কাঠের বদলে জিপসাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্দরে নানা নকশা করতে কাঠ বা চুন সুড়কির ব্যবহার করতেই হতো। তবে এখন এমন নকশা সহজে আর কম খরচেই করা যাচ্ছে। শুধু বদলে গেছে উপকরণটা। জিপসাম ব্যবহার হচ্ছে এসবের বদলে। এ নিয়ে কথা হয় ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের ইন্টেরিয়র ডিজাইনার সাঈদা ফজিলাতুন নাজের সঙ্গে। তিনি বলেন, জিপসাম আগে টুকরা আকারে আসত। এখন এটা ছাঁচের ভেতরে ফেলে যেকোনো নকশা তৈরি করা যায়। এর ব্যবহার আগে হোটেল, রেস্টুরেন্টে বা অফিসে বেশি দেখা যেত। এখন কাঠ খুব দামি হয়ে যাওয়ায় বাড়ির ছাদে, কার্নিশে বা দেয়ালে জিপসাম দিয়ে নকশা করে এটিকে একবারই বসিয়ে দেওয়া হয়। যেকোনো ধরনের বাহারি ডিজাইন এখানে সম্ভব। কাঠ বা পাথরে এসব ডিজাইন করতে অনেক সময় ব্যয় হয়। এ ক্ষেত্রে তার সিকিভাগও লাগে না। এটি বেশ দীর্ঘস্থায়ী। জিপসাম নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান রয়েল জিপসাম ডেকোরেশন। এর পরিচালক এ কে আজাদ বলেন, জিপসাম দিয়ে তৈরি অন্দরসাজের উপকরণগুলো কাঠ, গ্লাস বা অন্যান্য বোর্ডের চেয়ে অনেক দীর্ঘস্থায়ী এবং দামে সস্তা। দেখতে নান্দনিক আর স্বল্প সময়ে এর কাজ শেষ করা যায়। এটি এমনভাবে বসানো হয় যাতে তা মূল দেয়ালের সঙ্গে একদম মিশে যায়। এটি এমনকি পানি এবং আগুনরোধীও হয়। অন্দরসাজের প্রতিষ্ঠানগুলো আপনার বাড়িতে করে দিতে পারে জিপসাম দিয়ে এমন নকশা। এ ছাড়া যোগাযোগ করতে পারেন জিপসাম আমদানিকারক প্রতিষ্ঠান রয়েল জিপসামেও। ঢাকার পশ্চিম হাজীপাড়া, রামপুরায় তাদের কার্যালয়।