কাঠগড়ায় যাজকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক ধর্মই মানুষকে সংযমের শিক্ষা দেয়। শিক্ষা দেয় পাপ, মন্দ, অনিষ্টকর কাজ থেকে দূরে থাকার। নিজের ভেতরের পশুত্ব, কামপ্রবৃত্তিকে দমন করার। এ ক্ষেত্রে একজন ধর্মীয় গুরুর দায়িত্ব তো আরও অনেক বেশি। তিনি ধর্মের নিয়ম-নীতি নিজে মেনে চলবেন, পাশাপাশি মানুষকে সঠিক পথ দেখাবেন। মানুষের কাছে তিনি হবেন অনুসরণীয়। সেই ধর্মীয় গুরু যখন বিপথগামী হন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না।ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মযাজকদের অনেকে এখন এমনই বিপথগামী হয়ে পড়েছেন। নিজেদের আদিম বাসনা পূরণ করতে গিয়ে ভুলতে বসেছেন যে তাঁরা নিজেরা মানুষকে সুপথে আনার কান্ডারি। তাঁদের এই বিপথগামিতায় ষোড়শ পোপ বেনেডিক্ট পড়েছেন অস্বস্তিকর অবস্থার মধ্যে। এমনকি গোট ক্যাথলিক সম্প্রদায়কে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। অবশ্য তাঁদের এই যৌন নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে অবস্থা এমন দাঁড়িয়েছে যে বিশ্বজুড়ে একের পর এক যাজকের যৌন নির্যাতনের কাহিনি ফাঁস হয়ে যাচ্ছে। আর এসব ঘটনা বিশ্বজুড়ে পবিত্র গির্জার মতো উপাসনালয়ের ভিত নাড়িয়ে দিয়েছে।যুক্তরাষ্ট্রের মতো দেশে গত ৫০ বছরে যাজকেরা প্রায় ১০ হাজার শিশুর ওপর যৌন নির্যাতন চালিয়েছেন। আর এসব যৌন নির্যাতনের শিকার অধিকাংশই বালক। ২০০৪ সালে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, মার্কিন মুলুকে চার হাজারের বেশি যাজক যৌন নির্যাতনের মামলায় কাঠগড়ায় দাঁড়িয়েছেন। ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেসে যৌন নির্যাতনের শিকারদের জন্য প্রধান ধর্মযাজককে ২৬ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ গুনতে হয়েছে। আর পুরো যুক্তরাষ্ট্রে এই অঙ্কের পরিমাণ অনেক বেশি। ২০০২ সালের পর গির্জাগুলোকে প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে এ জন্য।২০০৮ সালে যুক্তরাষ্ট্র সফরকালে পোপ ধর্মগুরুদের হাতে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তাদের দুঃখ-যন্ত্রণার কথা শুনেছেন। এসব নির্যাতিতের অধিকাংশই ছিল শিশু। তাদের কথা শুনে বেদনাহত হয়েছিলেন তিনি। ওই সময় নিজেদের কৃতকর্মের জন্য মার্কিন জনগণের কাছে ক্ষমা চেয়ে নিজেদের কলঙ্কমুক্ত করার প্রয়াস দেখিয়েছিলেন ধর্মযাজকেরা।এত দিন ধরে নেওয়া হয়েছিল পুরোহিতদের হাতে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটে। ২০০৮ সালের পর বিষয়টা কিছুটা ধামাচাপাও ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগে আবার হইচই শুরু হয়েছে এ কেলেঙ্কারি নিয়ে। এবার আর যুক্তরাষ্ট্রের গণ্ডির মধ্যে নেই এই কেলেঙ্কারি। এটি ক্যানসারের মতো তামাম দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সাত-আটটি দেশের কিছু ধর্মগুরু জড়িয়ে পড়েছেন অনৈতিক যৌন আচরণে। বিশেষ করে ইউরোপের অস্ট্রিয়া, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন ও সুইজারল্যান্ড রয়েছে এই তালিকায়। নতুন করে যুক্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সম্প্রতি এক টেলিভিশন ব্রাজিলে ১৯ বছরের বালককে ধর্মগুরুর যৌন নির্যাতনের খবর সম্প্রচার করে। এখানেই তারা ক্ষান্ত হয়নি। একেবারে ওই ঘটনার ভিডিওচিত্র দেখিয়ে দেয় তারা।চলতি মার্চে আয়ারল্যান্ডে প্রকাশিত এক যৌন কেলেঙ্কারি ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। আইরিশ ক্যাথলিক চার্চের প্রধান সিয়ান ব্রাডি প্রায় ৩৫ বছর আগের এক যৌন কেলেঙ্কারির কথা স্বীকার করেছেন। ১৯৭৫ সালে পুরোহিত ফাদার ব্রেন্ডন স্মিথ এক শিশুকে যৌন নির্যাতন করেন। ওই ঘটনা নিয়ে শিশুটি যাতে কোনো উচ্চবাচ্য না করে, সে জন্য তার থেকে লিখিত নেওয়া হয়। আর ওই শপথের সাক্ষী ছিলেন বর্তমান চার্চপ্রধান সিয়ান ব্রাডি। ওই সময়ের ভূমিকার জন্য তিনি এখন লজ্জিত। ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু তাতে কি কাজ হয়? এখন দাবি উঠেছে তাঁর পদত্যাগের। মানুষকে শান্ত করার জন্য ওই প্রার্থনাসভায় পাদরির উদ্দেশে ভর্ত্সনার সুরে তিনি বলেছেন, তাঁর ওই পাপের জন্য ঈশ্বরের কাছে তাঁকেই জবাবদিহি করতে হবে। এভাবে আয়ারল্যান্ডেও গত কয়েক বছরে পুরোহিতদের হাতে অনেক যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। সবচেয়ে দুঃখজনক ও শঙ্কার বিষয় হচ্ছে, খোদ পোপের দেশও এই মহাপাপের জালে জড়িয়ে পড়েছে। চলতি বছরের এই কয় দিনেই জার্মানিতে ৩০০-এর বেশি পুরোহিতের যৌন কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে কয়েকটি ঘটনার তদন্ত শুরু হয়েছে। আট বছর আগে যখন বোস্টনে প্রথম পুরোহিতের যৌন নির্যাতনের খবর রটে, তখন এটাকে কেবল যুক্তরাষ্ট্রের সমস্যা মনে করা হয়েছিল। কিন্তু ভ্যাটিকান মনে করছে, এটা আন্তর্জাতিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। যেখানেই ক্যাথলিকের অনুসারীরা রয়েছে সেখানেই এই কেলেঙ্কারির ঘটনা ঘটা অসম্ভব কিছু নয়। স্বয়ং পোপ ষোড়শ বেনেডিক্টের দেশ জার্মানিতে যাজকদের ক্রমবর্ধমান যৌন কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ায় বেশ বেকায়দায় পড়েছেন তিনি। ভ্যাটিকানের কিছু পর্যবেক্ষক ধারণা করছেন, নিজ দেশে সংকট তাঁকে পোপের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করতে পারে। কারণ তিনি নিজ দেশে প্রধান থাকাকালে কীভাবে গির্জাগুলো পরিচালনা করেছিলেন—এখন সেটাই প্রশ্নবিদ্ধ।বিশেষজ্ঞরা বলছেন, এভাবে যৌন কেলেঙ্কারির ঘটনা বাড়তে থাকলে ইউরোপের রাজনীতি ও জনজীবনে গির্জার এখনকার শক্তিশালী ভূমিকা একেবারে দুর্বল হয়ে যাবে। তখন জৈবপ্রযুক্তির বিরুদ্ধে ধর্মগুরুরা সোচ্চার হলে মানুষ কি তাঁদের কথা শুনবে? ব্রাজিলে মাত্র হাতেগোনা কয়েকটি যৌন কেলেঙ্কারির ঘটনা ঘটেছে কিন্তু এতেই ধর্মগুরুদের অবস্থান সেখানে দুর্বল হয়ে পড়েছে।তবে তাঁদের সান্ত্বনা, এই কেলেঙ্কারির প্রভাব আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনেকটা কম পড়বে। নাইজেরিয়ায় ১৯০০ সালে যেখানে মাত্র ২০ লাখ ক্যাথলিক ছিল, এখন সেটা বেড়ে ১৫ কোটিতে দাঁড়িয়েছে। সুতরাং বলা যায়, নাইজেরিয়া এখন ক্যাথলিকদের শিক্ষাশ্রমে পরিণত হয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পুরোহিত সরবরাহের জন্য এখন আফ্রিকার দিকে তাকিয়ে থাকতে হয়। আফ্রিকায় এখন একটা মজার কৌতুক চালু আছে। সেটা এ রকম—ভ্যাটিকান আফ্রিকা থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উত্তরে। সুতরাং সর্বশেষ এই কেলেঙ্কারির প্রভাব আফ্রিকায় পড়বে না।