কাট্টলীতে তিন বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের দক্ষিণ কাট্টলী কৃষি ব্যাংক কলোনিতে তিনটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ ৮৬ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকারসহ অন্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তিরা হলেন: জনতা ব্যাংকের হাটহাজারী সরকার হাট শাখার কর্মকর্তা মো. আলেক মিয়া ও তাঁর দুই ভাড়াটে রুপিয়া বেগম ও সৈয়দ আমির।আলেকের বাসা থেকে এক ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় হাজার টাকা এবং দুই ভাড়াটের বাড়ি থেকে নগদ ৮০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার লুট হয়। নগদ টাকাসহ মোট পাঁচ লাখ টাকার মালামাল লুট হয় বলে জানা গেছে।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী জানান, রাত সোয়া তিনটার দিকে অন্তত ১০ জনের একটি দল বাড়ির সীমানাদেয়াল পার হয়ে ভেতরের ফটকের তালা ভেঙে ফেলে। পরে তারা দোতলায় আলেক মিয়ার বাসায় দরজা ভেঙে ঢুকে পড়ে। এরপর দোতলার অপর পাশে এবং নিচতলায় দুই ভাড়াটের বাসায় হানা দেয়। জানা গেছে, ডাকাতেরা আলেক মিয়ার ছেলেকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। একই কায়দায় ভাড়াটেদের ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে পুলিশ জানায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডাকাতির ঘটনায় মামলার প্রক্রিয়া চলছিল।