কাট্টলী বিলে মাছের উৎসব

পাশাপাশি কয়েক শ জেলে নৌকায় চলছে মাছ ধরা। কোনো নৌকা থেকে জাল ফেলা হয়েছে, কোথাও চলছে মাছ বাছাইয়ের কাজ। নৌকার ফাঁকে ফাঁকে বাঁশের খুঁটির ওপর ছোট ছোট মাচাং। জাল ও বড়শি ফেলা হয়েছে সেখান থেকেও। রাঙামাটির কাপ্তাই হ্রদের লংগদু এলাকার কাট্টলী বিলে গেলে চোখে পড়বে এমন মাছ ধরার উৎসব।
রাঙামাটির লংগদু উপজেলার লংগদু ও ভাসান্যা আদাম ইউনিয়নের ১৭ হাজার একর আয়তনের কাট্টলী বিল কাপ্তাই হ্রদেরই অংশ। রাঙামাটি ও লংগদুর মৎস্য বিভাগের কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, এই বিলে প্রায় সাড়ে ছয় হাজার নিবন্ধিত জেলে মাছ ধরেন। এর বাইরেও প্রায় আট হাজার জেলে বাইরে থেকে এসে এই বিলে মাছ ধরেন। সব মিলিয়ে ১৫ হাজার পরিবার এই বিলের ওপর নির্ভরশীল। বিলে চাপিলা, চিতল, কই, কালবাউশ, টাকি, শোলসহ প্রায় ২০-২৫ প্রজাতির মাছ মেলে। দৈনিক মাছ পাওয়া যায় আট থেকে দশ টন। রাঙামাটি হয়ে এই মাছ ঢাকা ও চট্টগ্রামের বাজারেও সরবরাহ করা হয়।
লংগদু উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ দেওয়ার পর লংগদুর কাট্টলী বিল জলমগ্ন হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে ১৭ হাজার একর আয়তনের বিল জেলার অন্যতম প্রধান মাছ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। একসময় ৭২ প্রজাতির মিললেও এখন মাছের সংখ্যা কমে গেছে।
সম্প্রতি কাট্টলী বিলে গিয়ে দেখা গেছে, ছোট–বড় কয়েক শ নৌকায় জেলারা মাছ ধরছেন। মাছ ধরার পর কাট্টলী বাজারের এক প্রান্তে সেসব বিক্রির জন্য আনা হচ্ছিল। পাইকারি ব্যবসায়ীরা সেখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন। আকার ভেদে প্রতি কেজি চিতল ১৫০-৫০০, চাপিলা ৭০-৮০, কই ৩০০-৫০০, শোল ২০০-৩০০ টাকায় বিক্রি হচ্ছিল। বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ‘আমার নৌকায় ১৫ জন জেলে কাজ করেন। এঁদের মাসে পাঁচ হাজার করে বেতন দিই। দৈনিক তিন থেকে চার মণ মাছ ধরা পড়ে। সব খরচ বাদ দিয়ে মাস শেষে ২০-২৫ হাজার টাকা আয় হয়।’
জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিলে জেলেদের কর্মচাঞ্চল্য থাকে। মে থেকে জুলাই—এই তিন মাস বাদ দিয়ে বাকি নয় মাস চলে মাছ ধরা। কাট্টলী বাজার, ভাসান্যা আদাম, কাট্টলী গ্রামসহ বিলের আশপাশের এলাকার জেলেরা এখানে মাছ ধরে। বিলের মাছকে কেন্দ্র করে ছোট্ট একটি চরে গড়ে উঠেছে শুঁটকি তৈরির খোলাও। সেখানে মাছ শুকানোর কাজে দুই শতাধিক শ্রমিক নিয়োজিত আছেন। মাছের পাশাপাশি এখানকার শুঁটকিরও চাহিদা রয়েছে সারা দেশে।
লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস বলেন, ‘কাট্টলী বিলে আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা ছয় হাজার ৫৪৬ জন। মাছের প্রজননের সময় নিবন্ধিত জেলেদের আমরা তিন মাস খাদ্য সাহায্য দিয়ে থাকি। বিলের মাছ রক্ষার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
চট্টগ্রাম থেকে কাট্টলী বিলের শুঁটকি কিনতে এসেছিলেন আবদুল হালীম। তিনি বলেন, ‘এখানকার শুঁটকির খুব চাহিদা আছে। আমি আট-দশ মণ শুঁটকি কিনে নিয়ে যাই। চাহিদা থাকায় দ্রুত বিক্রিও হয়।’
তবে বিলে মাছ কমে যাওয়ায় চিন্তিত জেলেরা। সরকার উদ্যোগ না নিলে বিলটি মাছশূন্য হয়ে পড়তে পারে, এমন আশঙ্কা তঁাদের। জেলে মো. নূর হোসেন, মো. ইকবাল ও মো. বেলাল হোসেন বলেন, কাট্টলী বিল থেকে মাছ ধরে হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করছে। কিন্তু আগে ৭০ প্রজাতির মাছ জালে ধরা পড়লেও এখন আট-দশ প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। এ সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। হ্যাচারি করে মাছের পোনা ছাড়লে সংকট কমবে।