কিছুদিন হলো, তোকে আমি ডাকি ‘কাঠবিড়ালি’ বলে। তুই আমাকে কিচ্ছু জিজ্ঞেস করিস না। কেন তোকে কাঠবিড়ালি ডাকি আমি? সবাই তোকে ‘ভাবুনি’ বলে। আমি তোকে বলতাম না। আজ তোকে বলতে বাধ্য হচ্ছি, আসলেই তুই একটা বেশিই ভাবুক ‘কাঠবিড়ালি’। তোর সঙ্গে আমার দীর্ঘ পাঁচ বছরের বন্ধুত্ব। চেনাজানা। অতঃপর ভালো লাগা। কিন্তু আজ অবধি তোকে আমার ভালো লাগার কথাটা বলতে পারিনি। কতবার যে তোকে বলতে চেষ্টা করেছি! তুই বুঝতে পারিস কি না জানি না, তোর সামনে গেলেই আমার সব হ-য-ব-র-ল হয়ে যায়। আর বলা হয় না। তাই অন্যভাবে নিজেকে প্রকাশ করার প্রচেষ্টা। গত সপ্তাহের মাঝামাঝি একটি অপরিচিত নম্বর থেকে অন্য পরিচয়ে তোর সঙ্গে কথা বলা শুরু করি। প্রথমে তুই আমাকে তো পাত্তাই দিলি না। পরে অবশ্য কথা বললি, তবে শর্ত দিয়ে। প্রথমত, তোকে কোনো সম্পর্কের কথা বলা যাবে না। দ্বিতীয়ত, রাত ১২টার পর তোর নম্বরে কল করা যাবে না। আমি তোর সব শর্ত প্রথমে মেনে নিলাম। সপ্তাহ খানেক ভালোই চলছিল। তুই আমার সম্পর্কে জানতে চাইলি। আমি বানিয়ে বানিয়ে মিথ্যাচার করলাম। তোকে শুধু ওই একটা কথা বলার জন্য। হঠাৎ করে একদিন তুই বললি, ‘আর কোনো দিন আমার নম্বরে কল দেবেন না। আজ থেকে আপনার নম্বরটা আমার ব্ল্যাক লিস্টে যোগ হলো।’ তোর ওপর আমার প্রচণ্ড রাগ হয়েছিল তখন, যখন আমি নিশ্চিত হলাম সত্যিই আমার নম্বরটা তোর কালো তালিকায়। কেবল হূৎপিণ্ডটা যন্ত্রণায় বুকের মাঝখান থেকে বের হতে চাইছিল। রক্ত হিম হয়ে আসছিল এই ভেবে যে তাহলে আমার না-বলা কথাটা এভাবেও তোকে বলা হলো না। বিভিন্ন উপায়ে শত চেষ্টা করেও পাঁচ বছরে যে কথাটি তোকে আমি বলতে পারিনি, আজ তোকে সেই কথাটি বলছি। আমি তোকে খুব ভালোবাসি, ‘কাঠবিড়ালি’। শুধু তোকেই। আর এ কথাও বলি, তোর মোবাইল ফোনের ব্লক লিস্টের (অথবা ব্ল্যাক লিস্ট, যা-ই বলিস) সর্বশেষ নম্বরটাও আমার। মো. সেলিম রেজা সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া।