কাঠমান্ডুর ভূমিকম্প-ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি স্কুলে ক্লাস চলছে। লাল-নীল ইউনিফর্ম পরা শিশুরা মনোযোগ দিয়ে শিক্ষকের কথা শুনছিল। তিনতলা এই স্কুলভবনটির প্রতি কক্ষে গাদাগাদি করে কয়েক ডজন শিক্ষার্থীকে বসতে হয়। সাদামাটা চেহারার এ ভবনটি কাঠমান্ডুর কয়েক হাজার স্কুলের একটি। এগুলোর অধিকাংশই জরাজীর্ণ। তবে আমরা যে স্কুলভবনটির কথা বলছি, তা বেশির ভাগের থেকে আলাদা। এর মূল ইটের দেয়ালের গায়ে উলম্ব ও আনুভূমিকভাবে ইট এবং ইস্পাত ও রিইনফোর্সড কংক্রিটের আবরণ দেওয়া আছে। তীব্র মাত্রার ভূমিকম্প প্রতিরোধে সক্ষম নেপালের হাতে গোনা স্কুলভবনগুলোর (তথা যাবতীয় ভবন) অন্যতম এটি।ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের ওপরে নেপালের অবস্থান। এ কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে হিমালয়কন্যা। এ দুই প্লেটের মধ্যে চাপ বাড়ায় দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চিত হচ্ছে বলে ভূতাত্ত্বিকদের ধারণা। টেকটোনিক প্লেটের চাপ থেকে সঞ্চিত শক্তি যখন ‘মুক্তি পায়’, তখনই হয় ভূমিকম্প। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, শিগগিরই নেপালে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। তাঁদের আশঙ্কা সত্যি হলে লাখ লাখ মানুষ বিপদের মুখে পড়বে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সীমিত সম্পদ নিয়ে স্থানীয় একটি এনজিও কাঠমান্ডুর কিছু স্কুল ও হাসপাতালে ‘রেট্রোফিটিং’ হিসেবে পরিচিত বিশেষ ধরনের সংস্কার করছে। এ ছাড়া আরও কয়েক শ স্কুল ও হাসপাতালকে জরুরি মুহূর্তে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে।নেপালের জাতীয় ভূমিকম্প প্রযুক্তি সমিতির (এনএসইটি) প্রকৌশলী সূর্যপ্রসাদ আচার্য বলেন, রেট্রোফিটেড ভবনের দেয়ালে স্থাপিত ইট ও ইস্পাতের বিশেষ সাপোর্ট রাবার ব্যান্ডের মতো কাজ করে। প্রচণ্ড ঝাঁকুনিতে দুললেও তা কাঠামোকে ধরে রাখে। এনএসইটি যে পদ্ধতিতে কাজটা করছে, তা দেখতে খুব দৃষ্টিনন্দন না হলেও সাধাসিধে, চটজলদি ও সাশ্রয়ী।এনএসইটির পরিচালক আমোদ দীক্ষিত মনে করেন, ভূমিকম্প মোকাবিলা প্রস্তুতির দিক থেকে যুক্তরাষ্ট্রের ভূমিকম্পপ্রবণ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া একটি মডেল হতে পারে। তবে বলাই বাহুল্য, নেপালের আর্থিক সামর্থ্য তাদের ধারেকাছেও নয়। ক্যালিফোর্নিয়ার শুধু সানফ্রান্সিসকো-অকল্যান্ড বে সেতুকে ভূমিকম্প-সহনীয় করতে ৬০০ কোটি ডলারের বেশি খরচ করা হয়েছে। নেপালের জনসংখ্যা ক্যালিফোর্নিয়ার মতো। কিন্তু দরিদ্র নেপাল গোটা দেশেই ভূমিকম্প-প্রস্তুতির জন্য বড়জোর লাখের ঘরে ডলার খরচ করছে। নেপালের কয়েক লাখ স্কুল ও হাসপাতালের মাত্র শতকরা এক ভাগ ভূমিকম্প-সহনীয় করার জন্য সহায়তা পেয়েছে।আন্তর্জাতিক সহায়তা থেকে পাওয়া সীমিত তহবিলের সঙ্গে সামঞ্জস্য রেখে এনএসইটি বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েছে। কাঠমান্ডুর ভবনগুলোর ৯০ শতাংশই স্বীকৃত প্রকৌশলীর বদলে তৈরি হয়েছে রাজমিস্ত্রিদের ঐতিহ্যগত দক্ষতায়। দারিদ্র্যের কারণে এটা অনিবার্য, তা মেনে নিয়ে এই রাজমিস্ত্রিদেরই ভবনকে ভূমিকম্প-সহনীয় করার কাজে প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি। তাদের সামনে কাজের পরিমাণ বিশাল। কারণ, রাজধানীর দুই-তৃতীয়াংশ ভবনই রিখটার স্কেলে ৮ মাত্রার বেশি ভূমিকম্প সহ্য করতে পারবে না। নেপালে ১৯৯৩ সাল থেকে একটি বিল্ডিং কোড চালু আছে। কিন্তু সরকারের ভৌত পরিকল্পনা ও পূর্ত মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিজেই বললেন, খুব কম ক্ষেত্রেই ওই কোড মানা হয়। জনসংখ্যা দ্রুত বাড়ায় কাঠমান্ডুতে ভবনসংখ্যা ও উচ্চতা দুই দিকেই বাড়ছে। কিন্তু মানে বাড়েনি। ওই কর্মকর্তা আরও বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পৌর কর্তৃপক্ষগুলোর ওপর তাঁর যথেষ্ট নিয়ন্ত্রণক্ষমতা নেই।ক্যালিফোর্নিয়াভিত্তিক এনজিও জিওহ্যাজার্ডস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ব্রায়ান টাকার বলেন, কেবল ভবনগুলো কাঠমান্ডুকে ঝুঁকিপূর্ণ করেনি, শহরটি গড়ে উঠেছে প্রাচীন একটি হ্রদের তলদেশের নরম পলির ওপর। আবার চারপাশে পাহাড়ঘেরা। এ দুটির সমন্বয় ভূমিকম্পের ক্ষমতা ১০ গুণ বাড়িয়ে দিতে পারে। জিওহ্যাজার্ড ২০০১ সালে ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় থাকা উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ ২০টি নগরের ওপর একটি সমীক্ষা চালিয়েছিল। বিপদের দিক থেকে কাঠমান্ডুর অবস্থান ছিল এর শীর্ষে।গত সহস্রাব্দে নেপালে ৭৫ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ ১৯৩৪ সালে নেপালে রিখটার স্কেলে ৮ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা যায় এবং কাঠমান্ডুর অর্ধেক ভবন বিধ্বস্ত হয়। এনএসইটির পরিচালক আমোদ দীক্ষিতের হিসাবে, এখন ওই মাত্রার ভূমিকম্প হলে এক লাখ মানুষ মারা যাবে এবং গুরুতর আহত হবে আরও দুই লাখ মানুষ। গৃহহীন হয়ে পড়বে কাঠমান্ডুর ২৫ লাখ মানুষের অর্ধেক। সরকারি কর্মকর্তা সুরেশ আচার্য ও জাতিসংঘের ত্রাণকার্যক্রমের প্রধান রবার্ট পাইপার এ হিসাবের সঙ্গে একমত। এতে কাঠমান্ডুর টেলিযোগাযোগ, বিশুদ্ধ পানি সরবরাহব্যবস্থা এবং ছোট সড়কগুলো ভেঙে পড়তে পারে। দেশটির জাতীয় অর্থনীতির ৭০ শতাংশই রাজধানীকে কেন্দ্র করে। কাজেই প্রলয়ংকরী ভূমিকম্প হলে এই অর্থনীতি থমকে যেতে পারে। বিপর্যয়ের এই সম্ভাব্য চিত্রটি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপলব্ধি করার পর ঝুঁকি হ্রাসে পদক্ষেপ বাড়ানো হয়েছে। তবে তা এখনো যৎসামান্য। জাতিসংঘ, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক দেড় বছর আগে নেপালকে এ বিষয়ে সহায়তার জন্য একটি কনসোর্টিয়াম গঠন করেছে। তবে প্রাথমিকভাবে ১৪ কোটি ডলার বাজেট ধরা হলেও এর মাত্র ১০ শতাংশ জোগাড় হয়েছে। গত মাসে সরকার একটি সার্বক্ষণিক জরুরি পরিস্থিতি মোকাবিলা কেন্দ্র চালু করেছে। কিন্তু ভূমিকম্প হলে এই কেন্দ্রকে মাঠে নামতে হবে এক ডজনেরও কম অগ্নিনির্বাপণ গাড়ি এবং হাতে গোনা কিছু অ্যাম্বুলেন্স নিয়ে।  দেওয়ান আব্দুল খালেক: টাইম সাময়িকী থেকে