কাতালগঞ্জে ৩৬ ভরি স্বর্ণ ও চার লাখ টাকা লুট
নগরের কাতালগঞ্জ শেখ বাহারুল্লাহ মসজিদ এলাকায় ৩ জুন রাতে বড় ধরনের চুরি সংঘটিত হয়েছে। স্থানীয় রশিদ আহমদ চৌধুরীর পাঁচতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। চোরেরা রশিদ আহমদ চৌধুরীর বাসার আলমারি ভেঙে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকা এবং তৃতীয় তলার ভাড়াটে প্রবাসী আবু বক্কর চৌধুরীর বাসা থেকে আনুমানিক ছয় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। জানা যায়, চোরেরা দরজার তালা ভেঙে রাত তিনটায় বাসায় ঢোকে। এ সময় গৃহকর্তা ও পরিবারের কেউ বাসায় ছিলেন না। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা ঘটনাস্থল পরিদর্শন করছেন। ভবনটির দ্বিতীয় তলার বাসিন্দা রশিদ আহমদ চৌধুরীর মেয়ের জামাতা লেয়াকত আলী চৌধুরী বলেন, ‘ডাকাতেরা ডাকাতি করার সময় প্রথম, দ্বিতীয় ও পঞ্চমতলার বাসার দরজায় বাইরের দিক থেকে তালা মেরে দেয়। ফলে সকালে ঘুম ভাঙার পর বেরোতে পারছিলাম না। জানালা দিয়ে রাস্তা থেকে লোক ডেকে এনে ওই তালা ভাঙার পর বাসা থেকে বের হই। পরে চতুর্থ তলায় গিয়ে দেখি, সব তছনছ করে ফেলেছে ডাকাতেরা।’ পাঁচলাইশ থানার উপপরিদর্শক আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ‘মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ ভবন মালিক রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘আমি স্ত্রীকে নিয়ে ৩ জুন সকালে গ্রামের বাড়ি ফটিকছড়ি গিয়েছিলাম। তৃতীয় তলার ভাড়াটেরাও মাদার্শা গিয়েছিলেন জানাজায় অংশ নেওয়ার জন্য।’