পাটের কাণ্ডপচা রোগের জন্য দায়ী ছত্রাকের সব শক্তি ও দুর্বলতা উন্মুক্ত হয়েছে বাংলাদেশি বিজ্ঞানীদের কাছে। এখন এই কাণ্ডপচা রোগপ্রতিরোধী জাত উদ্ভাবন সম্ভব হবে। এতে জাতভেদে পচন ৩০ থেকে ৭০ শতাংশ কমে যাবে। ফলে উৎপাদন বেড়ে যাবে।গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানীরা। এই ছত্রাকটি পাঁচ শতাধিক ফসল ও উদ্ভিদের জন্য ক্ষতিকর।সংবাদ সম্মেলনে বলা হয়, পাটের কাণ্ডপচা রোগের জন্য দায়ী ম্যাক্রোফোমিনা ফেসোলিনা নামক একটি ছত্রাক। এটি পাট ছাড়াও তুলা, ভুট্টা, জোয়ার, সয়াবিনসহ বিশ্বব্যাপী পাঁচ শতাধিক উদ্ভিদের রোগাক্রান্ত হওয়ার জন্য দায়ী। এর আক্রমণে তোষা জাতের পাটের ফলন প্রায় ৩০ শতাংশ কমে যায়। জাতভেদে উৎপাদন কমে যাওয়ার হার ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে। বিশ্বে এই ছত্রাকের আক্রমণে শত শত কোটি টাকার ফসলহানি হয় প্রতিবছর।বাংলাদেশের ‘পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা’ প্রকল্পের বিজ্ঞানীরাই প্রথম এই ভয়াবহ ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেন।গবেষণা দলের প্রধান মাকসুদুল আলম বলেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ধবধবে সাদা আঁশযুক্ত পাটের একটি লাইন আছে। এটা বিনা ব্লিচিং বা আংশিক ব্লিচিং করে পাটপণ্য তৈরিতে ব্যবহার করা যায়। এতে উৎপাদন ব্যয় কমে, পরিবেশও ভালো থাকে। কিন্তু লাইনটি অতিমাত্রায় কাণ্ডপচা রোগের প্রতি সংবেদনশীল হওয়ায় তা জাত হিসেবে অবমুক্ত করা সম্ভব হচ্ছিল না। এখন কাণ্ডপচা রোগের জন্য দায়ী ছত্রাকের জীবণরহস্য উন্মোচন হওয়ায় এর ছত্রাক প্রতিরোধী জাত উদ্ভাবন করা সম্ভব হবে।বিজ্ঞানী সামিউল হক বলেন, ‘এ ধরনের গবেষণার পর কৃষক পর্যায়ে এর সুফল পেতে আট-নয় বছর লেগে যায়। আমরা যত দ্রুত সময়ে সম্ভব, এর সুফল কৃষকের কাছে পৌঁছে দিতে চাই।’গবেষণা দলের আইন উপদেষ্টা আলী আসিফ খান বলেন, এর মেধাস্বত্বের জন্য আবেদন করা হয়েছে। এটা গ্রহণ করা হলে এই উদ্ভাবন থেকে প্রাপ্ত সব আয় বাংলাদেশের হবে। এ জন্য তিনটি পেটেন্টের আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে গবেষণা দলের সদস্য কামাল উদ্দিন, মনজুরুল আলম, শহিদুল ইসলাম, প্রকৌশলী শরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।