কাঠের আসবাবের যত্ন
পঞ্জিকার পাতায় বর্ষাকাল বিদায় নিলেও বৃষ্টি তো চলছেই। এর প্রভাবে অনেক সময় ঘরে স্যাঁতসেঁতে ভাব হয়ে যাচ্ছে। তাই আসবাবের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ইন্টেরিয়র ডিজাইনার ও রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলসান নাসরীন চৌধুরী। জেনে নিনযেকোনো ধরনের বোর্ডের ফার্নিচার; যেমন: পারটেক্সের তৈরি আসবাবপত্র তৈরির সময়ই বোর্ডের কাটা অংশে ভালো করে পুটিং লাগিয়ে নিতে হবে। এর ফলে বাতাস বা পানি জমে ফুলে যাওয়ার আশঙ্কা কম থাকে। বোর্ডের তৈরি যেকোনো ধরনের আসবাবপত্রের ওপর রং করা হয়। খেয়াল রাখতে হবে, যেন কোনোভাবেই এসব রঙের আবরণ ভেদ করে পানি ভেতরে না ঢোকে কিংবা কোনোভাবে না ভিজে যায়। প্রয়োজনে বর্ষার সময় স্থান পরিবর্তন করে জানালার কাছ থেকে কাঠের আসবাবপত্র সরিয়ে রাখতে হবে। প্রয়োজনে আসবাব জানালা-দরজার কাছ থেকে সরিয়ে রাখা যেতে পারে। যেন বৃষ্টির পানি এসবের গায়ে না লাগে।কড়ই ও সেগুন কাঠের আসবাবপত্রে স্যাঁতসেঁতে ভাব আসে বৃষ্টির সময়। এর জন্য কাঠের হালকা আসবাবপত্র যেমন: টুল, র্যাক, সোফা, টেবিল, টি-টেবিল রোদে দেওয়া যেতে পারে। কিছুক্ষণ রোদে রাখার পর ঘরে এনে পলিশ করলে উজ্জ্বলতা থাকে, দেখতেও ভালো লাগে। পলিশের কাজটা মিস্ত্রিদের দিয়ে করানো যায় কিংবা নিজে দোকান থেকে ব্রাশ আর রং কিনে ছুটির দিনে ব্রাশের সঙ্গে রং লাগিয়ে পলিশ করা যেতে পারে।সব সময় ফ্লানেলের কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করলে কাঠের আসবাবপত্রের উজ্জ্বলতা অটুট থাকবে। প্রতিদিন এসব আসবাবপত্র ঝাড়ামোছা করতে হবে।কাঠের আসবাবপত্রে ঘুণ ধরার মতো জায়গায় প্রয়োজনীয় সলিউশন ব্যবহার করতে হবে।যেসব সোফা মোটা ও শক্ত কাপড় দিয়ে ঢাকা থাকে, এগুলো সুযোগ পেলে রোদে দিতে হবে। যেন ময়লা আর পোকামাকড় ঘরবসতি না করতে পারে।