
চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ। মাঝে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল। দূরত্ব মাত্র ১০ মাইল বা ১৬ কিলোমিটারের মতো। তবু এই অল্প দূরত্ব পাড়ি দিতেও নানা ঝক্কি পোহাতে হয় সন্দ্বীপগামী যাত্রীদের। ছোট-বড় নৌযানে কোনোমতে সন্দ্বীপ পৌঁছানো গেলেও তীরে নেমে দীর্ঘ কাদায় ঢাকা পথ পাড়ি দিয়ে মূল সড়কে উঠতে হয় যাত্রীদের।
জানা গেছে, ২০১২ সালের ২৭ ডিসেম্বর এই নৌপথের দুই প্রান্তে নির্মিত জেটি উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান। প্রায় ২৮ কোটি টাকায় দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হয়। জেটিতে যাত্রী ওঠানামার সিঁড়িও রাখা হয়। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এই জেটি নির্মাণ করে। চট্টগ্রামের সীতাকুণ্ড অংশে যাত্রীরা জেটি ব্যবহার করতে পারলেও সন্দ্বীপ অংশে এই জেটি ব্যবহৃত হচ্ছে না। সন্দ্বীপের গুপ্তছড়া অংশে যাত্রীরা এখনো কাদা মাড়িয়েই পাড়ে উঠছেন। ভাটার সময় পানি অনেক কমে যাওয়ায় প্রায় দেড় থেকে দুই শ গজ কাদায় ঢাকা পথ পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের।
সম্প্রতি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট ঘুরে দেখা গেছে, যাত্রীরা নৌ-যান থেকে নেমে কাদা মাড়িয়ে তীরের দিকে রওনা দিয়েছেন। বৃদ্ধ বা অসুস্থ লোকজনকে কাঁধে করে পেঁৗছে দেওয়ার ব্যবস্থাও আছে। নৌকা থেকে নেমে কুলিদের এক শ টাকা দিলে তাঁরা বহন করে নিয়ে যাচ্ছেন বয়স্ক মানুষজনকে। তবে কয়েকজন যাত্রী জানালেন জোয়ারের সময় স্পিডবোটে এলে কাদা মাড়াতে হয় না। তবে ভাটার সময় যাত্রীদের এমন ঝক্কি পোহাতেই হয়।
সন্দ্বীপে নিয়মিত যাতায়াত করেন ঢাকায় একটি মন্ত্রণালেয় কর্মরত ও সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়নের বাসিন্দা নুরুল আকতার। যাতায়াতের ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ কণ্ঠে প্রথম আলোকে তিনি বলেন, ‘কাদামাটির ভয়ে সন্দ্বীপ আসতেই ইচ্ছে করে না। অথচ সন্দ্বীপে আমার বাবা-মাসহ সবাই আছেন। কুমিরা ঘাটে জেটিটি ঠিক আছে। গুপ্তছড়া ঘাটের জেটি ঠিক না হওয়া পর্যন্ত যাত্রীদের কষ্ট ঘুচবে না।’ নুরুল আকতার জানান, গ্রীষ্ম ও বর্ষায় সন্দ্বীপ চ্যানেল উত্তাল থাকে। ওই সময় নারী ও শিশুদের জন্য ভ্রমণ অনেক বিপজ্জনক হয়ে ওঠে।
এ বিষয়ে কথা হয় সন্দ্বীপ থেকে নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, কুমিরা ঘাট অনেক মজবুত হয়েছে বলে ওই পাড় থেকে যাত্রীদের ওঠানামায় সমস্যা হয় না। তবে গুপ্তছড়া ঘাটটি উদ্বোধনের আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আসলে সন্দ্বীপ চ্যানেলে ভাঙনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই নতুন জেটি নির্মাণ করা ছাড়া সন্দ্বীপবাসীর দুঃখ ঘোচার সম্ভাবনা নেই।’
সাংসদ মাহফুজুর রহমান বলেন, ‘গুপ্তছড়া এলাকায় জেটি নির্মাণের জন্য প্রক্রিয়া চলছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সন্দ্বীপ এসে ঘাটের দুর্দশার চিত্র দেখেছেন। ইতিমধ্যে জেটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবের খসড়া তৈরি হয়েছে। সব মিলিয়ে ৭৭ কোটি টাকার প্রয়োজন হবে। একনেকে প্রকল্পটি অনুমোদন হলে জেটির নির্মাণকাজ শুরু হবে।’
সন্দ্বীপ পৌর এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান, বর্ষাকাল এলেই গুপ্তছড়া ঘাট ক্ষতিগ্রস্ত হয়। এবারও বর্ষার আগেই উত্তাল ঢেউয়ে ঘাটের ক্ষতি হয়েছে। ঘাটের ইজারাদার বা জেলা পরিষদ কর্তৃপক্ষ আপাতত একটি ভাসমান সেতু বানিয়ে দিলে যাত্রীদের কাদা মেখে ওঠানামা করতে হবে না।
ঘাটের একাধিক যাত্রী জানান, মাস তিনেক আগেও গুপ্তছড়া ঘাটে কাঠের সেতু ছিল। ওই সময় কাদামাটি না মেখেই যাত্রীরা স্পিডবোট ও স্টিমারে ওঠানামা করতে পারতেন। কয়েক সপ্তাহ আগে সেই সেতু সন্দ্বীপ চ্যানেলে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে।
গুপ্তছড়া ঘাটের ইজারাদার ও মগধারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন জানান, সাধারণ যাত্রীদের কষ্ট দূর করতে ভাসমান সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তিনি বলেন, ঘাটে বালুর বস্তা ফেলা হলে কাদামাটি এড়ানো যাবে। ভাসমান সেতু নির্মাণ ও বালুর বস্তা ফেলে দুর্ভোগ কমানোর চিন্তা আছে।