দেশের সবচেয়ে বড় সমবায় প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির দাপ্তরিক কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১৯২৯ সালে নির্মিত দ্বিতল ভবনটির ছাদ চুইয়ে পানি পড়ে বৃষ্টির সময়। ভবনটির ভেতরে চারটি ফাটল। এগুলোয় কাঠের খুঁটির ঠেস দেওয়া হয়েছে। এর পরও ভবনটির ভেতরে কাজ করছেন অর্ধশত কর্মকর্তা-কর্মচারী। সমিতির সহসভাপতি সাহাব উদ্দিন বলেন, ‘৮৪ বছর আগে সমিতির ভবনটি নির্মাণ করা হয়েছিল। এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ রক্ষায় কাঠের খুঁটির সাহায্যে ঠেস দিয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে ওই ভবনে বসে দাপ্তরিক কাজ সারতে হচ্ছে।’ সমিতির অন্যতম পরিচালক কুতুব উদ্দিন বলেন, এই সমিতির সদস্যসংখ্যা এক হাজার ৫০০। এই সদস্যের পোষ্য আছে প্রায় ৩০ হাজার। সম্পত্তি আছে তিন হাজার ৭০০ একর জমি। এসব জমিতে লবণ চাষ ও চিংড়িঘের রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে প্রত্যেক সদস্যই উদ্বিগ্ন।সাধারণ সম্পাদক এ কে এম ইকবাল বদরি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য লিখিতভাবে উপজেলা প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে। নির্দেশ পেলেই ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবনের কাজ শুরু করা হবে।জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবেদিন বলেন, সমিতির পক্ষ থেকে একটি লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি নিয়ে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।