা পাওয়া যায় এমন বাগানের পেছনে খরচও করতে হয়। শ্রমিক কীটনাশক ও বছরে দুই বার বাগান পরিষ্কার করতে গিয়ে খরচ হয় ৪০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে আয় হয় ৬০ হাজার টাকা।’ বারআউলিয়া পেয়ারা মালিক সমিতির সভাপতি আবদুল শুক্কুর জানান, ‘চন্দনাইশে কোটি কোটি টাকার পেয়ারা উৎপাদন হলেও উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও অন্যান্য সংস্থাগুলো পেয়ারা চাষে কোনো সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসেননি। পেয়ারা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাজারে বিক্রি করতে আনা পেয়ারা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে চাষিরা কম মূল্যে পেয়ারা বিক্রি করতে বাধ্য হন। পেয়ারা চাষিরা দীর্ঘদিন ধরে হিমাগার স্থাপনের দাবি জানালেও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি।’ চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী জানান, ‘কৃষি বিভাগ থেকে রোগ-বালাই সম্পর্কে চাষিদেরকে পরামর্শ দেওয়া হয়। তবে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে প্রশিক্ষণের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’