
এমন তো কখনো হয় না। কিন্তু সেদিন হলো। দুটি ঘুড়ি স্বাধীন হয়ে উড়াল দিল আকাশে। দুই দুষ্টু ছেলের ঘুড়ির লড়াইয়ে কাটা পড়েছিল তারা। একটা লাল, আরেকটা সাদা ঘুড়ি। আর স্বাধীন হলে কার না ইচ্ছে হয় দুনিয়াটা ঘুরে দেখার। ঘুড়িরাও তাই করল। মাঠ–প্রান্তর পেরিয়ে যেতে যেতে অবাক হয়ে দেখল নদী, জঙ্গল আর যা যা থাকে চারপাশের দুনিয়ায়। দুই ঘুড়ির এই অভিযানের মধ্য দিয়েই ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের শিশুনাট্যদলের নাটক ঘুড়ির কাহিনি ডালপালা মেলে।
গত ৩০ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে হয়ে গেল ইন্দোনেশিয়ার নাট্যকার হরজনা উইরে্যাসয়ে তৃষ্ণার লেখা ঘুড়ি নাটকের প্রথম মঞ্চায়ন। নাটকটি বাংলায় রূপান্তর করেছেন প্রভাত মুখোপাধ্যায় আর নির্দেশনায় ছিল ফেইমের নাট্যকলা বিভাগ। সার্বিক তত্ত্বাবধান করেন ফেইমের দলনেতা ও নির্দেশক অসীম দাশ।
নাটকের মঞ্চসজ্জা, আবহ সংগীত, পোশাক পরিকল্পনা ও অভিনয়—সব বিভাগেই দশে দশ দিতে হবে শিশু নাট্যদলকে। দুই দুষ্টু ছেলের ঘুড়ি ওড়ানোর দৃশ্য দিয়ে শুরু এই নাটক, শেষটাও হয় তাদের নিয়ে। একজনের নাম আগুন আরেকজনের নাম জয়। লেখাপড়ার বালাই নেই, সারা দিন ঘুড়ি ওড়ানো, জোনাকি পোকাদের বোতলে ভরে রাখা, মোরগদের ছুটিয়ে বেড়ানো আর বেচারা বিড়ালের লেজ মুচড়ে দেওয়াই তাদের কাজ। তো তাদের অত্যাচার থেকে মুক্ত হয়ে ঘুড়ির দল খুব খুশি। বেড়াতে বেড়াতে তাদের সঙ্গে দেখা জোনাকি, বিড়াল ও মোরগ দলের। তাদের সবাই ওই দুই দুষ্টু ছেলেকে জব্দ করতে চায়। কাঁহাতক আর যন্ত্রণা ভালো লাগে!
এদিকে দুষ্টু ছেলেরা দুষ্টুমিতে একটুও বিরতি দেয় না। নানা কিছু নিয়ে ঝামেলা লাগিয়েই রেখেছে তারা। এমনকি ফুটবল খেলা নিয়েও। তবে শেষে শাস্তি তাদের হয়েই যায়। পরীক্ষার রিপোর্ট কার্ড হাতে পেয়ে আগুন আর জয় দেখে দুজনেই সব বিষয়ে শূন্য পেয়েছে। আর তখনই সেখানে হাজির ঘুড়ি, জোনাকি পোকা, মোরগ আর বিড়ালেরা। সবাই এই প্রথম দেখল পরীক্ষার ফল হাতে পেয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে দুই দুর্বিনীত দুষ্টু ছেলে।
নাটকের মূল চরিত্রে সৌম্য, অন্বেষা, দিব্য ও প্রণম্যের অভিনয় ছিল দুর্দান্ত। ভালো লেগেছে বিড়াল চরিত্রে রূপ ও বাসচালকের চরিত্রে মৌপিয়ার অভিনয়। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছে অহির, স্বনন, প্রতীতি, প্রন্নোত, বায়জিদ, দিব্য, ইয়াশা, সুজলা, রুদমিলা, অর্ঘশ্রী ও ইয়াশা। আবহের গানগুলো গেয়েছে ঐশী, লিপিকা, পূজা, অন্বেষা ও পলি।
দুষ্টু ছেলেদের এই কাণ্ডকারখানা চোখের পলক না ফেলতেই যেন শেষ। আসলে ঘণ্টাখানেকের এই নাটকে ঘড়ির দিকে তাকানোরই ফুরসত মেলেনি দর্শকদের।