কাঠমান্ডুতে সরঞ্জাম কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমপরদিন (৯ এপ্রিল, ২০১০) সকালেই সোম বাহাদুর চললেন কাঠমান্ডুর এক বুদ্ধ লামার সঙ্গে দেখা করতে। তাঁর মতে, এভারেস্ট অভিযানের আগে তাঁর কাছ থেকে শুভকামনা নিয়ে যাওয়া উচিত। বৌদ্ধমন্দিরে লামার সঙ্গে দেখা করে সোম বাহাদুর আর কৈলাস ফিরলেন থামেলে। এখানে কৈলাসকে তাঁর জন্য নিয়ে যাওয়া ক্রিকেট ব্যাট উপহার হিসেবে দিলাম। এ দিন কোমল অরিয়ালকে অনুরোধ করলাম গত অন্নপূর্ণা-৪ পর্বতাভিযানে যাঁরা আমার কাছে অর্থ পাওনা ছিলেন, তাঁদের সঙ্গে লেনদেন চুকিয়ে ফেলতে। তিনি এ বিষয়টি দেখবেন বলে এ নিয়ে চিন্তা করতে নিষেধ করলেন।এরপর অভিযানের খরচ কমাতে নেপালে পর্বতারোহণের সরঞ্জাম বিক্রয়কারী পরিচিত এক প্রতিষ্ঠানের কর্ণধারকে অনুরোধ করলাম পর্বতারোহণের কিছু সরঞ্জাম স্পন্সর করার জন্য। এ সময় তিনি যা বললেন, তাকে সরল করলে এর অর্থ দাঁড়ায়—‘তোমার অভিযান আয়োজনের জন্য অন্তত ছয় মাস আগ থেকে এসব সরঞ্জামের অর্ডার দেওয়া উচিত ছিল। এভাবে তো কিছুই হয়তো এখন আর সংগ্রহ করতে পারবে না।’তাঁর কথা শুনে সোম বাহাদুর বললেন, ‘মুসা চলো, আমরা প্রয়োজনীয় সব সরঞ্জাম কিনেই ফেলি। দরকার নেই আর কারও কাছে যাওয়ার।’ মূলত, তখন থেকেই শুরু হয়ে গেল প্রকৃত অভিযান। ঢাকা থেকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম সাধারণ ডাউন জ্যাকেট, জুমার, ক্যারাবিনা, হারনেস, গগলস ইত্যাদি। এটুকু জানিয়ে সোম, লাকপা আর কৈলাসের সঙ্গে গেলাম পর্বতারোহণের সরঞ্জাম কিনতে। দোকানে গিয়েই জানা গেল—বাংলাদেশ থেকে এর আগে আরও একজন সরঞ্জাম কিনে নিয়ে গেছেন। সব ধরনের আধুনিক সরঞ্জাম তিনি সংগ্রহ করেছেন প্রায় লাখ পাঁচেক টাকায়। শুনে ভাবি যে একেবারে স্বাচ্ছন্দ্যে গেলে আমিও হয়তো এমন কেনাকাটা করতাম।হেডটর্চ, ব্যাটারি, মাঙ্কিক্যাপ, লিপজেল, বিশেষ ধরনের কাপড়ের তৈরি হাফ ও ফুলস্লিভ টি-শার্ট, আপাদমস্তক ডাউন জ্যাকেট, পাতলা কাপড়ের এবং দুই স্তরবিশিষ্ট হাতমোজা, বিশেষ ধরনের পায়ের মোজা, পানি গরম রাখার ফ্লাস্ক, পানির বোতল, আইসএক্স, আইসবুট, ক্র্যাম্পন, বরফ থেকে গ্লেয়ার ঠেকানোর বিশেষ ধরনের চশমা ইত্যাদি কেনা হলো। সব মিলিয়ে খরচের রাশ টেনে ধরা হলো ৯৫ হাজার রুপির মধ্যে। তবে বাংলাদেশ থেকে আগেই যাওয়া আরেকজন কেনাকাটা করেছেন এর পাঁচগুণ অর্থ খরচে। দোকানি আমার এমন কৃচ্ছ্রসাধন দেখে অবাক। তিনি জিজ্ঞেস করেন, ডাউন স্লিপিং ব্যাগ তো নিলেন না। তাহলে রাতে ঘুমানোর সময় এভারেস্টের ঠান্ডা ঠেকাবেন কীভাবে? হেসে বলি, কোনো বিখ্যাত ব্র্যান্ডের জিনিস কেনার সামর্থ্য নেই। তাই নেপালে স্থানীয়ভাবে তৈরি করে এমন একটা ডাউন স্লিপিং ব্যাগ সংগ্রহ করেছি একেবারে নামমাত্র দামে। এটা দিয়েই কাজ চালাতে হবে। শুনে তিনি বুদ্ধের কাছে আমাদের সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করলেন। এই কেনাকাটা করার সময় বুঝলাম লাকপার সঙ্গে এই অভিযান হয়তো খুব বেশি আলাপ হবে না। কারণ, ভাষা সমস্যা। সে তার শেরপার ভাষা ছাড়া নেপালি ভাষা বা ইংরেজির এক বর্ণও বোঝে না। কিন্তু সোম বা কৈলাসকে বললে তারা অনুবাদ করে বোঝায় লাকপাকে।কেনাকাটা শেষে কোমলের সঙ্গে চললাম এভারেস্ট অভিযান আয়োজক প্রতিষ্ঠান হিমালয়ান গাইডসে। সেখানে পরিচিত হলাম কর্ণধার ঈশ্বরী পাড়ওয়ালের সঙ্গে। তিনি এর মধ্যেই তিব্বতে যাওয়ার চীনা ভিসাসহ সব আয়োজন করে রেখেছেন। আগামীকালই সবাই রওনা দিতে পারব। তিনি জানালেন, তাঁর ছোট ভাই ভোলা এর মধ্যেই তিব্বতে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে গেছে। সেখানে সে বেস ক্যাম্প ম্যানেজার হিসেবে কাজ করছে। তিনি আরও বললেন, আমার জন্য সব ধরনের আয়োজন বেস ক্যাম্পে করে রাখা হয়েছে। এখন যত দ্রুত সেখানে পৌঁছাতে পারব, তত দ্রুত অন্যদের সঙ্গে পর্বতারোহণ শুরু করতে পারব। মনে মনে ভাবছিলাম—পারলে তো এখনই উড়ে যাই। কারণ, প্রতিযোগিতায় হেরে গেলে চলবে না।এ দিন জানা গেল, নেপালের জিরেল সম্প্রদায়ের সদস্য লাল বাহাদুর জিরেলও পরদিন যাত্রাসঙ্গী হচ্ছেন। তিনিও যাবেন এভারেস্ট অভিযানে। নেপালে যে প্রায় ১০৩টি নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, জিরেল তার মধ্যে একটি। যদিও তাদের জনসংখ্যা মাত্র পাঁচ হাজার ৩১৬ জন। পরে লাল বাহাদুরের কাছে জানতে পেরেছিলাম যে নেপালের খুম্বু জেলায় এই জিরেল সম্প্রদায় বসবাস করে। তাদের ভেতর থেকে এখনো কেউ এভারেস্ট জয় করেনি। তাই তিনি নিজেকে কয়েক বছর ধরে প্রস্তুত করেছেন এভারেস্ট অভিযানে অংশ নিতে। তিনি যাচ্ছেন নর্থ ফেস দিয়ে। তবে তাঁর সম্প্রদায়ের আরেকজন নাকি সাউথ ফেস দিয়েও এভারেস্ট জয় করার মিশনে নামছে। সুতরাং তাঁর ক্ষেত্রেও বিষয়টা একটা প্রতিযোগিতার মতো। লাল বাহাদুর এ অভিযানে অংশ নিতে তাঁর জমানো অর্থ ব্যবহার তো করছেনই, সেই সঙ্গে তাঁর সব সম্পত্তি ব্যাংকের কাছে জমা রেখে অর্থ ঋণ করেছেন। এ ছাড়া এভারেস্ট অভিযানে অংশ নিতে ঠিক যেটুকু অর্থ প্রয়োজন, এর পুরোটা তিনি জোগাড় করতে পারেননি। তাই তাঁকে এ প্রতিষ্ঠান এভারেস্ট অভিযানে অংশ নেওয়ার সুযোগ দিলেও লাল বাহাদুরকে পুরো অভিযানে একজন শেরপার মতোই কাজকর্ম করে প্রতিষ্ঠানটির অভিযান আয়োজনে সহায়তা করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, তাঁর কোনো সহায়তাকারী শেরপা থাকছে না (পরে অবশ্য আমরা একই দলভুক্ত হয়েছি এবং সোম বাহাদুর, কৈলাস, লাকপা, লাল বাহাদুর আর আমি ছিলাম পাঁচ হরিহর আত্মা)। [email protected] [বাকি অংশ আগামী পর্বে]