কাদা-পানিতে একাকার সড়ক, হাঁটাও দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি হলেই পানি জমে থাকে চাতরী চৌমুহনী বাজার সড়কে । প্রথম আলো
বৃষ্টি হলেই পানি জমে থাকে চাতরী চৌমুহনী বাজার সড়কে । প্রথম আলো

পানি নিষ্কাশনের পথ নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কে জমে থাকে পানি। আবার বৃষ্টি বন্ধ হলে কাদায় একাকার হয়ে যায় আশপাশ। এ সময় হাঁটাও দায় হয়ে পড়ে। ফলে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও ক্রেতা-বিক্রেতাদের। এমনই দুর্দশা এখন আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের।
জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের ব্যস্ততম বাজার আনোয়ারার চাতরী চৌমুহনী। এ বাজারের ওপর দিয়ে চলে যাওয়া পিএবি সড়ক দিয়ে (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) আনোয়ারা, বাঁশখালী ও চন্দনাইশের বেশির ভাগ মানুষ চট্টগ্রামে যাতায়াত করেন। তা ছাড়া অঞ্চলের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু যোকোনো কেনাকাটা সারেন এখান থেকে। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামের বাজারের বড় শ্রমবাজারও এটি।
ব্যবসায়ীরা জানান, চাতরীর বাজারটি সড়কের ওপর বসার কারণে সেখানে নিত্য যানজট লেগে থাকত। এ জন্য ২০১২ সালে বাজারটি সমপ্রসারণের উদ্যোগ নেয় সওজ। তখন সড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। কিন্তু উচ্ছেদের পরে সমপ্রসারিত অংশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় বর্তমানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বাজারের চারপাশে। আর এতে করে যানবাহনের জন্য অপেক্ষমাণ যাত্রী ও বাজারে আসা ক্রেতাদের কষ্ট বেড়েছে।
বাজারের ব্যবসায়ী আবু জাফর বলেন, এখনো বর্ষা শুরু হয়নি, এর মধ্যেই কাদা-পানিতে একাকার বাজার। বর্ষা এলে তো ব্যবসাপাতি বন্ধ হওয়ার জোগাড় হবে।
আনোয়ারা সদরের অটোরিকশা চালক আবদুর রহমান জানান, কাদার কারণে প্রায় সময় সড়কে গাড়ি আটকে যায়। যাত্রী ওঠা-নামায় ভোগান্তির শেষ নেই।
এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী বলদেব চাকমা বলেন, চাতরীতে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হলেও পানি সরছে না। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখ ফরিদ আহমদ বলেন, চাতরী চৌমুহনী বাজারের পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হবে।