কাতারের জনপ্রিয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত কাতারের জনপ্রিয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন। কেমন লাগছে শুনতে? এই নামটির সঙ্গেই জড়িয়ে আছে ধর্মের দোহাই দিয়ে সৃষ্টিশীলতাকে বাধা দেওয়ার সেই পুরোনো কাহিনির সাম্প্রতিক আরেকটি সংস্করণ—একজন প্রবাদপ্রতিম শিল্পী, যিনি নিজের তুলির আঁচড় ছাড়া আর কোনো কিছুকেই ঐশ্বরিক মানতে নারাজ। ধর্মবিশ্বাসের রক্ষক ক্ষুব্ধ গোষ্ঠী, যারা শিল্পীর ধর্মাবমাননার ঘটনায় ক্ষিপ্ত—স্বাধীনতা খর্ব করা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে তাঁর ক্যানভাস, শিল্পী তাই বেছে নিয়েছেন স্বেচ্ছানির্বাসন এবং শুরু করেছেন ঘরহারা এক জীবন। সেই দেশ থেকে দূরে চলে গিয়েছেন, যে দেশ তাঁকে রক্ষা করতে পারে না এবং যার জনগণ পারে না তাঁর প্রশংসা করতে। নির্বাসন, স্বেচ্ছায় হলেও একটি প্রাণহীন স্থান, যেখানে সময় স্থবির এবং যেখানে আপন-ঘর মানে একটি শতচ্ছিন্ন স্মৃতি, তাই তিনি অবাক হন এবং তারপর অবশেষে সবচেয়ে অভাবনীয় স্থান থেকে স্বাধীনতা এসে তাঁর কাছে ধরা দেয়। হারানো ঠিকানার মর্মবেদনা থেকে নিজেকে আবার ফিরে পান এবং একটি নতুন জাতীয়তা গ্রহণ করেন। ভালো, অন্তত কেউ তো বুঝতে পারল নাগরিক হিসেবে এম এফ হুসেন কতখানি মূল্যবান...।সম্ভবত, সাদামাটা কাহিনি হিসেবে বর্ণনাটা একটু বেশি হয়ে গেল। এই গল্প ধর্মাবমাননার কারণে নির্যাতিত হওয়ার এবং অন্য কোনো জায়গা থেকে অযাচিতভাবে ন্যায়বিচার পাওয়ার। হুসেন-নামা, তাঁকে নাগরিকত্ব ত্যাগ করতে দেওয়ার জাতীয় লজ্জা পাশে সরিয়ে রাখলে, আমাদের জানা অন্য শিল্পীদের সমাজচ্যুত হওয়ার কাহিনিগুলোর তুলনায় তেমন বড় কাহিনি নয়। নিশ্চিতভাবেই, হুসেনের চিত্রকর্মের ওপর উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠীর হামলা ক্ষমা করা যায় না এবং বিপন্ন দেব-দেবীর স্বঘোষিত রক্ষকদের শিল্পের সমালোচক হতে দেওয়া কোনো সভ্য সমাজেরই উচিত নয়। রাষ্ট্র হয়তো হুসেনকে বিতাড়িত করেনি; তবে সমাজব্যবস্থা, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে আইনি গোলকধাঁধা, একজন শিল্পীর জন্য একটি অসহনীয় হতাশাবোধ তৈরি করেছে। তাই দুষ্ট লোকদের সঙ্গে থাকার চেয়ে তিনি তুলনামূলক সহনীয় পরিবেশে চলে গেছেন। তাঁকে যন্ত্রণাদানকারীরা হিন্দুত্ববাদের আনুষ্ঠানিক ভাগ্যনিয়ন্তা নয়। তাদের অস্তিত্বও নেই। ইরানের খোমেনির মতো হিন্দুত্ববাদে কোনো একক ব্যক্তি নেই, যিনি বৈদিক চরিত্র কলুষিত করার নিন্দা করবেন। জন্মভূমিতে না ফেরার পথই বেছে নিয়েছেন হুসেন, যা তাঁর দৃষ্টিতে নরকতুল্য। এবং তাঁর নতুন ঠিকানা—বাস্তবতার নিরিখে বলতে চাইলে কোনোভাবেই ধর্ম অবমাননাকারী চিত্রশিল্পী বা তাড়া খাওয়া গল্প-বলিয়ের শেষ আশ্রয় নয়। কাতারের আমির শিল্পীর শিল্পকর্মের একজন খদ্দের এবং হুসেনের কষ্টের উেসর সঙ্গে সেই ডেনিস শিল্পীদের কার্টুনের কোনো মিল নেই। অথবা প্রকাশ্যে হত্যা করা থিও ভ্যানগগের নির্মিত সিনেমার সঙ্গেও এর তুলনা চলে না। কিংবা একে আপনি মেলাতে পারবেন না আইয়ান হিরসি আলীর লেখা বা সালমান রুশদির স্যাটানিক ভার্সেস-এর সঙ্গে। আর এই ঘটনা আমাদের সরাসরি নিয়ে যায় সৃষ্টিশীলতার স্বাধীনতা নিয়ে নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকা বাম-উদারপন্থীদের হা-হুতাশের দিকে। দুই দশক আগে মুসলিম সংখ্যালঘুদের রাজনৈতিক চাপে ভারত যখন প্রথম দেশ হিসেবে স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করে, তখন তারা (নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকা বাম-উদারপন্থী) কোথায় ছিল? ওই সময় পবিত্র গ্রন্থের প্রতি হুমকি সৃষ্টিকারী ওই গ্রন্থটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় আয়াতুল্লাহর (খোমেনি) মতোই উত্সাহী ছিলাম আমরাও। তখন ওই লেখকের পাশে যাঁরা দাঁড়াননি, তাঁরাও লেখকের মাথার জন্য ঘোষিত পুরস্কার অর্জনের প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুত ছিলেন। আর ধর্মের দোহাই দিয়েই তাঁরা এমনটি করেছেন।হা হা! শিল্পের পবিত্রতার কী হবে? মনে রাখবেন, অনেক দিক থেকেই, পুড়তে থাকা বইটি ছিল টাওয়ারে আগুন লাগার পূর্বসংকেত—আঞ্চলিক সীমানা অতিক্রমকারী ধর্মীয় সন্ত্রাস, ফতোয়া থেকে জিহাদ পর্যন্ত। আপনারাই একে কাছে টেনে নিয়েছেন...। আপনারাই আপনাদের পাপের মাসুল গুনছেন। বাম-উদার মুক্তচিন্তার কথা বাতাসে অনেক ভেসেছিল ২১ বছর আগের ভ্যালেন্টাইন ডে-তে এবং নয় বছর আগের সেপ্টেম্বরের সকালে। আফগানিস্তান আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতার জন্য লড়াই এখনো শেষ হয়নি।হুসেনের হয়ে স্বাধীনতার জন্য লড়াই করারও যৌক্তিকতা রয়েছে এবং স্বাধীনতার এই সংজ্ঞা তাঁদের নির্ধারণ করতে দেওয়া উচিত নয়, যাঁরা ধর্মীয় অনুভূতি ও সৃষ্টিশীলতার স্বাধীনতার বিষয়ে একটি নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকেন। কাতারের আমির হয়তো একজন অত্যন্ত প্রতিভাবান নাগরিক পেয়েছেন এবং ‘হামলার আশঙ্কায় থাকা শিল্পের’ নতুন এই ত্রাণকর্তা আর কোনো ধর্মাবমাননাকারীকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে না। আর স্বাধীনতার পক্ষে লড়াইয়ে ভারতের ধর্মনিরপেক্ষতার ধারক আমিররা আরও বেশি সত্ ও সদয় হতে পারতেন। এর মধ্যে নতুন জাতীয়তা নিয়ে ক্লান্ত হয়ে ওঠার আগে আমাদের (ভারতীয়দের) ওই কাতারের চিত্রশিল্পীকে ফিরিয়ে আনা উচিত।(ইন্ডিয়া টুডের সৌজন্যে। অনুবাদ: আরিফ মোহাম্মদ তারেক হাবিব )