কাতার ও বাহরাইনে ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতারের নাজমা এলাকায় বাংলাদেশিদের মিলনমেলা
কাতারের নাজমা এলাকায় বাংলাদেশিদের মিলনমেলা

ভোর সাড়ে পাঁচটায় ঈদের নামাজ হবে শুনে চমকে উঠি। ঈদের নামাজ তো সকাল সাতটা বা আটটার দিকে হয় বলে জানি। তখনই মনে হলো আমি এখন মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
কাতার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র তামিম রায়হান জানালেন, মধ্যপ্রাচ্যে এমনই হয়। ঈদের দিন সবাই ফজরের নামাজ পড়তে যান। এরপর খানিকটা বিরতি দিয়ে ঈদের নামাজ হয়। একটু রোদ উঠলেই সূর্যের তাপ এখানে এত বেড়ে যায় যে কারও পক্ষে তখন বাইরে থাকা কঠিন।
মধ্যপ্রাচ্যে গরমের যে তীব্রতা, সেটা যাঁরা এখানে এসেছেন তাঁরাই ভালো জানেন। খানিক রোদে গেলেই মনে হবে গা পুড়ে যাচ্ছে। দরদর করে ঘামতে থাকে শরীর। তবে শীতের সময় সেটা এখানকার মানুষদের জন্য বেশ সহনীয়।
মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও বাহরাইন থেকে প্রতি বৃহস্পতিবার প্রথম আলোর উপসাগরীয় সংস্করণ প্রকাশিত হবে। ১৬ পৃষ্ঠার এই পত্রিকার মাধ্যমে প্রবাসীরা তাঁদের নিজেদের এবং দেশের খবরাখবর জানতে পারবেন। ১৫ অক্টোবর উদ্বোধনী সংখ্যায় ১৬ পৃষ্ঠার মূল কাগজের সঙ্গে থাকবে ১২ পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র। সেই সূত্রেই এই মরুর দেশে সফর।
২৮ সেপ্টেম্বর ভোর ছয়টায় ঢাকা থেকে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই পৌঁছালাম কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। ইমিগ্রেশন শেষ করে লাগেজ ফিরে পেতে সর্বোচ্চ পাঁচ মিনিট।

বাহরাইনপ্রবাসী বাংলাদেশিরা ঈদের দিন জাল্লাক সমুদ্রসৈকতে ঈদ অনুষ্ঠানের আয়োজন করে
বাহরাইনপ্রবাসী বাংলাদেশিরা ঈদের দিন জাল্লাক সমুদ্রসৈকতে ঈদ অনুষ্ঠানের আয়োজন করে

বিমানবন্দর থেকে বেরিয়ে নির্ধারিত গাড়িতে উঠতে যাওয়ার কয়েক মিনিটেই মনে হলো শরীর পুড়ে যাচ্ছে। কিন্তু গাড়ির চালক আমির হোসেন জানালেন, তাপমাত্রা মাত্র ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এটা তো কোনো গরমই নয়। ৫০-এর ওপরে যখন থাকে তখনই বোঝা যায় গরম কাকে বলে। বছর দুয়েক আগে এই শহরে আরেকবার আসার অভিজ্ঞতা হয়েছিল। কাজেই কাতারের উষ্ণ আবহাওয়া সম্পর্কে ধারণা ছিল। গরমের এই তীব্রতার কারণেই মধ্যপ্রাচ্যে ভোর থেকেই কাজকর্ম শুরু হয়। বেলা একটু বাড়লেই বিরতি। বিকেলের পর আবার শুরু হয় কাজ।
আবু হামরে এক বেলা
আগেই ঘোষণা করা হয়েছিল, ৪ অক্টোবর সৌদি আরব, আরব অমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে ঈদুল আজহা পালিত হবে। কিন্তু ঈদের আগের দিন কাতারের রাজধানী দোহা শহর ঘুরে কোথাও কোনো সাজসজ্জা আর ঈদের আবহ চোখে পড়ল না। না দিনে, না রাতে। তাহলে পরের দিন যে ঈদ সেটি বোঝার উপায় কী? পুরো শহরের মধ্যে কোথাও তো একটা গরু-ছাগল-দুম্বা-উটও চোখে পড়ল না। কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শফিউল আজিম জানালেন, এখানে শহরের মধ্যে যেখানে-সেখানে পশু জবাইয়ের কোনো সুযোগ নেই। কোরবানি করা হয় শহরের বাইরে আবু হামর এলাকায়। সেখানেই পশু কেনাবেচা হয়। কেউ কোরবানি দিতে চাইলে সেখানেই দেন।
ঈদের আগের দিন সকালে আবু হামরে গিয়ে দেখা গেল ভেড়া, ছাগল, গরু, উট সার বেঁধে রাখা। ছাগল-ভেড়া-উট যাই হোক, এখানে কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত মূল্য জমা দিয়ে কুপন সংগ্রহ করতে হয়। এরপর ঈদের দিন বা পরের দিন পছন্দের পশু জবাই করা হয়। লাইনে দাঁড়িয়ে আবার কুপন নিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করলে ভেতর থেকে সেটি জবাই এবং মাংস কাটাকুটির কাজ শেষ হয়ে আসবে। নম্বর মিলিয়ে সেটি খুঁজে গাড়িতে করে ফিরতে হয়। অনেকে আবার এসব প্রক্রিয়ায় না গিয়ে কোরবানির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নেন। ফলে ঈদুল আজহায় কাতারের কোনো সড়ক বা কোথাও কোনো রক্ত বা পশুর বর্জ্য চোখে পড়ে না।

ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে কোরবানির পশু
ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে কোরবানির পশু

দেশের স্মৃতি নিয়ে প্রবাসে ঈদ
কাতারের সময় ভোর সাড়ে পাঁচটা। রাজধানী দোহার নাজমা জামে মসজিদে গিয়ে দেখা গেল, তিন থেকে চার হাজার মানুষ। ফজরের নামাজ পড়েই তাঁরা বসে আছেন ঈদের নামাজ পড়ার জন্য। প্রায় সবাই বাংলাদেশি।
কাতারে প্রায় দুই লাখ প্রবাসীর বসবাস। এর মধ্যে বাংলাদেশি অধ্যুষিত একটি এলাকা নাজমা। তাই এখানে এত বাংলাদেশি। সূর্যের আলো ছড়ানোর আগেই ঈদের নামাজ শেষ হলো। নামাজ শেষে শুরু হলো কোলাকুলি। এরপর বেশির ভাগ মানুষ রওনা হয়ে গেলেন নিজ নিজ ক্যাম্প বা বাসার দিকে। কয়েকজন জানালেন, ঈদের দিনও তাঁরা কাজ করবেন। নাজমার বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে দেখা গেল, অন্যদিনের মতোই বাংলাদেশিরা নাশতা করছেন। সেখানেই কথা হলো চাঁদপুরের সাইফুল ইসলামের সঙ্গে। তিনি ১৬ বছর ধরে কাতারে আছেন। স্ত্রী-দুই সন্তান দেশে থাকেন। এবার ভেবেছিলেন দেশে গিয়ে ঈদ করবেন। কিন্তু কাজের ঝামেলায় যেতে পারেননি। সাইফুল বলছিলেন, ‘পরিবার-পরিজন ছাড়া ঈদ কোনো ঈদ নয়। তাই আমাদের ঈদ এখানে একরকম সাদামাটা।’
মৌলভীবাজারের নূর মোহাম্মদ জানালেন, এ দেশে তাঁর বাবা-মা-আত্মীয়স্বজন কেউ নেই। কাজেই তাঁর কাছে ঈদের আনন্দ নেই। তবে ঈদের দিন তিনি বাংলাদেশে পালন করা অতীতের ঈদের স্মৃতিচারণা করেন। প্রায় একই রকম কথা জানালেন কিশোরগঞ্জের সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার মাকসুদ মিয়া, নোয়াখালীর রইছ মিয়াসহ আরও অনেকে। তাঁরা জানালেন, যাঁদের সাধ্য আছে তাঁরা বাড়িতে কোরবানি করার জন্য টাকা দেন।

আবু হামর এলাকায় কোরবানির জন্য রাখা উট
আবু হামর এলাকায় কোরবানির জন্য রাখা উট

বাঙালি আড্ডা
সন্ধ্যার দিকে ন্যাশনাল এলাকায় জমে ওঠে প্রবাসী বাংলাদেশিদের আড্ডা। নাজমার কাছেই একটি বাঙালি ক্যাম্পে ছাগল জবাই হবে শোনা গেল। গিয়ে দেখলাম জীর্ণশীর্ণ একটি বাড়ি। সেখানে গাদাগাদি করে আছেন ৩০-৩৫ জন। এক কোনায় একটি ছাগল বাঁধা।
কেবল ক্যাম্প নয়, কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ীও ঈদের দিন বাড়ির ভেতরে গরু কোরবানি দেন। কাতারে থাকা তাঁদের আত্মীয়স্বজন, বন্ধুরা সকালেই ওই বাড়িতে হাজির হন। সারা দিন সবাই মিলে মাংস কেটে, দুপুরে খাওয়াদাওয়া করেন। চলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়াও।
কাতারের রাজধানী দোহার ন্যাশনাল এলাকা বিখ্যাত বাংলাদেশিদের জমজমাট আড্ডার জন্য। ঈদের আগের দিন অনেক রাত পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের আনাগোনায় মুখর ছিল ন্যাশনাল এলাকা। যদিও প্রবাসীদের কয়েকজন জানালেন, এই এলাকার আড্ডার পরিধি এখন আর আগের মতো নেই। ঈদের দিন সন্ধ্যা সাতটায় ছিল আল আরাবিয়া ইনডোর স্টেডিয়ামে সুপারস্টার ঈদ কনসার্ট।

কাতারে খুব ভোরেই আয়োজন হয় ঈদ জামাত
কাতারে খুব ভোরেই আয়োজন হয় ঈদ জামাত

বাহরাইনের বাঙালি গলিতে ঈদ
ঈদের পরদিন দুপুরের গন্তব্য কাতার থেকে বাহরাইন। দোহা বিমানবন্দরে কথা হলো বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী কুমিল্লার শাহপরান, ব্রাহ্মণবাড়িয়ার সিরাজ মিয়াসহ কয়েকজনের সঙ্গে। তাঁরা জানালেন, ঈদের দিনও তাঁরা বিমানবন্দরে কাজ করেছেন। দুপুরে বাহরাইনে পৌঁছে হাজির হলাম মানামার বাঙালি গলিতে। এখানকার কয়েক শ দোকানমালিকের প্রায় সবাই বাংলাদেশি।
পরদিন ৬ অক্টোবর বাংলাদেশে ঈদ। এই মার্কেটের ইন্টারনেটের দোকানগুলোতে বেশ ভিড় দেখা গেল।
বাহরাইনে প্রায় এক লাখ

বাংলাদেশির বসবাস। প্রবাসীরা জানালেন, এখানে ৪ অক্টোবর সকাল পৌনে ছয়টায় গ্যাল মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক বাংলাদেশিই সেখানে নামাজ পড়েছেন। তবে মানামা, মোহাররাক, রিফা, হিদ—এসব এলাকার বাংলাদেশিরা নিজ নিজ এলাকাতেই নামাজ পড়েছেন। বাহরাইনেও যেখানে-সেখানে পশু জবাইয়ের নিয়ম নেই। তবে এখানকার অনেক প্রবাসীও বাসার গ্যারেজে, রান্নাঘরে পশু জবাই করেছেন। চট্টগ্রামের লোহাগাড়ার শাহাজান মিয়া, সিলেটের নজির মিয়াসহ কয়েকজন আফসোসের সুরে বললেন, এবার নাকি দূতাবাসে ঈদের সে রকম কোনো অনুষ্ঠান হয়নি। তবে ঈদের দিন বিকেলে অনেক প্রবাসী বাংলাদেশি সমুদ্রসৈকতে বেড়াতে গেছেন। ঈদের দিন সন্ধ্যায় বাহরাইনের বিভিন্ন পার্কে ঘুরে বেড়িয়েছেন প্রবাসীরা।
৬ অক্টোবর ছিল বাংলাদেশে ঈদ। এদিন বাহরাইন-প্রবাসী অনেক বাংলাদেশিকেই দেখলাম দেশে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন লোকজনকে। বাঙালি গলির একটি মেসে মাংস রান্নায় ব্যস্ত ছিলেন হোটেলের কর্মচারী আউয়াল। সামান্য আয়োজন কিন্তু তা নিয়েই উৎসাহের কমতি ছিল না আউয়াল আর তাঁর অন্য বাংলাদেশি বন্ধুদের।
বুঝতে কষ্ট হয় না, দূর পরবাসে থাকলেও এসব পরিশ্রমী মানুষের মন পড়ে থাকে দেশে। ধূসর মরুর ঊষর বুকে তঁারা সতত খুঁজে ফেরেন সুজলা–সুফলা বাংলাদেশের স্মৃতি।