‘কাদার অবস্থা এমন যে পায়ে হেঁটে চলাও খুব কষ্টকর। বৃষ্টি হলে তো সড়ক আর সড়ক থাকে না। হয়ে যায় চাষের জমি। তখন কাদায় পা আটকে যায়। তারপরও শত দুর্ভোগে আমাদের চলাচল করতে হয়।’ পূজগাং-করল্যাছড়ি সড়কের অবস্থা বর্ণনা করতে গিয়ে এ কথা বলেন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র বিজয় চাকমা। জানা যায়, পানছড়ির যুগেশ্বরপাড়া, দেবমিত্রপাড়া, উদয় শংকরপাড়া, তাবিদাপাড়া, দেবেন্দ্রপাড়া, যুবনাশ্বপাড়া, মঙ্গল ধনপাড়া, বাত্তেপাড়া, আজাছড়ি, দীঘল ছড়িসহ ১৬টি গ্রামের মানুষের একমাত্র সড়ক এটি। আট কিলোমিটারের এ সড়কটির পূজগাং বাজার থেকে মাত্র এক কিলোমিটার গত পাঁচ বছর আগে ইট বিছানো হয়। অবশিষ্ট সাত কিলোমিটার কাঁচাই রয়ে গেছে। ফলে প্রতিবছর বর্ষায় এ সড়কটিতে কাদা-পানিতে একাকার হয়ে যায়। ৩ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো সড়কটি কাদায় ভরপুর। পায়ে হাঁটতেও কষ্ট হচ্ছে। কিছু স্থানে কাদা হাঁটু সমান হবে। এরপরও আশপাশের মানুষ এ সড়ক দিয়ে আসা যাওয়া করছে। যুবনাশ্বপাড়ার বসিন্দা সমীরণ চাকমা ক্ষোভের সঙ্গে বলেন, ‘দিনের পর দিন আমরা দুর্ভোগ পোহালেও এ ব্যাপারে কারো নজর নেই। প্রতিদিন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী এ পথে চলাচল করে। এ ছাড়া হাটের দিন অধিকাংশ বাসিন্দাকে এ সড়ক দিয়ে বাজারে যেতে হয়।’ দেবেন্দ্রপাড়ার শিক্ষক তন্টু চাকমা বলেন, ‘প্রতিবছর হাজার হাজার মেট্রিক টন ধান উৎপাদন ছাড়াও আদা, হলুদ, কচু, সরিষা, মটরসহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপন্ন হয় এখানে। যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়ায় এসব উৎপাদিত ফসল বাজারজাত করা সম্ভব হয় না। সড়কটিতে ইট বিছানো বা পিচ করা হলে গাড়ি চলাচলে সুবিধা হবে। তখন এ অঞ্চলের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করা যাবে। এ প্রসঙ্গে পানছড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, ‘এলাকাবাসীর সুবিধার্থে সড়কটি জরুরি ভিত্তিতে ইট সলিং বা পিচ করা প্রয়োজন। আমি দ্বায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে সড়কটি সংস্কার করা।’ পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘সড়কটি নির্মাণের অর্থ বরাদ্দ চেয়ে প্রধান প্রকৌশলী এলজিইডি, ঢাকা বরাবর আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে কাজ করা হবে।’ পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘জনস্বার্থে সড়কটি নির্মাণ খুবই জরুরি। খাগড়াছড়ি থেকে নির্বাচিত সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরার ডিও লেটারসহ প্রধান প্রকৌশলী এলজিইডি, ঢাকা বরাবরে আবেদন করা হয়েছে। আশা করি চলতি অর্থবছরে সড়কটি নির্মাণ করতে পারব।’