কাটছে না চট্টগ্রামের ক্রিকেটখরা
বয়সভিত্তিক ও আন্তজেলা ক্রিকেটসহ কোনো টুর্নামেন্টেই গত মৌসুমে চট্টগ্রাম প্রথম রাউন্ড পার হতে পারেনি। অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে রাঙামাটির বিরুদ্ধে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম দল। অথচ এই চট্টগ্রামই মিনহাজুল আবেদীন, আকরাম খান, তামিম ইকবাল ও আফতাব আহমেদের মতো প্রতিভাবান ক্রিকেটারের জন্মস্থান।একসময় জাতীয় দলে একসঙ্গে চট্টগ্রামের ছয় থেকে সাতজন ক্রিকেটার খেলেছেন। জাতীয় ক্রিকেটে পাঁচ বার এবং জাতীয় যুব ক্রিকেটে হ্যাট্রিকসহ সর্বাধিক সাত বারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলা। এসব এখন শুধুই গৌরবময় ইতিহাস। দেশের ক্রিকেটাঙ্গনে চট্টগ্রামের সেই প্রতাপ এখন আর নেই কেন?নিবেদিত প্রাণ ক্রিকেট সংগঠকের অভাব, ক্রিকেট নিয়ে সংকীর্ণ রাজনীতি, মাঠের অভাব, মানসম্মত লীগ বা টুর্নামেন্ট না হওয়া, ত্রুটিপূর্ণ ক্রিকেটসূচি চট্টগ্রামের ক্রিকেটের দুরবস্থার জন্য দায়ী বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) নিয়মিত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলেও খেলার সূচি নিয়ে অসন্তোষ আছে ক্রিকেটারদের মধ্যে। জানা গেছে, ঢাকার ক্রিকেট মৌসুম শুরু হয় সেপ্টেম্বরে। প্রথমে প্রিমিয়ার ডিভিশন, তারপর প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ—এভাবেই লীগের খেলার সূচি নির্ধারণ করা হয়। এরই ফাঁকে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টগুলোও হয়। সবার শেষে হয় ক্লাব কাপ ও আন্তজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। চট্টগ্রামের ক্রিকেটসূচি ঢাকার ঠিক উল্টো। ফেব্রুয়ারির শুরুতে প্রথমে দ্বিতীয় বিভাগ, তারপর ফেব্রুয়ারির শেষে প্রথম বিভাগ এবং সবার শেষে মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার ক্রিকেট লীগ। প্রথম শ্রেণীর ক্রিকেটার মাসুম উদ দৌলা বলেন, ‘ঠিকসময়ে শুরু না হওয়ায় প্রিমিয়ার লীগের অনেক খেলোয়াড় দ্বিতীয় ও প্রথম বিভাগে খেলেন। নিয়ম আছে, একজন খেলোয়াড় কেবল একটা লীগেই খেলতে পারবেন। এ কারণে বহু সিনিয়র খেলোয়াড় প্রিমিয়ার লীগে খেলতে পারেন না। তার ওপর গ্রীষ্মে গরম ও বৃষ্টির কারণে খেলার অনুকূল পরিবেশ থাকে না।’ ক্রিকেট সংগঠক আলী আব্বাস বলেন, ‘আমাদের ক্রিকেটের মান বাড়াতে হলে প্রশিক্ষিত লোকজনকে হাল ধরতে হবে, মেধাবীদের মাঠে আনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’তবে ক্রিকেটে চট্টগ্রাম পিছিয়ে পড়ছে—এ কথার সঙ্গে একমত নন সিজেকেএস সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। তিনি বলেন, ‘বয়সভিত্তিক ক্রিকেটে অন্য জেলাগুলো বেশি বয়সী ক্রিকেটার নামিয়ে আমাদের হারিয়ে দিয়েছে।’সিজেকেএস-এর ক্রিকেট সেক্রেটারি আবদুল হান্নান আকবর বলেন, ‘আগে ক্রিকেট খেলত মাত্র কয়েকটি জেলা, আর এখন দেশের ৬৪ জেলাতেই ক্রিকেট হচ্ছে। অন্য জেলার ক্রিকেটাররা অত্যন্ত মনোযোগী। তাই প্রতিযোগিতা বেশি।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ্জুদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘চট্টগ্রামে এর আগে একটানা সাত-আট মৌসুম ক্রিকেট খেলা হয়নি। সে কারণে হঠাৎ করে খেলোয়াড়-সংকট দেখা দিয়েছে। তবে সিজেকেএস কর্তৃপক্ষ এবার যে হারে টুর্নামেন্টের আয়োজন করছে, এটি অব্যাহত থাকলে আবারও খেলোয়াড় তৈরি হবে।’