দোনোমনা করে ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা রেজাউল করিমের সঙ্গে। মুঠোফোনে কথা হয়েছে আগে। দেখা হতেই বললেন, ‘ চলেন ওপরে। রোদ বাঁচিয়ে ঘরে বসে ছায়াতে কথা বলি।’ ঘরের ভেতরটা বইপত্রে ঠাসা । একটু জিরিয়ে নেওয়ার পরে শুরু হলো কথা। ইতিহাসের প্রতি শৈশব থেকেই আগ্রহ রেজাউল করিমের। ‘খোকন ভাই’ নামে পরিচিতি এই মানুষটার রয়েছে বই পড়ার প্রতি ঝোঁক। জীবনের একটা বড় সময় কেটেছে আর্থিক দৈন্যে। তবে পেশাগত জীবনের বাইরে তিনি তৈরি করেছেন নিজের জন্য অন্য একটি জগৎ। দেয়ালে ঘেরা দালানে বন্দী না থেকে বের হয়েছেন বাইরে। কাজ করছেন পথশিশুদের জন্য। শিশুদের সঙ্গে কাজ করার সুবাদেই পরিচয় নরেশ সূত্রধরের সঙ্গে। লোকটি কাঠের কাজ করেন। কাঠের নানা জিনিস বিক্রি করেন গ্রামের বাজারে। এতে তাঁর সংসার চলে না। তিন-তিনটি সন্তান নিয়ে প্রায়ই উপোষ থাকতে হয়। দরিদ্র নরেশের সাহায্যে এগিয়ে আসেন রেজাউল করিম। কৃতজ্ঞ নরেশ কাঠের দারুণ সব ভাস্কর্য তৈরি করে দেন তাঁকে। শুরুতে নরেশকে নিয়ে আগ্রহ ছিল না তেমন একটা। তবে আচমকাই একটা ভাবনা আসে রেজাউল করিমের মাথায়। কাঠের গায়ে যদি ইতিহাসের বিভিন্ন ঘটনার দৃশ্য খোদাই করে রাখা যায়, তবে শিশুদের আগ্রহ বাড়বে ইতিহাসের প্রতি। বাড়বে ইতিহাসের পাঠের পরিমাণ। যেই কথা সেই কাজ। নরেশকে শিখিয়ে-পড়িয়ে শুরু হয় কাঠের শরীরে ইতিহাস ধরে রাখার কাজ। শুরু হয় ইতিহাস-পাগল এক মানুষ আর গ্রামের সাধারণ এক কাঠমিস্ত্রির শিল্পী হয়ে ওঠার আনকোরা গল্প।পিছু ছাড়ে না ইতিহাসসিরাজগঞ্জের এক দুর্গম চরে জন্ম খোকনের। জীবনযাপনে দুর্ভোগের অন্ত ছিল না তাই। ছিল আর্থিক দৈন্য। নানা ঝুটঝামেলা আর পিছিয়ে পড়া চরের মানুষদের ভেতরে থেকেও বই পড়ার নেশাটা পেয়ে বসে বালক খোকনকে। বইয়ের পাতায় পাতায় ভরা কালো অক্ষরের টানে কাটত শৈশবের সময়গুলো। বাবার ছিল রেলের চাকরি। জীবন কেটেছে তাই যাযাবরের মতো ঘুরে ঘুরে। কখনো নোয়াখালী কখনো আবার দর্শনা। নিত্যনতুন মানুষের সঙ্গে পরিচয়। সেই সঙ্গে নতুন নতুন জায়গার লাইব্রেরিতে পাওয়া নতুন-পুরোনো মোড়কে বাঁধা লোভনীয় সব বই। বই পড়ে পড়েই বাড়ে ইতিহাসের প্রতি আগ্রহ। পলাশির যুদ্ধ, সাঁওতাল বিদ্রোহ, ফকির আন্দোলনে বুঁদ হয়েই কাটে সারাক্ষণ। শৈশব-কৈশোর পেরিয়ে যৌবনে এসে উচ্চশিক্ষার জন্যও বেছে নেন ইতিহাসকে। ইতিহাস যেন খোকনের পিছু ছাড়ে না কিছুতেই। যুদ্ধের পরে ঢাকায় এসে হন্যে হয়ে চাকরি খুঁজতে থাকেন রেজাউল করিম। আর্থিক দৈন্য তখন তাঁকে চেপে ধরেছে ভয়াবহভাবে। সৌভাগ্যক্রমে কয়েক দিনের মধ্যে পেয়ে যান একটা চাকরি। তবে এ চাকরিতে সুবিধা হয় না তেমন। অবশেষে ব্যবসায়ে হাতেখড়ি। তীব্র ব্যস্ততার ভেতরও ইতিহাসকে ছাড়েননি তিনি। যেখানেই যে বই পেয়েছেন, বুভুক্ষুর মতো পড়েছেন তা। জমে যাওয়া বইগুলো দিয়ে সিরাজগঞ্জে তিনি একটা লাইব্রেরি গড়েন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে গড়তে হয়। এ বোধ তাঁর ভেতরে আসার পর তিনি শিশুদের ইতিহাস পাঠের প্রতি আগ্রহ করে তোলার চেষ্টা করেন। অর্থ আর খাবার দিয়ে গরিব শিশুদের হাতে তুলে দেওয়া হয় বই। এতে লাভ হয়নি তেমন। খাবারের লোভে আসত সবাই ঠিকই কিন্তু বই পড়ার প্রতি আগ্রহ ছিল না কারও। নীরস উপায়ে আগ্রহ তৈরি করা সম্ভব না এটাও বুঝতে পেরেছিলেন তিনি। প্রয়োজন আনন্দদায়ক উপায়ে পাঠদান। হতাশ হয়ে পড়েন রেজাউল করিম। এমন সময়ই নরেশকে পেয়ে যান তিনি। মাথায় আসে নতুন এক উপায়ে পাঠদান পদ্ধতি। দুজনে মিলে শুরু করেন কঠোর পরিশ্রম।জেগে ওঠা শিল্পীনরেশ কুমারের দিনকাল ভালো যাচ্ছে না। বড় দুর্দিন। সংসারে সব সময়ের জন্য অভাব লেগেই আছে। সন্তানদের মুখে খাবার তুলে দিতে গিয়েই হাড়-মাংস এক হয়ে যাচ্ছে তাঁর। পড়াশোনা, সন্তানদের ভবিষ্যৎ—এসব নিয়ে ভাবার সাহসই পান না। কাঠের কিছু কাজ করে গ্রামের বাজারে নিয়ে যাওয়া হয়। সেসব জিনিস বিক্রি হয় না তেমন। এমন সময় দেখা পান তিনি রেজাউল করিম খোকনের। নরেশের পরিবারের সাহায্যে নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন লোকটি। বিনা পয়সায় পৌঁছে দেন খাবার। নরেশের এমনভাবে সাহায্য নিতে খারাপ লাগছিল। কিছু করতে চাইছিলেন তিনি রেজাউল করিমের জন্য। কাঠ দিয়ে গ্রামীণ জীবনের কিছু ঘটনা খোদাই করে তুলে দেন তিনি রেজাউল করিমের হাতে, শহরে বিক্রি করে যদি কিছু পাওয়া যায় এই আশায়। রেজাউল করিম তখন তাঁকে কাঠের গায়ে ইতিহাস তুলে ধরার প্রস্তাব দেন। নরেশ রাজি হয়ে যান। আগ্রহী হন ইতিহাসে। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে রেজাউল করিম নিয়ে আসেন ইতিহাসের বিভিন্ন ঘটনার ছবি। ঘাঁটাঘাঁটি শুরু করেন দিনরাত ইতিহাসের বই। তাঁর নির্দেশনায় সাল ধরে ধারাবাহিকভাবে দক্ষ হাতে জেগে ওঠা শিল্পী নরেশ খোদাই করে যান একের পর এক ইতিহাসের ছবি। পলাশির যুদ্ধ, সাতই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মওলানা ভাসানী, ইন্দিরা গান্ধী—সবাইকে পাওয়া যাবে কাঠের এই ক্যানভাসে। নিজের টাকাতেই সবকিছু করেন রেজাউল করিম। আর্থিক অসুবিধার ভেতরও করেন একবার প্রদর্শনীর আয়োজন। ‘অর্থ খুব বাধা হয়ে দাঁড়িয়েছে এখন। তাই হতাশ হয়ে যাই মাঝেমধ্যে। তবে যত বিপদই আসুক, নিজের কাজ চালিয়ে যাব আমি।’ বলছিলেন তিনি। একটাই চাওয়া রেজাউল করিমের, এ কাজ যেন নতুন প্রজন্মের কাছে পৌঁছায়। বুঝতে যেন পারে তারা ইতিহাসের মূল্য। ঘন অরণ্যের ভেতর দিয়ে পথ চলছে কিছু মানুষ। সঙ্গে তাদের তরবারি আর বর্শার মতো বহনযোগ্য হালকা অস্ত্র। ঘোড়ার পিঠে বসে দলনেতা ফকির মজনু শাহ। চিন্তিত তিনি। সময় এখন শক্তিশালী ইংরেজের বিরুদ্ধে লড়াই করার। এ দৃশ্য ফুটে উঠেছে নরেশের কাঠের ক্যানভাসে। ভবানী পাঠক, মজনু শাহ, চেরাগ আলী শাহ—সবাই যেন মূর্ত হয়েছেন তাঁর তৈরি কাঠের প্রাণহীন দেহে। ইতিহাস এখানে ধরাছোঁয়ার বাইরে নয়। হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যায় ভ্যানগঘ, চে, ভগৎ সিং কিংবা ক্ষুদিরামকে। টের পাওয়া যায় সেসব দিনের উত্তাপ।