কাঠ আর কাগজে নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের হস্তশিল্পের কথা উঠলে সহজেই চোখে ভেসে ওঠে নকশিকাঁথা, পাট, বেত কিংবা মাটির তৈরি নানা কিছুর ছবি। বিভিন্ন পণ্যে দেশীয় উপকরণ ব্যবহার করে ভিন্নতা আনার চেষ্টা চলছে অনবরত। উপকরণে পিছিয়ে নেই কাগজ ও কাঠ। বিয়ের নিমন্ত্রণপত্রও আজকাল বানানো হচ্ছে কাগজ ও কাঠ দিয়ে।

কাঠে তৈরি বিশ্বখ্যাত মানুষদের প্রতিকৃতি। কৃতজ্ঞতা: গ্রিটিংস স্টুডিও
কাঠে তৈরি বিশ্বখ্যাত মানুষদের প্রতিকৃতি। কৃতজ্ঞতা: গ্রিটিংস স্টুডিও

একটা সময় ছিল যখন সুন্দর এবং ভিন্ন ঘরানার বিয়ের নিমন্ত্রণপত্র সংগ্রহে রেখে দেওয়া হতো। এখন সেই চলটা প্রায় নেই বললেই চলে। সেই প্রচলনটি আবার ফিরিয়ে আনার জন্যই কার্ডে কাঠের ব্যবহার। রঙেও আনা হয়েছে পরিবর্তন। লাল, রুপালি, ক্রিম বা নেভি ব্লু রঙের কাগজের ওপর বাদামি কাঠের কারুকাজ, আবার কোনোটায় কার্ডের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে কাঠের তৈরি ছোট ঘোড়ার গাড়ি—এমন সব কার্ড এখন পাওয়া যাচ্ছে। শুধু বিয়ের আমন্ত্রণপত্রই নয়, যেকোনো অনুষ্ঠান বা উপলক্ষের জন্য এমন কার্ড তৈরি করা যেতে পারে।

কাঠ ও কাগজে তৈরি বিয়ের নিমন্ত্রণপত্র
কাঠ ও কাগজে তৈরি বিয়ের নিমন্ত্রণপত্র

হস্তশিল্পের তালিকায় কাঠ ও কাগজের এই সংমিশ্রণ মিলবে গ্রিটিংস স্টুডিওতে। উদ্যোক্তা সায়মন ইমরান বলেন, ‘মূলত পাঁচ-ছয় বছর আগে আমাদের যাত্রা শুরু। আমাদের এই শিল্পের মূল উপাদানই হলো ফেলে দেওয়া কাঠ। বিভিন্ন ধরনের কাঠের মধ্যে রয়েছে ওয়ালনাট কিংবা চেরি।’

দেয়াল সাজানোয়

মূলত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সেই সঙ্গে সাংস্কৃতিক দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেয়াল সাজানোর বিভিন্ন জিনিসের ওপরে। তালিকায় রয়েছে মঙ্গল শোভাযাত্রার মুখোশ, রিকশাচিত্র, বঙ্গবন্ধুর ভাষণ কিংবা কক্সবাজার, সুন্দরবন, তারা মসজিদের মতো বিভিন্ন স্থান ও স্থাপনা। এ ছাড়া চে গুয়েভারা, মার্টিন লুথার কিংয়ের চিত্রও আছে এ তালিকায়।

আমন্ত্রণপত্র

গ্রিটিংস স্টুডিওর নির্বাহী পরিচালক আশিক ইকবাল বলেন, ‘গতানুগতিক ধারার বাইরে এই কার্ডগুলো তৈরি করা হয় ক্রেতাদের পছন্দের ওপর। তাঁদের সঙ্গে কথা বলে কার্ডের রং, কাঠের ধরন আমরা বাছাই করে নেই।’ প্রতিটি কার্ডের মধ্যেই একটি বার্তা দেওয়া থাকে, যা নির্ধারণ করে থাকেন ক্রেতারাই।

এছাড়া

কার্ড ও ওয়াল ডেকর ছাড়াও কাঠের তৈরি বুকমার্ক, বিভিন্ন আকৃতির চুম্বক পাওয়া যাবে এখানে। প্রতিটি পণ্য তৈরি করা হয় ফেলে দেওয়া কাঠ থেকে। তিন ধাপে পুনরাবর্তন করে তৈরি হয় পণ্য।

দরদাম

ফ্রেমে বাঁধানো ওয়াল ডেকরের দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে দেড় লাখ টাকা। নিমন্ত্রণপত্রের কার্ডের দাম নির্ভর করবে ক্রেতার পছন্দের ওপর। ২৫০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে মিলবে এই আমন্ত্রণপত্র। এ ছাড়া চুম্বক, বুকমার্কের দাম পড়বে ১ হাজার ২০০ টাকার মধ্যে।