সামান্য বৃষ্টিতে কক্সবাজার পৌরসভার প্রধান সড়কসহ অলিগলিতে কাদা-পানিতে একাকার হয়ে যায়। আর বৃষ্টি যদি বাড়ে তাহলে ডিঙাতে হয় হাঁটুপানি। বিশেষ করে প্রধান সড়কের বাজারঘাটা এলাকার বেহাল দশায় স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ। পৌরসভার এই ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। গত শুক্রবার বিকেলে প্রধান সড়কের বাজারঘাটায় রিকশা উল্টে দুই কলেজছাত্রী আহত হন। এর দুই দিন আগে একটি ভ্যান উল্টে তিন ব্যবসায়ীর কয়েক হাজার ডিম নষ্ট হয়। শহরের বৌদ্ধমন্দির সড়ক, হাসপাতাল সড়ক, বার্মিজ মার্কেটসহ বিভিন্ন উপসড়কেও রিকশা উল্টে প্রতিদিন আহত হচ্ছেন বহু শিক্ষার্থী ও যাত্রী। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মর্জিনা আকতার জানায়, কোচিংয়ের জন্য বৌদ্ধমন্দির সড়ক দিয়ে তাদের প্রতিদিন বিদ্যালয়ে চলাচল করতে হয়। সড়কের দুই পাশের নালা-নর্দমা ভরাট থাকায় সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে। রিকশা বা অটোরিকশা নিয়ে চলাচলের সময় উল্টে শিক্ষার্থীদের কাদা-পানিতে হাবুডুবু খেতে হচ্ছে। নষ্ট হচ্ছে বইপত্র, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র।কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, পাহাড় কাটার ফলে বৃষ্টির পানিতে পাহাড়ি মাটি নেমে এসে শহরের প্রধান সড়কসহ অলিগলির নালা-নর্দমা ভরাট হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতে ভরাট নালা উপচে শহরে জলাবদ্ধতার সৃষ্টি করছে। গত শুক্রবারের বৃষ্টিপাতে শহরের বাজারঘাটা, বৌদ্ধমন্দির সড়ক, আইবিপি রোড, লালদীঘির পাড়, গোলদিঘির পাড়, বড়বাজার, বার্মিজ মার্কেট, কালুর দোকান, রুমালিরছড়াসহ বিভিন্ন অলিগলিতে হাঁটু সমান পানি জমে রয়েছে। ভারী বৃষ্টিপাত হলে প্রধান সড়কের পাশে নিউমার্কেট, এ সালাম মার্কেট, সমবায় সুপার মার্কেট, ঝাউতলা সৈকত সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিকেন্দ্রের সামনে জলাবদ্ধতা দেখা দেয়। কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ জানান, জলাবদ্ধতা এবং রাস্তার ওপর কাদা-মাটি জমে থাকায় ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের ওপর জমে থাকা কাদা সরানো এবং নালা-নর্দমা পরিষ্কারে পৌর কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।দেখা গেছে, শহরের হলিডে মোড় থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত প্রায় চার কিলোমিটার প্রধান সড়কের দুই পাশে পানি চলাচলের নালা প্রশস্ত নয়। যেটি রয়েছে সেটিও ময়লা-আবর্জনা আর পাহাড় কাটার মাটিতে ভর্তি। ফলে সামান্য বৃষ্টির পানিতে শহরের অধিকাংশ জায়গায় জলাবদ্ধতা দেখা দেয়। পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশ সড়কের বিভিন্ন স্থানে কাদা, জলাবদ্ধতা এবং নালা-নর্দমা ভরাটের সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি কয়েক লাখ টাকা খরচ করে শহরের ১৭টি নালা পরিষ্কার ও সংস্কার করা হয়। কিন্তু পাহাড় কাটা অব্যাহত থাকায় তা আবার ভরাট হয়ে যাচ্ছে। এখন ভাঙা সড়ক মেরামত ও সড়কের ওপর জমে থাকা কাদা-মাটি সরানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব জানান, পাহাড় কাটা বন্ধ করা না গেলে পর্যটন শহরের এই অবস্থা লেগেই থাকবে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাহাড় কেটে বহুতল ভবন তৈরির দায়ে কয়েকটি আবাসন প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান ও জরিমানা করেছেন। কিন্তু এর পরও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না।মেয়র-কাউন্সিলরদের শপথ হচ্ছে না সাত মাস। কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ও ১৬ কাউন্সিলর দীর্ঘ সাত মাস ধরে শপথ নিতে পারছেন না। ফলে স্থবির হয়ে পড়েছে পৌরসভার সব উন্নয়ন কর্মকাণ্ড। পৌরসভার নির্বাচিত মেয়র সরওয়ার কামাল জানান, গত ২৭ জানুয়ারি জেলার কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকরিয়া পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলেও ভোটার তালিকায় মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে দাবি করে উচ্চআদালতে মামলা করে শপথ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করা হয়। পরবর্তীকালে আদালতের বাধা দূর হলে গত ৯ মে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান সম্পন্ন করেন। কিন্তু এখনো কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ও ১৬ কাউন্সিলরের শপথ হয়নি।সরওয়ার কামাল বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিতে না পারায় পৌরসভার কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। শহরের নালা-নর্দমা ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সড়কের ওপর কাদা-মাটি জমে থাকায় পথ চলতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক সংস্কার ও যানজট নিরসনের দাবি পর্যটন শহর কক্সবাজারের প্রধান সড়কসহ বিভিন্ন রাস্তাঘাট মেরামত, যানজট নিরসনের জন্য শহর থেকে বিভিন্ন পরিবহন সংস্থার টিকিট কাউন্টারগুলো উচ্ছেদ করে টার্মিনাল স্থানান্তরের দাবিতে গত শুক্রবার সকাল ১০টায় দুই ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদ। বাজারঘাটা এলাকার প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সংগঠনের সভাপতি আহমদ গিয়াস বলেন, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিশেষ উদ্যোগ নিয়ে ফুটপাত জবরদখল মুক্ত করে যানজটের কিছুটা নিরসন করলেও শুধু বাস কাউন্টার থাকার কারণে যানজট থেকে কক্সবাজারকে মুক্ত করা যাচ্ছে না। ভাঙা সড়ক সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, কিছু স্থানে সংস্কার কার্যক্রম চলছে। তবে মূল কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে।