কাদা-জল ডিঙিয়ে নৌযাত্রীদের পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে কাচালং নদীর লাল্যাঘোনা ঘাটে সিঁড়ি না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে নৌপথে চলাচলকারী মানুষজন। নৌকায় ওঠানামা করতে গিয়ে যাত্রীদের কাদামাটি ও পানিতে ভিজতে হচ্ছে। ব্যস্ততম এই ঘাট দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও পেশাজীবী যাতায়াত করলেও তাদের ভোগান্তি কমাতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
লাল্যাঘোনা ঘাট দিয়ে পারাপারকারী লোকজন ও নৌকার মাঝিরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। তাঁরা অভিযোগ করে বলেন, রূপকারী ও খেদারমারা ইউনিয়নের মানুষজন উপজেলা সদরে নৌপথে যাতায়াত করে লাল্যাঘোনা ঘাট দিয়ে। কিন্তু ঘাটে কোনো সিঁড়ি না থাকায় প্রতিদিন কাদামাটি ও পানিতে কাপড় নষ্ট হচ্ছে যাত্রীদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। যাতায়াতকারীদের সুবিধার্থে ব্যস্ততম এ ঘাটে সিঁড়ি তৈরির জন্য ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের কাছে একাধিকবার ধরনা দিয়েও লাভ হয়নি বলে জানান ঘাটের মাঝিরা। এখন পর্যন্ত এই ঘাটে নদীর দুই কূলে সিঁড়ি করার উদ্যোগ নেওয়া হয়নি।
ঘাটের মাঝি মো. ইউনূস প্রথম আলোকে বলেন, লাল্যাঘোনা ঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ পারাপার করে। ঘাটে সিঁড়ি না থাকায় প্রায় সময় কাদামাটিতে পড়ে যায় যাতায়াতকারীরা। আমরা বেশ কয়েকবার এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্থা এগিয়ে আসেনি।
বিদ্যালয়ের ছাত্র মো. মিজানুর ইসলাম ও মো. শফিকুল ইসলাম বলে, ঘাটে সিঁড়ি না থাকায় প্রতিদিন দুই থেকে তিনজন শিক্ষার্থী কাদামাটি ও পানিতে পড়ে যায়। তখন তাদের আর বিদ্যালয়ে যাওয়া হয় না। দুই পাড়ে না হলেও অন্তত পূর্ব পাড়ে সিঁড়ি হলে যাতায়াতকারীদের ভোগান্তি কিছুটা লাঘব হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জমির আলী বলেন, ‘আমি নতুন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছি। তিনি সিঁড়ির বিষয়ে আগামী অর্থবছরে বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন। লাল্যাঘোনা ঘাটে সিঁড়ি অত্যন্ত জরুরি। কারণ দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র সহজ পথ লাল্যাঘোনা ঘাট।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘লাল্যাঘোনা ঘাটে যাত্রীদের সমস্যার বিষয়ে আমাকে অনেকে জানিয়েছেন। সিঁড়ি না থাকায় নদী পারাপার করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ লোকজনকে। এ মুহূর্তে বরাদ্দ না থাকায় সিঁড়ি করার জন্য আশ্বাস দিতে পারছি না। ভবিষ্যতে বার্ষিক উন্নয়ন বরাদ্দ এলে লাল্যাঘোনা ঘাটে সিঁড়ি করার উদ্যোগ নেওয়া হবে।’